স্যামির পাশে রিচার্ডস
টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল জিতেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সমালোচনা করেছিলেন ড্যারেন স্যামি। বেতন নিয়ে বোর্ডের সঙ্গে মতভেদ নিয়ে ক্যারিবীয় অধিনায়কের এ সমালোচনার পক্ষে-বিপক্ষে অনেক কথাই শোনা যাচ্ছে। তবে স্যামির পাশে দাঁড়িয়েছেন ক্যারিবীয় কিংবদন্তি ভিভ রিচার্ডস।
গত বুধবার অ্যান্টিগা অবজারভারকে ভিভ বলেছেন, ‘যা করার দরকার ছিল, স্যামি তাই করেছে। ওর কথা শুনেই বুঝতে পারবেন, যা বলেছে সেটা মন থেকেই বলেছে।’ স্যামির বক্তব্যকে সমর্থনও জানাচ্ছেন কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক, ‘ড্যারেন স্যামিকে যারা চেনে, সবাই জানে মানুষ হিসেবে ও কেমন, কীভাবে শুরু থেকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে নেতৃত্ব দিয়ে আসছে। ওর নিবেদনটাও বোঝা যায়। আমি খুব খুশি যে ও বুক থেকে বোঝাটা নামিয়ে দিতে পেরেছে।’ আইএএনএস।
একই দিনে জ্যামাইকার ক্রীড়ামন্ত্রী অলিভিয়া গ্রাঞ্জও বাদ-বিসম্বাদ দূরে সরিয়ে বোর্ড-খেলোয়াড়দের একটা সমঝোতায় আসার আহ্বান জানিয়েছেন। বিশ্বকাপে ক্যারিবীয় দলে জ্যামাইকান দুই খেলোয়াড় মারলন স্যামুয়েলস ও জেরোম টেলরকে অভিনন্দন জানাতে গিয়ে গ্রাঞ্জ বলেছেন, ‘একজন ভালো অভিভাবকের মতো ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের উচিত এমনভাবে নিজেদের অবস্থান ঠিক করা, যাতে খেলোয়াড়েরা সংস্থাটিকে অভিভাবক হিসেবে দেখে, অ্যাকিলিস হিল হিসেবে নয়। খেলোয়াড়দেরও জানা উচিত, পরীক্ষার আগে কোনো বাচ্চার ইচ্ছে পূরণ না করার মানে এই নয় যে, বাবা-মা তাদের যত্ন নেয় না কিংবা তাদের পরীক্ষায় খারাপ করতে দেখতে চায়।’