স্যামির সঙ্গে কুড়ি-২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কী হে বন্ধু! অনুশীলনের আগে তামিম ইকবাল-ড্যারেন স্যামি মেতে উঠলেন খুনসুটিতে। দুজনের এই ছবিতে সৌহার্দ্যের বার্তা থাকলেও আজ ঠিকই তাঁরা মাঠে নামবেন একে অপরকে হারাতে। কাল বিসিবি একাডেমি মাঠে l শামসুল হক
কী হে বন্ধু! অনুশীলনের আগে তামিম ইকবাল-ড্যারেন স্যামি মেতে উঠলেন খুনসুটিতে। দুজনের এই ছবিতে সৌহার্দ্যের বার্তা থাকলেও আজ ঠিকই তাঁরা মাঠে নামবেন একে অপরকে হারাতে। কাল বিসিবি একাডেমি মাঠে l শামসুল হক

টি-টোয়েন্টির সবচেয়ে সফল অধিনায়ক তিনি। তাঁর নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে দুবার। রাজশাহী কিংসের হয়ে ড্যারেন স্যামি রাঙাচ্ছেন এই বিপিএলও। মাঠে-মাঠের বাইরে সারাক্ষণ মাতিয়ে রাখছেন সতীর্থদের। কাল বিসিবি একাডেমি মাঠে ক্যারিবীয় অলরাউন্ডারের সাক্ষাত্কারটাও হলো টি-টোয়েন্টি ধাঁচের।

১. ক্রিকেটার হওয়ার অনুপ্রেরণা পেয়েছেন কোত্থেকে?

ড্যারেন স্যামি: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট থেকে।

২. এখন পর্যন্ত আপনার সবচেয়ে স্মরণীয় পারফরম্যান্স?

স্যামি: টেস্ট অভিষেক (২০০৭ সালের জুনে ইংল্যান্ডের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ড টেস্টে দ্বিতীয় ইনিংসে ৬৬ রানে ৭ উইকেট)।

৩. ক্যারিয়ারের সেরা অর্জন?

স্যামি: দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা।

৪. সবচেয়ে বড় হতাশা কোনটি?

স্যামি: না, কোনো হতাশা নেই।

৫. একদিনের জন্য যদি অন্য কোনো ক্রিকেটার হতেন, তবে কে হতেন?

স্যামি: ব্রায়ান লারা।

৬. আপনার দেখা সবচেয়ে সুন্দর জিনিস বা মানুষ?

স্যামি: আমার স্ত্রী।

৭. নিজেকে এক শব্দে বর্ণনা করুন।

স্যামি: মুখটা সব সময়ই হাসিখুশি।

৮. কোন জিনিসটা সবচেয়ে বেশি ঘৃণা করেন?

স্যামি: মানুষের চিত্কার-চেঁচামেচি।

৯. ক্রিকেটাঙ্গনে সবচেয়ে প্রিয় বন্ধু কে?

স্যামি: বেশ কয়েকজন আছে, তাদের নাম বলে বিপদে পড়তে চাই না!

১০. আপনার প্রিয় মাঠ কোনটি?

স্যামি: বোশেজো, এখন যেটার নাম ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম (সেন্ট লুসিয়া)।

১১. সংগীতপ্রিয় মানুষ আপনি, তা কাদের গান শুনতে বেশি পছন্দ করেন?

স্যামি: বেশ কয়েকজন আছে। বব মার্লে, শন পল এবং আর কেলি।

১২. প্রিয় ফিকশনাল হিরো কে?

স্যামি: আহ! অবশ্যই সুপারম্যান।

১৩. চলচ্চিত্রে আপনার চরিত্রে কাকে অভিনয় করতে দেখলে খুশি হবেন?

স্যামি: উইল স্মিথ কিংবা ডেনজেল ওয়াশিংটন।

১৪. বাংলাদেশের কোন জিনিসটা সবচেয়ে ভালো লাগে?

স্যামি: এখানকার মানুষ।

১৫. যদি ক্রিকেটার না হতেন তবে কী হতেন?

স্যামি: সম্ভবত পাদরি।

১৬. স্বপ্নের ডিনার পার্টিতে কোন তিনজনকে আমন্ত্রণ জানাবেন?

স্যামি: অবশ্যই আমার স্ত্রীকে আসতে বলব। নিমন্ত্রণ করব যিশুখ্রিষ্ট, নেলসন মেন্ডেলা কিংবা হ্যালি বেরিকে।

১৭. ক্রিকেটের বাইরে প্রিয় খেলা ও খেলোয়াড় কে?

স্যামি: প্রিয় খেলা টেবিল টেনিস। প্রিয় খেলোয়াড় রজার ফেদেরার ও উসাইন বোল্ট।

১৮. আপনার দৃষ্টিতে সবচেয়ে ভয়ংকর ক্রিকেটার কে?

স্যামি: ক্রিস গেইল।

১৯. ক্যারিয়ারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী ছিল?

স্যামি: ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্ব পাওয়া।

২০. চার বছরে দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার রহস্যটা কী?

স্যামি: রহস্য কী? ঈশ্বর আমার দলে ছিল!