স্যামির সঙ্গে পারল না খুলনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমনই সব শটে দলকে জয় এনে দিয়েছেন স্যামি। ছবি: শামসুল হক।
এমনই সব শটে দলকে জয় এনে দিয়েছেন স্যামি। ছবি: শামসুল হক।

মেহেদী হাসান মিরাজের প্রথম বলটি মিড উইকেট দিয়ে গ্যালারিতে আছড়ে ফেললেন নিকোলাস পুরান। পরের বলটিও প্রায় ওই দিক দিয়েই পার হলো সীমানা। তৃতীয় বলেও ছক্কা হাঁকাতে গেলেন পুরান। কিন্তু দানে দানে তিন দান হলো না, এবার ড্যারেন স্যামির হাতে ক্যাচ হয়ে ফিরলেন পুরান। ওই স্যামির কাছেই হেরে গেল খুলনা টাইটানস। খুলনাকে ৯ রানে হারিয়ে চতুর্থ জয় পেল রাজশাহী কিংস।

পুরানের ওই আউটেই ম্যাচের মোড় ঘুরে গেল আজ। এর আগে ১৫৪ তাড়া করতে নেমে দুরন্ত গতিতে ছুটছিল খুলনা। ১৪তম ওভারে ১০১ রানে পুরান আউট হতেই পথ হারিয়ে ফেলল খুলনা। পরের ওভারেই ফিরলেন অধিনায়ক মাহমুদউল্লাহ। এরপর তো সেই পুরোনো রোগ, স্লগ ওভারে দ্রুত রান তুলতে না পারার ব্যর্থতায় ৪ উইকেট হাতে রেখেও ১৪৫ রানেই থামল পুরান।
অথচ অনেক দিন পর পাওয়ার প্লেতে বলের চেয়ে বেশি রান করেছিল খুলনা। ইনিংসের প্রথম বলে রিকি ওয়েসেলসের চার দিচ্ছিল অন্য ইঙ্গিত। ওয়েসেলস (৩৬), মাহমুদউল্লাহ (৩৩) ও পুরানের (১২ বলে ২৮) ব্যাটে ১৩ ওভারে ১০০ রান করে জয়ের পথেই ছিল তারা। কিন্তু মিরাজের পর রাজশাহীর অন্য বোলাররাও দারুণ বল করে ম্যাচ ঘুরিয়ে দিলেন।
এর আগে রাজশাহী দেড় শ পেরিয়েছে অধিনায়ক স্যামির ব্যাটে। ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা দলটিকে একাই টেনে নিয়েছেন তিনি। ৪টি চার ও ৫ ছক্কায় ৩৪ বলে ৭১ রান করা স্যামির পর দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান জুনায়েদ সিদ্দিকীর।