স্যামির সতীর্থেরা জানতেন না

>ড্যারেন স্যামির কয়েকজন সাবেক সতীর্থ জানালেন তাঁদের জানা নেই ওই ঘটনা। তবে ইরফান পাঠানের দাবি ভারতীয় ক্রিকেট অল্পবিস্তর বর্ণবাদ সব সময়ই আছে
ভারতের আইপিএল খেলতে গিয়ে বর্ণবাদী শ্লোগান শুনেছেন ড্যারেন স্যামি। ওয়েস্ট ইন্ডিজের টি–টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়কের এমন দাবিতে তোলপাড় ক্রিকেট বিশ্ব। স্যামির দাবি সানরাইজার্স হায়দরাবাদে খেলার সময় তাঁকে ও শ্রীলঙ্কান সতীর্থ থিসারা পেরেরাকে 'কালু' ডাকত দর্শকেরা। কালু শব্দটার মানে যে কালো সেটি নাকি মাত্রই জেনেছেন স্যামি। আর জেনেই সরব হয়েছেন প্রতিবাদে।
স্যামির কয়েকজন হায়দরাবাদ–সতীর্থ অবশ্য দাবি করলেন তাঁদের এমন ঘটনা জানা নেই। এদের একজন পার্থিব প্যাটেল। ভারতের এই উইকেটকিপার ব্যাটসম্যানের দাবি তিনি এমন কিছু শোনেননি, 'আমি মনে করতে পারছি না এমন কোনো শব্দ শুনেছি।'
ভারতের সাবেক ব্যাটসম্যান ও অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের বর্তমান পরিচালক বেনুগোপাল রাও–ও হাঁটলেন নিরাপদ পথে, 'আমি ঠিক নিশ্চিত নয়। এরকম কিছু জানা নেই।'
ভারতের সাবেক অলরাউন্ডার ও স্যামির আরেক সাবেক সতীর্থ ইরফান পাঠানও জানালেন তিনিও এমন কিছু শোনেননি। তবে টেস্ট ক্রিকেটে প্রথম ওভারেই হ্যাটট্রিকের কীর্তি আছে যার সেই ইরফানের দাবি ভারতের ঘরোয়া ক্রিকেটে এধরণের ঘটনার অভাব নেই, 'আমি তাঁর (স্যামি) সঙ্গে ২০১৪ সালে খেলেছি। আমার মনে হয় এমন কিছু ঘটলে সে সময়ে এনিয়ে আলোচনা হতোই। যেহেতু তখন কোনো কথা হয়নি তাই ব্যাপারটা আমার জানা ছিল না। তবে এটা বলতেই হচ্ছে আমাদের লোকজনকে একটু আদবকেতা শেখানো উচিৎ। কারণ ঘরোয়া ক্রিকেটে এগুলো (বর্ণবাদী মন্তব্য) দেখেছি আমি।'
পাঠান ভাইদের ছোটজন উদাহরণও দিয়েছেন এমন ঘটনার, 'আমাদের দক্ষিণের কিছু ক্রিকেটার উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলে গেলে এমন ঘটনার মুখোমুখি হয়। আমি কারও নাম বলতে চাই না। তবে মানুষ বর্ণবাদী এমনটা বলতে চাই না। কেউ হয়তো অতি উৎসাহী হয়ে অথবা মজার কিছু বলতে গিয়ে এমন ঘটনা ঘটিয়ে ফেলে। মাঝেমধ্যেই তা সীমা ছাড়িয়ে ফেলে।'
ভারতীয় ক্রিকেট বোর্ডের নামপ্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন স্যামি আনুষ্ঠানিক অভিযোগ করলে তাঁরা তদন্ত করতে প্রস্তুত আছেন, 'স্যামির ওই সময়েই অভিযোগ করা উচিৎ ছিল। সে অবশ্য চাইলে এখনো আনুষ্ঠানিক অভিযোগ করতে পারে। দরকার হলে বোর্ড তদন্ত করবে।'
স্যামির অবশ্য সে সময়ে অভিযোগ করার কোনো কারণই ছিল না। স্যামি তো স্বীকারই করেছেন কালু শব্দটাকে ভালো কিছুই মনে করতেন তিনি।