স্যামুয়েলসের কাছে হারল অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিফটির পর মারলন স্যামুয়েলস
ফিফটির পর মারলন স্যামুয়েলস

‘অস্ট্রেলিয়া ক্রিকেট দলের মান এটা নয়, আমরা অস্ট্রেলিয়ার মতো ফিল্ডিং করিনি’—স্টিভ স্মিথের অনুযোগটি সত্য। সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সত্যিকার অর্থেই অস্ট্রেলিয়ার দেখা মেলেনি। কিন্তু এটাই তাদের হারের কারণ, সেটি বলা যাচ্ছে না। সে সুযোগ দিচ্ছেন না মারলন স্যামুয়েলস।
ব্যাট করতে নেমেছিলেন ১৪তম ওভারে। ২১তম ওভার পর্যন্ত যেন খানিকটা আধো ঘুম আধো জাগরণে পার করলেন। একটা সময় ২৪ বলে মাত্র ১১ রান ছিল তাঁর। ২২তম ওভারে মিচেল মার্শের বলে লং অন দিয়ে ওয়ানডে ক্যারিয়ারের শততম ছক্কা মেরে জেগে উঠলেন স্যামুয়েলস। পরের ছক্কাটি অবশ্য এল ইনিংসের ৪১তম ওভারে। অ্যাডাম জামপার প্রথম বলে লং অফ দিয়ে ছক্কা। ছক্কা পরের দুই বলেও। চতুর্থ বলেই রান আউট স্যামুয়েলস!
অবশ্য এর আগেই ম্যাচ শেষ করে দিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ান ফিল্ডারদের বদান্যে পাওয়া জীবন কাজে লাগিয়ে দুই ওপেনার ৭৪ রানের ভিত্তি গড়ে দিয়েছিলেন। স্যামুয়েলস ও ড্যারেন ব্রাভো সে ভিত্তি কাজে লাগিয়েছেন দারুণভাবে। ৮২ রানের জুটির পর ব্রাভো ফিরলেও অন্য প্রান্তে রয়ে গেছেন স্যামুয়েলস। এর মধ্যে ২৭ থেকে ৩৪ ওভারের প্রতিটিতে একটি করে চার মেরেছেন তিনি।
৮৭ বলে ৯২ করা স্যামুয়েলস ফেরার পরই আবারও ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের ভগ্নদশা। বাকি ২৬ রান নিতেই ২ উইকেট হারিয়ে ফেলে তারা। শেষ পর্যন্ত ২৬ বল ও ৪ উইকেট হাতে রেখে জয়ী স্বাগতিকেরা।
পরশু স্যামুয়েলসের আগে নড়বড়ে নব্বইয়ে রান আউট হয়েছেন উসমান খাজাও। ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতিতে ওপেনিংয়ে উঠে আসা খাজা আউট হয়েছেন ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি থেকে ২ রান দূরে থেকে। তাঁর ৯৮, স্মিথের ৭৪ ও জর্জ বেইলির ৫৫ রানই অস্ট্রেলিয়াকে ২৬৫ রানের স্কোর এনে দিয়েছিল। আগের ম্যাচেও সেন্ট কিটসের উইকেটে ডেথ ওভারে রান নেওয়াটা কঠিন মনে হওয়ায় এটাকেই তখন বড় স্কোর মনে হচ্ছিল।
কিন্তু স্যামুয়েলস তো ম্যাচটা ওই পর্যন্ত নিতেই দিলেন না। এএফপি।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৬৫/৭ (খাজা ৯৮, স্মিথ ৭৪, বেইলি ৫৫; পোলার্ড ২/৩২, হোল্ডার ২/৪৪, ব্রাফেট ২/৬০)। ওয়েস্ট ইন্ডিজ: ৪৫.৪ ওভারে ২৬৬/৬ (স্যামুয়েলস ৯২, চার্লস ৪৮, ব্রাভো ৩৯; জামপা ২/৬০, কোল্টার-নাইল ২/৬৭)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মারলন স্যামুয়েলস।