স্যামুয়েলসের কাঠগড়ায় তিন পক্ষই
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে সম্পর্কে টানাপোড়েন আর নিজেদের অভ্যন্তরীণ সমস্যা—সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের আগামী বিশ্বকাপে খেলা নিয়েই সৃষ্টি হয়েছে সংশয়। তবে ২০১৫ বিশ্বকাপের আয়োজক কমিটির প্রধান নির্বাহী জন হার্নডেন নিঃসংশয় যে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে খেলবে, ‘বিশ্বকাপ শুরু হতে এখনো ১০৮ দিন বাকি। আমাদের দিক থেকে আমরা একদমই নিশ্চিত, ওয়েস্ট ইন্ডিজ খেলবে এবং দর্শকদের বিনোদন দেবে, যা একমাত্র তারাই দিতে সক্ষম।’
ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের মধ্যে বিনোদনদায়ী হিসেবে ‘মারলন স্যামুয়েলস’ সম্ভবত একটু কম নম্বর পাবেন। সেঞ্চুরির পর ধীরলয়ে হেলমেট খোলেন, উইকেটপ্রাপ্তিতে তাঁর শান্ত উদ্যাপন। গ্যাংনামের সঙ্গে নাচ দূরে থাক, তাঁর হাসিমুখই তো তেমন দেখা যায় না। এই স্যামুয়েলসই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এই দুঃসময়ে সবচেয়ে বেশি সরব। কাল ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে উদ্ভূত পরিস্থিতির জন্য দায়ী করেছেন তিন পক্ষকেই—ক্যারিবীয় ক্রিকেটারদের সংগঠন (ডব্লুআইপিএ), ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়দের।
মূলত দোষটা ডব্লুআইপিএ সভাপতি ওয়াভেল হাইন্ডসের কাঁধেই চাপাচ্ছেন স্যামুয়েলস, ‘আপনি যদি পরিস্থিতি দেখেন, তাহলে সবকিছুর জন্য দায়ী ডব্লুআইপিএ। সভাপতি ওয়াভেল হাইন্ডসই সবকিছু তছনছ করে দিয়েছে। সে-ই এখানে আসল সমস্যা। ও যা করেছে তাতে খেলোয়াড়েরা খুবই বিপর্যস্ত।’ দায়টা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডেরও দেখছেন স্যামুয়েলস, ‘ডব্লুআইসিবি প্রেসিডেন্টের (ডেভ ক্যামেরন) উচিত ছিল একটি ফ্লাইট নিয়ে ভারতে চলে আসা এবং সবার সঙ্গে আলোচনায় বসা। ওখানে না এসে, ক্যারিবিয়ানে বসে খেলোয়াড়দের সঙ্গে কথা বলা কোনো সমাধানের পথ হতে পারে না।’
শুধু এই দুই পক্ষ নয়, স্যামুয়েলসের বাক্যবাণে বিদ্ধ খেলোয়াড়েরাও। এক সপ্তাহও যায়নি, এই নিয়ে দ্বিতীয়বার ডোয়াইন ব্রাভোর সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়ে পড়লেন স্যামুয়েলস। আগের এক সাক্ষাৎকারে বিভিন্ন মিটিংয়ে স্যামুয়েলস তাঁর উপস্থিত না থাকার কথা বলেছিলেন। জবাবে ব্রাভো বলেছিলেন, স্যামুয়েলস নাকি অধিকাংশ মিটিংয়েই উপস্থিত ছিলেন। এমনকি দলের যেকোনো সিদ্ধান্তের সঙ্গেই তাঁর একমত থাকার কথাও জানিয়েছিলেন। কাল প্রত্যুত্তরে স্যামুয়েলস বলছেন, ‘আমি মোটেও বলিনি যেকোনো সিদ্ধান্তের সঙ্গে একমত থাকব।’ এএফপি, ক্রিকইনফো।