স্যামুয়েলসের দুঃস্বপ্নের সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারসাম্য হারিয়ে পড়ে আছেন ব্রাফেট, ওদিকে কী করবেন দিশেহারা স্যামুয়েলস! কাল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এই নাটকের শেষ হয়েছে স্যামুয়েলসের অদ্ভুতুড়ে রান আউটে l ক্রিকইনফো
ভারসাম্য হারিয়ে পড়ে আছেন ব্রাফেট, ওদিকে কী করবেন দিশেহারা স্যামুয়েলস! কাল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এই নাটকের শেষ হয়েছে স্যামুয়েলসের অদ্ভুতুড়ে রান আউটে l ক্রিকইনফো

আগের ৮ ইনিংসে ৬১ রান, সর্বোচ্চ ১৯! প্রায় দুঃস্বপ্নের মতো একটা সময় কাটছে মারলন স্যামুয়েলসের। কাল সিডনিতে যখন ব্যাট হাতে নামেন, দল ২ উইকেটে ১০৪। খুব বেশি চাপ তাই ছিল না। স্যামুয়েলসের সামনে সুযোগ ছিল, নির্ভার খেলে নিজের বাজে সময়টা পেছনে ফেলার। সেটা তো ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান করতে পারলেনই না, উল্টো অদ্ভুত এক রান আউটে দলকে চাপে ফেলে দিলেন, নিজেও পড়ে গেলেন বিব্রতকর এক অবস্থায়!
ঘটনাটি ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ৪২তম ওভারে। স্যামুয়েল ব্যাট করছিলেন ৪ রানে। নাথান লায়নের ওভারের তৃতীয় বলটি ব্যাকওয়ার্ড পয়েন্টে ঠেলে দিয়েই দৌড় দিলেন। কিন্তু কয়েক পা এগিয়েই থেমে গেলেন সিদ্ধান্তহীনতায়। তারপর আবারও দৌড়! ওদিকে অন্য প্রান্তে থাকা ক্রেইগ ব্রাফেট দৌড় শুরু করতেই ভারসাম্য হারিয়ে হাত থেকে ব্যাট ফেলে দিলেন। তারপর উঠে ফিরে গেলেন নিজের প্রান্তে! স্যামুয়েলস তখনো মাঝ পিচে দাঁড়িয়ে, উল্টো দিকে ফিরে যাওয়ার চেষ্টা করবেন কি না ভাবতে ভাবতেই জশ হ্যাজলউডের থ্রো থেকে তাঁকে রানআউট করে দিলেন উইকেটকিপার পিটার নেভিল। আর কী কপাল! ঠিক তখনই নামল বৃষ্টি। ওই বলে আউট না হলে অপরাজিত থেকেই ড্রেসিংরুমে ফিরতে পারতেন স্যামুয়েলস!
সর্বশেষ ৯ টেস্ট ইনিংসে স্যামুয়েলসের রান ৬৫! ক্যারিয়ারে এমন দুঃস্বপ্নের মধ্য দিয়ে আর যেতে হয়নি কখনো। কাছাকাছি থাকবে ২০০৩ সালের এপ্রিল থেকে ২০০৫-এর নভেম্বর পর্যন্ত সময়টা। ওই সময়ে টানা ৮ ইনিংসে কোনো ফিফটি ছিল না, সব মিলিয়ে করেছিলেন ৭৯! ক্রিকইনফো।