স্লেজিং নিয়ে সতর্কবার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আউট হয়ে যাওয়া ব্যাটসম্যানের দিকে তাকিয়ে বোলার-ফিল্ডারদের উল্লাস। তারপর তাঁকে ড্রেসিংরুমের পথ দেখিয়ে দেওয়া। ক্রিকেটের এই ‘সেন্ড-অফ’ স্লেজিংয়েরই একটা রূপ। ক্রিকেট মাঠে এটা নতুন কোনো দৃশ্য নয়। কখনো সেটা সীমার মধ্যে থাকে, কখনো মাত্রা ছাড়িয়ে যায়। আর মাত্রা ছাড়িয়ে গেলেই তৈরি হয় অপ্রীতিকর পরিবেশ। আগামীকাল থেকে শুরু অ্যাশেজকে কেন্দ্র করে স্লেজিংবিষয়ক নানা কথাবার্তা চলছে, আর সেখানে ঘুরেফিরে আসছে এই সেন্ড-অফ প্রসঙ্গও। অপ্রীতিকর পরিবেশ যাতে তৈরি না হয় সে জন্য সেন্ড-অফের ক্ষেত্রে এবার কঠোর অবস্থান নিচ্ছে আইসিসি। ম্যাচ রেফারিদের নির্দেশ দেওয়া হচ্ছে, সেন্ড-অফের ঘটনায় কড়া শাস্তিমূলক ব্যবস্থা নিতে। যা শুধু আর্থিক জরিমানায় সীমাবদ্ধ না থেকে যেতে পারে নিষেধাজ্ঞা পর্যন্ত।
কাল কার্ডিফে শুরু অ্যাশেজের প্রথম টেস্ট। তার আগে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিস্টার কুক ও মাইকেল ক্লার্কের সঙ্গে আচরণবিধি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছেন ম্যাচ রেফারি রঞ্জন মৃদুগালে। ধারণা করা হচ্ছে, সেন্ড-অফের ঘটনার ক্ষেত্রে কড়া শাস্তির কথাটা এই প্রাক-সিরিজ বৈঠকেই দুই অধিনায়ককে জানিয়ে রাখবেন আইসিসির সর্বজ্যেষ্ঠ এই ম্যাচ রেফারি।
নতুন কিছু না হলেও সাম্প্রতিককালে ক্রিকেটে সেন্ড-অফের ঘটনা বেশ বেড়েছে। এমনকি বিশ্বকাপের ফাইনালেও নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ও গ্রান্ট এলিয়টের সঙ্গে এই আচরণের জন্য বেশ সমালোচিত হয়েছেন অস্ট্রেলিয়ান উইকেটকিপার ব্র্যাড হাডিন। বিশ্বকাপের পর আইসিসির ক্রিকেট কমিটি তাদের প্রতিবেদনেও এ বিষয়ে ম্যাচ রেফারিদের আরও কঠোর হওয়ার পক্ষে মত দিয়েছে। শুধু জরিমানার বদলে এ ধরনের অভিযোগে নিষেধাজ্ঞার সুপারিশও করেছে আইসিসির ক্রিকেট কমিটি। সেই সুপারিশ যে অ্যাশেজ থেকে কার্যকর হতে পারে সিডনি মর্নিং হেরাল্ডকে পরশু সেই আভাস দিয়েছেন আইসিসির এক মুখপাত্র, ‘এ ধরনের ঘটনা এবার ম্যাচ রেফারিরা খুব গুরুত্ব সহকারে দেখবেন, কারণ আমরা দেখেছি, এসব ঘটনা পরে অনেক বড় আকার ধারণ করে।’
শুধু সেন্ড-অফ নয়, যেকোনো স্লেজিংয়ের ব্যাপারেই এবার একটু কড়া অবস্থান নিচ্ছে আইসিসি। যেটা খুব একটা পছন্দ করছেন না অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। গত ১৮ মাসেই দুবার মাঠে ও মাঠের বাইরে অশোভন মন্তব্যের দায়ে জরিমানা গুনতে হয়েছে ওয়ার্নারকে। তারপরও খেলাটির মধ্যে রোমাঞ্চ ধরে রাখতে স্লেজিংয়ের পক্ষে তিনি। তবে স্লেজিং ছাড়াও দারুণ ক্রিকেট খেলতে তৈরি ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের সবচেয়ে বেশি টেস্ট উইকেটের মালিক এই পেসার সম্প্রতি বলেছেন, ‘এখন আমার আর স্লেজিং করার দরকার হয় না।’
এখন দরকার হয় না, কিন্তু একসময় অ্যান্ডারসন যে অনেক স্লেজিং করতেন, সেটি তাঁকে মনে করিয়ে দিয়েছেন প্রতিপক্ষ ব্র্যাড হাডিন আর মিচেল জনসন। অস্বীকার করেননি ইংলিশ পেসার, ‘আমি তো বলিনি যে আমি কখনো স্লেজিং করিনি। একসময় আমিও ভালোই স্লেজিং করেছি এবং এটা আমার খেলায়ও সাহায্য করেছে। কিন্তু ক্যারিয়ারের এই পর্যায়ে এসে এখন আর আমি প্রতিপক্ষের সঙ্গে তপ্ত কথার লড়াইয়ে জড়াতে আগ্রহী নই, সেটার দরকারও নেই।’ এএফপি, রয়টার্স।