স্লেজিং? ফিক্সিং? সাবধান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাস্তি-জরিমানা হলে সমস্যা নেই। কিন্তু শরীরী ভাষায় হওয়া চাই আগ্রাসী। চোখে চোখ রেখে, তেড়েফুঁড়ে গিয়ে হলেও নাড়িয়ে দিতে হবে প্রতিপেক্ষর আক্রমণ। ইএসপিএনক্রিকইনফোর দাবি, সাম্প্রতিক সময়ে একাধিক দলের অধিনায়ক ও টিম ম্যানেজমেন্ট নাকি এই বার্তা দিয়েছে দলের ক্রিকেটারদের। সেই নির্দেশনার প্রতিফলনই হয়তো পড়েছে বোর্ডার-গাভাস্কার ট্রফি ও চলতি ত্রিদেশীয় সিরিজে। তবে বিশ্বকাপেও এই চর্চা চালিয়ে গেলে সেই দল বা ক্রিকেটারের জন্য অপেক্ষা করছে বড় বিপদ। স্লেজিং, কটুবাক্যসহ মাঠে যাবতীয় বাজে আচরণ নিয়ে আরও কঠোর হচ্ছে আইসিসি।
আইসিসির ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন বলেছেন, ‘গত মাস ছয়েক, কিংবা আরেকটু পিছিয়ে গেলে, গত অ্যাশেজ থেকেই ক্রিকেটারদের আচরণ মাত্রা ছাড়িয়ে যাওয়ার অনেকগুলো ঘটনা ঘটেছে। ছাড়িয়ে গেছে গ্রহণযোগ্যতার সীমা। স্লেজিংয়ের মাত্রা এবং ক্রিকেটারদের পরস্পরের প্রতি অশ্রদ্ধা ছিল খুব বেশি এবং বাজে রকমের। এ জন্যই আমরা ম্যাচ রেফারি ও আম্পায়ারদের নিয়ে আরও কাজ করেছি যাতে তাঁরা মাঠে আরও সক্রিয় থাকতে পারেন এবং মাঠে খেলার পরিবেশ ঠিক রাখতে ভূমিকা রাখতে পারেন। আর কেউ সীমা ছাড়িয়ে গেলে যেন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।’
সাম্প্রতিক কিছু উদাহরণ টেনে বিশ্বকাপের জন্য দলগুলোকে সতর্ক করেছেন আইসিসি প্রধান নির্বাহী, ‘আপনার দেখেছেন, গত তিন-চার মাসে আইসিসি আচরণবিধি ভঙ্গের অভিযোগ অভিযুক্ত হওয়ার ১২টি ঘটনা ঘটেছে। বিশ্বকাপেও এর ব্যতিক্রম কিছু হবে না। টুর্নামেন্ট শুরুর আগে দলগুলোর সঙ্গে আলোচনার সময় এ বিষয়টি স্পষ্ট ও জোর দিয়ে জানিয়ে দেবেন ম্যাচ রেফারিরা।’
বিশ্বকাপের মতো আসরে মাথাচাড়া দিয়ে উঠতে পারে আবার, ফিক্সিং! বিশেষ করে স্পট ফিক্সিং। ছোটখাটো আসরেও যেখানে মিলিয়ন মিলিয়ন ডলারের বাজি হয়, বিশ্বকাপের মতো আসরের জন্য নিশ্চয়ই আয়োজন করে নামবেন বাজিকরেরা। ফিক্সিংয়ের শঙ্কাও তাই বাড়বে। তবে রিচার্ডসন হুঁশিয়ারি দিয়ে রাখলেন ফিক্সারদেরও, ‘অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে মিলে আমাদের দুর্নীতি দমন কর্মকর্তারা অনেক কাজ করেছেন। কারা এসব দুর্নীতির সঙ্গে জড়িত, কে কে ম্যাচ পাতাতে বা পাতানোর চেষ্টা করতে পারেন, সেসব বিষয়ে আমাদের গোয়েন্দা তৎপরতা ও তথ্য আরও সমৃদ্ধ হয়েছে। আমরা নির্দিষ্ট করে জানি, এই লোকগুলো কোথায় আছে এবং এক শরও বেশি লোকের একটি তালিকা আইন প্রয়োগকারী সংস্থার হাতে দেওয়া হবে। খেলার বাইরের কোনো লোকের পক্ষে এসে কোনো রকমের দুর্নীতি করা বা করার চেষ্টাও খুব কঠিন হবে।’ এএফপি, রয়টার্স, ক্রিকইনফো।