স্লেজিং, মারামারি এবং নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট মাঠে স্লেজিং যখন থেকে শুরু হয়েছে, সেটি ঘিরে বিতর্কটাও চলছে প্রায় একই সময় থেকেই। ভদ্রলোকের খেলার মূল সূরটাই স্লেজিংয়ের কারণে ব্যাহত হচ্ছে কি না, এই নিয়ে তর্কের আগুনে নতুন করে ঘি ঢেলে দিলেন জ্যাসন অ্যান্ডারসন। বারমুডা জাতীয় দলের এই খেলোয়াড় দেশটির ঘরোয়া লিগের একটি ম্যাচে স্লেজিং করতে গিয়ে জড়িয়ে পড়লেন মারামারিতে। যার ফলে আজীবনের জন্য নিষিদ্ধ হলেন যেকোনো ধরনের ক্রিকেট থেকেই।
চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়নস কাপের ফাইনালে ক্লিভল্যান্ড কাউন্টির হয়ে খেলছিলেন বারমুডার হয়ে পাঁচটি টি-টোয়েন্টি খেলা উইকেটকিপার অ্যান্ডারসন। উইকেটের পেছনে দাঁড়িয়ে স্লেজিং করে যাচ্ছিলেন প্রতিপক্ষ দল উইলো কাটসের ব্যাটসম্যান জর্জ ও’ব্রায়েনকে। ওভারের মাঝের বিরতিটুকুতেও ক্ষান্তি ছিল না। একপর্যায়ে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন দুজন। অ্যান্ডারসনের দিকে ব্যাট ছুড়ে মারেন ও’ব্রায়েন। শুরু হয়ে যায় মারামারি।
দুজনকে থামাতে সতীর্থ, আম্পায়াররাও ব্যর্থ হলে ছুটে আসেন বারমুডা পুলিশের কয়েক সদস্য। ক্লিভল্যান্ডের সভাপতি এসে মাঠ থেকে বের করে দেন অ্যান্ডারসনকে। কিছুক্ষণ বিরতির পর ম্যাচটা শুরু হয়, যাতে ক্লিভল্যান্ড জেতে ৭২ রানে।
পরে ভিডিও ফুটেজ দেখে আচরণবিধি ভঙ্গের দায়ে অ্যান্ডারসনকে আজীবনের জন্য নিষিদ্ধ করে বারমুডা ক্রিকেট বোর্ড, ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয় ও’ব্রায়েনকেও। ক্রিকেট অস্ট্রেলিয়া।