স্লেজিংও বন্ধ করবে ক্রিকেট অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমন আগ্রাসী ভঙ্গিতে আর দেখা যাবে না অস্ট্রেলিয়ানদের? ফাইল ছবি
এমন আগ্রাসী ভঙ্গিতে আর দেখা যাবে না অস্ট্রেলিয়ানদের? ফাইল ছবি
• স্লেজিং বন্ধের সিদ্ধান্ত নিতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া
• ক্রিকেট অস্ট্রেলিয়ার সদস্য মার্ক টেলর উড়িয়ে দেননি এ সম্ভাবনা
• স্লেজিং বা কথার লড়াই অনেক আগেই মাত্রা ছাড়িয়েছে, মত টেলরের
• স্লেজিং থেকেই জন্ম নিচ্ছে বল টেম্পারিংয়ের মতো ‘অন্যায়’ চিন্তা


বল টেম্পারিংয়ের ধাক্কা সামলাতে ক্রিকেট থেকে ‘আগ্রাসী’ ভাবটাই মুছে দিতে চাইছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যেন তেন লোক নন, আক্রমণাত্মক অধিনায়কত্বের জন্য বিখ্যাত মার্ক টেলরই জানিয়েছেন এমন কথা। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সদস্য টেলর বলেছেন, স্লেজিং কিংবা কথার লড়াইও নিষিদ্ধ করার ভাবছে সিএ! 

স্লেজিং কিংবা কথার লড়াই অস্ট্রেলিয়ান ক্রিকেটের অনেক বড় অংশ। শুধু অস্ট্রেলিয়াই নয়, বিশ্ব ক্রিকেটের সংস্কৃতিতেই এখন ঢুকে পড়েছে স্লেজিং। একটু-আধটু স্লেজিংকে মেনেও নিয়েছেন সবাই। মাঠে প্রতিপক্ষকে নাড়িয়ে দিতে কিংবা ম্যাড়ম্যাড়ে মুহূর্তে বাড়তি মসলা এনে দেওয়ার জন্যই স্লেজিং ব্যবহার করা হয়। সম্প্রতি ডেভিড ওয়ার্নারের সুবাদে বেশ কয়েকবার সীমা ছাড়িয়েছে অস্ট্রেলিয়া। জিততেই হবে এমন মানসিকতা থেকে সীমা ছাড়ানোর ঘটনা ঘটেছিল। কিন্তু সে মানসিকতা সংক্রামক হিসেবে ছড়িয়ে যাওয়াতেই বল টেম্পারিংয়ের মতো ‘অন্যায়’ চিন্তা মাথায় এসেছে বলে ভাবছেন অনেকে।
চ্যানেল নাইনের পক্ষ থেকে টেলরের কাছে তাই প্রশ্ন করা হয়েছিল স্লেজিংও নিষিদ্ধ করার সম্ভাবনা আছে কি না? টেলর উড়িয়ে দেননি সে সম্ভাবনা, ‘অবশ্যই। মাঠে কথা বলা বন্ধ করার কথা বলছি না। কথা বলা এক জিনিস। কিন্তু গালাগালি, স্লেজিং, গা জোয়ারি ভাব দেখানো, তর্ক করা—যেটাই বলেন, ওটা ভিন্ন কিছু। এটা অনেক আগেই মাত্রা ছাড়িয়েছে।’
দক্ষিণ আফ্রিকা সফরে দুই দলের কথার লড়াই সীমা ছাড়িয়েছে বেশ করার। ওয়ার্নার ও কুইন্টন ডি কক তো ড্রেসিংরুমের সামনেই তর্কে জড়িয়ে পড়েছিলেন। অস্ট্রেলিয়ানদের স্লেজিংয়ের শিকার হয়ে ডি কক নাকি ওয়ার্নারের স্ত্রীকে নিয়ে বাজে কথা বলেছিলেন। টেলর তাই স্লেজিং নিয়ে কঠোর হতে চাইছেন। সদ্য পদত্যাগী কোচ ড্যারেন লেম্যানও দলের সংস্কৃতিতে পরিবর্তন আনার কথা বলেছিলেন। নিউজিল্যান্ড দলের মতো স্লেজিং না করার কথা ভেবে দেখার কথা বলেছেন লেম্যান। তবে টেলর এখনই এমন সিদ্ধান্তের কথা নিশ্চিত করছেন না, ‘এটা তিন সপ্তাহ পরের বোর্ড সভায় আলোচনা করা হতে পারে, আবার না–ও পারে। এটা টেলিভিশনে বলে ফেলার মতো সিদ্ধান্ত নয়।’
অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলও বল টেম্পারিংয়ের ঘটনার পর স্লেজিং বন্ধ করার কথা বলেছিলেন। তিনি মনে করেন, তর্কাতর্কি, স্লেজিং নাকি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তাই অস্ট্রেলিয়ান ক্রিকেট থেকে স্লেজিং নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা ভালোভাবেই আছে!