সড়ক দুর্ঘটনায় আহত শামি

• রোববার সকালে সড়ক দুর্ঘটনার কবলে মোহাম্মদ শামি।
• দেরাদুন থেকে দিল্লি যাচ্ছিলেন তিনি।
• মাথায় আঘাত পেয়েছেন, সেলাইও লেগেছে।
• এখন অবশ্য পুরোপুরিই শঙ্কামুক্ত।
সময়টা বড্ড অস্থির কাটছে মোহাম্মদ শামির। স্ত্রী হাসিন জাহানের নানা অভিযোগে জর্জরিত ভারতীয় পেসার এবার পড়েছেন সড়ক দুর্ঘটনায়। রোববার সকালে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন তিনি। এ সময় দেরাদুন থেকে দিল্লি যাচ্ছিলেন তিনি।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়েছেন শামি। কয়েকটি সেলাইও পড়েছে সেখানে। তবে দুর্ঘটনার পর ভারতীয় পেসার শঙ্কামুক্ত বলেই জানিয়েছে ভারতের ইংরেজি দৈনিকটি।
শামির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছেও অভিযোগ জানিয়েছেন তাঁর স্ত্রী। তাঁর বিরুদ্ধে স্ত্রীকে শারীরিক নির্যাতন থেকে শুরু করে পরকীয়া প্রেম, এমনকি ম্যাচ পাতানোরও অভিযোগ আনা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড প্রথমে তাঁকে নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিলেও পরে তদন্ত সাপেক্ষে তাঁকে চুক্তিভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।