হংকং হয়ে ফিরছেন ক্লার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ফেব্রুয়ারিতেই সিডনির ক্লাবের হয়ে ক্রিকেটে ফিরেছিলেন ক্লার্ক। ছবি: সংগৃহীত।
গত ফেব্রুয়ারিতেই সিডনির ক্লাবের হয়ে ক্রিকেটে ফিরেছিলেন ক্লার্ক। ছবি: সংগৃহীত।

আবারও অন্তত টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরতে চাইছেন, সেটি আগেই জানিয়েছিলেন। অবসর নেওয়ার পাঁচ মাস পর গত ফেব্রুয়ারিতে সিডনির ক্লাব ওয়েস্টার্ন সাবআর্বসের হয়ে একটা ম্যাচও খেলেছিলেন মাইকেল ক্লার্ক। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়কের ফেরার প্রক্রিয়াটা এখনো অব্যাহত আছে। এবার হংকংয়ে খেলতে যাচ্ছেন ক্লার্ক। ২৮ মে থেকে শুরু হতে যাওয়া দুই দিনের টি-টোয়েন্টি ব্লিটজ টুর্নামেন্টে খেলবেন কাউলুন ক্যান্টনসের হয়ে।
গত আগস্টে অ্যাশেজের পর অবসর নিয়েছিলেন সব ধরনের ক্রিকেট থেকে। কিন্তু ব্যাট-বলের মায়া ছেড়ে বেশি দিন থাকতে পারেননি মাইকেল ক্লার্ক। তিন মাস আগেই ফিরে এসেছিলেন। কিন্তু সেটি তো ছিল অপেশাদার ক্রিকেট, ক্লার্ক ফিরতে চাইছেন অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটেই। শোনা যাচ্ছে, আগামী বছর অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে খেলার ব্যাপারে সিডনি সিক্সার্সের সঙ্গে কথাও বলেছেন ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান।
সিক্সার্সের হয়ে খেলবেন কি না, তার আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। তবে ক্লার্ক নিজের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারই অংশ হিসেবে হংকংয়ের এই টুর্নামেন্টে খেলার সিদ্ধান্ত। গত বুধবার নিজেই জানিয়েছেন আগ্রহের কথা, ‘এর আগে কখনো হংকংয়ে যাইনি। তবে খেলাধুলার জন্য জায়গাটা কতটা ভালো, তা অনেকবারই শুনেছি। সতীর্থদের সঙ্গে দেখা করতে, শহরটা দেখতে আর তর সইছে না। সঙ্গে হংকংয়ের ক্রিকেটেও অবদান রাখতে চাই, গত কয়েক বছরে ওরা বেশ দ্রুত উঠে আসছে।’

আক্ষরিক অর্থেই খেলার বাইরে হংকংয়ের ক্রিকেটে অবদান রাখবেন ক্লার্ক। দুই ঘণ্টার দুটি সেশনে হংকংয়ের ছেলে ও মেয়েদের ক্রিকেট দলকে ক্রিকেট, নেতৃত্ব বিষয়ে পরামর্শ দেবেন। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ককে পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত আয়োজকেরাও। হংকং ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান টিম কাটলার বলেছেন, ‘মাইকেলের প্রতিভাকে সংক্ষেপে বর্ণনা করা অসম্ভব। যদি সর্বকালের অন্যতম সেরা না-ও বলা যায়, নিশ্চিতভাবেই তাঁর প্রজন্মের অন্যতম সেরা সে।’
হংকংয়ে এখন নিজের সেরাটা দিতে পারবেন কি না ক্লার্ক, সেটিই প্রশ্ন। একে তো খেলার মধ্যে নেই, তার ওপর টি-টোয়েন্টি ফরম্যাটের সঙ্গে তাঁর সর্বশেষ ‘ডেট’ ছিল ২০১২ সালের ১৯ মে, আইপিএলে পুনে ওয়ারিয়র্সের হয়ে। সূত্র: এবিসিডটনেট।