হংকংকে উড়িয়ে জিতেও যুবাদের অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হংকংকে রীতিমতো উড়িয়ে দিয়েও যুব এশিয়া কাপে এখনো সুপার ফোর নিশ্চিত নয় বাংলাদেশের। ফাইল ছবি
হংকংকে রীতিমতো উড়িয়ে দিয়েও যুব এশিয়া কাপে এখনো সুপার ফোর নিশ্চিত নয় বাংলাদেশের। ফাইল ছবি
>হংকংকে ৯১ রানে অলআউট করে দিয়ে ১১.২ ওভারে সেই রান টপকেও যুব এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ। দিনের অপর খেলায় শ্রীলঙ্কা পাকিস্তানকে হারালেই বাংলাদেশ যেতে পারবে সুপার ফোরে।

যুব এশিয়া কাপে আজ হংকংকে রীতিমতো উড়িয়ে দিয়েও এখনো পর্যন্ত সুপার ফোর নিশ্চিত হয়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। তৌহিদ হৃদয়দের ভাগ্য এখন ঝুলছে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের সঙ্গে। পাকিস্তান জিতে গেলেই কপাল পুড়বে বাংলাদেশের। সুপার ফোর নিশ্চিত হবে পাকিস্তান ও শ্রীলঙ্কার। তবে শ্রীলঙ্কা জিতে গেলে বাংলাদেশ সঙ্গী হবে শ্রীলঙ্কার।

টসে জিতে হংকংকে ব্যাটিংয়ে পাঠিয়েই আজ তোপ দাগা শুরু করেছিল বাংলাদেশের বোলাররা। সেই তোপের মুখে দাঁড়াতেই পারেনি হংকং। ৪৬.৫ ওভারে গুটিয়ে যায় মাত্র ৯১ রানেই। সরাসরি সুপার ফোর নিশ্চিত করতে হংকংয়ের ৯১ রান বাংলাদেশকে টপকে যেতে হতো ৬ ওভারের মধ্যেই। কিন্তু বাংলাদেশ সেটি পারেনি। জিতেছে ১১.২ ওভারে, ৫ উইকেট হারিয়ে।

রান রেটের হিসাব মাথায় রেখে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ শুরুতেই ৩ উইকেট হারিয়ে বসে। সে কারণেই ৬ ওভারের মধ্যেই ৯২ রান তোলার লড়াইয়ে পিছিয়ে পড়ে তারা। ২২ রানে ৩ উইকেট হারিয়ে বসার পর আকবর আলী আর মাহমুদুল হাসান জয়ের ব্যাটে জয় নিশ্চিত করে বাংলাদেশ। আকবর করেন ২৫, মাহমুদুল ৩২। ওপেনিং ব্যাটসম্যান তানজিদ হাসান করেন ১৫।

এর আগে হংকংয়ের ইনিংসের আতঙ্ক হয়ে উঠেছিলে রিশাদ হোসেন। ১১ রানে ৩ উইকেট নেন তিনি। ২টি করে উইকেট নেন রাকিবুল হাসান ও মৃত্যুঞ্জয় চৌধুরী। শরিফুল হাসান, মিনহাজুর রহমান ও শামীম হোসেন নিয়েছেন একটি করে উইকেট। কালহান চাল্লু (১৬), অদ্বিত গড়াওয়ারা (১৬), কবির সোধি (১৩) আর হারুন আরশাদ (১০) ছাড়া হংকংয়ের পক্ষে আর কেউই দুই অঙ্কের রান পাননি।