হংকংয়ের ১৫১ গড়ের ব্যাটসম্যান খেলবেন নিউজিল্যান্ডের হয়ে

আরেক চায়নাম্যানের দেখা পাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। পাচ্ছে না বলে আসলে পেয়ে গেছে বলাই ভালো। কারণ নিউজিল্যান্ডের হয়ে অভিষেকে ক্ষণ গুনতে থাকা মার্ক চ্যাপম্যান এর আগে ১৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টির পাশাপাশি দুটি ওয়ানডে ম্যাচও খেলেছেন। যেখানে তাঁর ব্যাটিং গড় ১৫১!
দুই দিনের ব্যবধানে সেই দুটি ম্যাচ (অপরাজিত ১২৪ ও ২৭) খেলার পর গত ২৭ মাসে আর কোনো ওয়ানডে খেলা হয়নি। আসলে গত প্রায় দুই বছরেই আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাননি। বাস্তবতা বুঝেই হয়তো দল বদলেছেন। হংকংয়ের হয়ে খেলা চ্যাপম্যানকে দেখা যাবে অস্ট্রেলিয়ায় চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে।
চ্যাপম্যানের জন্ম হংকংয়ে হলেও বাবার সূত্রে নিউজিল্যান্ডের নাগরিক। তাঁর মা অবশ্য চীনের। চীনা বংশোদ্ভূত খুব বেশি ক্রিকেটার আন্তর্জাতিক ম্যাচ কিন্তু খেলেননি। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হয়ে আছেন এলিস আচং, যাঁর নামের বাঁ হাতি রিস্ট স্পিনারদের ডাকা হয় চায়নাম্যান বোলার নামে।
বাবা নিউজিল্যান্ডের বলেই ব্ল্যাক ক্যাপগুলোর একটি পাচ্ছেন না। পাচ্ছেন নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে তাঁর অবিশ্বাস্য ফর্মের কারণে। হয়তো একটু আগেই জাতীয় দলে চলে এলেন। আসলে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শুরুটা বাজে হয়েছে বলে নিউজিল্যান্ড দ্রুত দলে দুটি পরিবর্তন এনেছে। চ্যাপম্যানের পাশাপাশি ডাক পেয়েছেন আরেক ২৩ বছর বয়সী টিম সেইফার্ট।
সব ঠিক থাকলে ১৩ ফেব্রুয়ারি ভিন্ন দুই দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলাদের একজন হয়ে যাবেন চ্যাপম্যান।