হংকংয়ের ক্রিকেটারকেও ফিক্সিংয়ের প্রস্তাব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় ম্যাচ পাতানো মানেই ছিল বড় দলগুলোর অঘটনের শিকার হওয়া কিংবা খেলার মাঝে নাটকীয় মুহূর্ত সৃষ্টি। ‘এরা তো হারবেই, এদের দিয়ে আবার ম্যাচ পাতানো কেন?’ এমন ভাবনা থেকে ‘ছোট দল’গুলো ভয়ংকর এই থাবা থেকে মুক্ত ছিল। কিন্তু সময় পাল্টেছে, ক্রিকেটে আবির্ভাব ঘটেছে স্পট ফিক্সিংয়ের। এর হাত থেকে বাঁচতে পারছে না তথাকথিত ‘ছোট দল’গুলোও।
স্পট ফিক্সিংয়ের নব্যতম শিকার হংকংয়ের ইরফান আহমেদ। এই অলরাউন্ডারকে নাকি ম্যাচ পাতানোর প্রস্তাব দিয়েছিল সাবেক পাকিস্তানি ক্রিকেটার নাসিম গুলজার। কিন্তু ইরফান এ ঘটনা কর্তৃপক্ষকে জানাননি, যা আইসিসির নীতিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ জন্য দুই থেকে পাঁচ বছরের শাস্তিও হতে পারে তাঁর।
হংকং ক্রিকেটের প্রধান টিম কাটলার এ ঘটনার সূত্র ধরে ভবিষ্যৎ নিয়েই চিন্তায় পড়ে গেছেন, ‘সহযোগী দেশগুলোর ক্রিকেট এখন ঝুঁকিতে আছে। অর্থনৈতিকভাবে পূর্ণ সদস্যদের সঙ্গে আমাদের তফাত এতটাই বেশি, এ ধরনের প্রস্তাব অগ্রাহ্য করাটা কঠিন। এ ঘটনা সবার জন্যই সতর্কবার্তা, পাতানো খেলা ক্রিকেটকেই ধ্বংসের মুখে ফেলে দিতে পারে।’ এএফপি।