হইচই একটু বেশিই হচ্ছে, মনে করেন পন্টিং

• স্মিথদের বল টেম্পারিং-কাণ্ডে হতভম্ব পন্টিং
• তবে অস্ট্রেলিয়ান ক্রিকেট সংস্কৃতির সমালোচনা মেনে নেননি তিনি
• পন্টিংয়ের মতে, সমালোচনা মাত্রা ছাড়াচ্ছে
ক্যারিয়ারে সিংহভাগ সময় তিনেই ব্যাট করেছেন বেশি। দল দ্রুতই বিপদে পড়লে চওড়া হয়ে উঠত তাঁর ব্যাট। সেই রিকি পন্টিং অস্ট্রেলিয়ান ক্রিকেটের দুর্দিনে ব্যাট ধরবেন না, তা কি হয়। কেপটাউন টেস্টে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রাফটদের বল টেম্পারিং কলঙ্কে চারপাশ থেকে সমালোচনার শিকার হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেট। এমন পরিস্থিতিতে পন্টিংয়ের পাল্টা যুক্তি, এই সমালোচনা অন্যায্য।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই টেস্টে বল টেম্পারিংয়ে জড়িত থাকায় ১২ মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন স্মিথ-ওয়ার্নার। ৯ মাস নিষিদ্ধ হয়েছেন ব্যানক্রফট। ক্রিকেট অস্ট্রেলিয়াই (সিএ) তাঁদের খেলোয়াড়দের এই শাস্তি দিয়েছে। কিন্তু তাতে মানুষের মুখ বন্ধ হয়নি। বলা হচ্ছে, স্মিথ-ওয়ার্নারদের অপরাধ করার নেপথ্যে অস্ট্রেলিয়ান ক্রিকেটের ‘যেকোনো মূল্যে জয়’ তুলে নেওয়ার সংস্কৃতিই দায়ী।
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক পন্টিং এখন দিল্লি ডেয়ারডেভিলসের প্রধান কোচ। দিল্লিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সংস্কৃতির বিতর্কটি আমার কাছে বেশ মজার লাগে। কয়েক মাস আগে পেছন ফিরে তাকালেই দেখা যাবে অস্ট্রেলিয়া কিন্তু তাদের মতো করেই অ্যাশেজ জিতেছে। তখন কিন্তু সাংস্কৃতিক সমস্যা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। আমি মন থেকে বিশ্বাস করি এখন যে সংস্কৃতির সমস্যা নিয়ে কথা হচ্ছে, সেটা আসলে মাত্রা ছাড়িয়ে গেছে।’
দুবার বিশ্বকাপজয়ী সাবেক এ ব্যাটসম্যান অবশ্য স্মিথদের বল টেম্পারিং-কাণ্ডে ‘হতভম্ব’। তাঁর বক্তব্য, ‘অস্ট্রেলিয়ান হিসেবে আমরা প্রতিদ্বন্দ্বিতা করে এবং ন্যায্যভাবে খেলতে পছন্দ করি। সমর্থকেরাও খেলোয়াড়দের কাছ থেকে এটা আশা করে। অস্ট্রেলিয়ায় যে প্রতিক্রিয়া (বল টেম্পারিং নিয়ে) হয়েছে সেটা অনেক বড়। কারণ অস্ট্রেলিয়ান মানুষ মনে করে খেলোয়াড়েরা ন্যায্যভাবে খেলাটা খেলেনি।’
অস্ট্রেলিয়ান ক্রিকেটকে নতুন করে শুরুর পরামর্শও দিয়েছেন পন্টিং, ‘খুশির বিষয় হলো, ব্যাপারটার ইতি ঘটেছে। তিন খেলোয়াড়কে যে শাস্তি দেওয়া হয়েছে, সেটা তারা মেনে নিয়েছে। এটা খেলাটির জন্য এবং খেলোয়াড়দের জন্যও ভালো।’