
রাজনীতিবিদ। অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী। বিশ্বকাপের মৌসুমে এসব ছাপিয়েও বব হকের পরিচয়—ক্রিকেট-ভক্ত। আর মাত্র দুই ম্যাচ দূরত্বে রয়েছে ক্লার্ক-ওয়ার্নারদের বিশ্বকাপ ট্রফি। সেমিফাইনালে বাধা বর্তমান চ্যাম্পিয়ন ভারত। এ সময় কি ঘরে বসে থাকলে চলে? ৮৫ বছর বয়সী হক কাল ঠিকই চলে এলেন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি), অস্ট্রেলিয়া দলের অনুশীলনে। একসময় নিজেও ক্রিকেট খেলেছেন। রাজনীতির ময়দানের মতো নামধাম না করতে পারলেও উইকেটকিপার হিসেবে খেলেছেন পার্থের গ্রেড ক্রিকেটে, অক্সফোর্ড ইউনিভার্সিটি দলে। তবে কাল এসসিজিতে ছুটে গেলেন অস্ট্রেলিয়ার শুভাকাঙ্ক্ষী হিসেবে, সেমিফাইনালের আগে ক্রিকেট দলকে জানালেন শুভকামনা। তাঁর উপস্থিতি ভাবগম্ভীর পরিবেশ সৃষ্টি তো করেইনি, উল্টো ক্রিকেটারদের উপভোগের কারণ হয়েছে। এই যেমন সামনে ওয়াটসনকে দেখে সরস প্রশ্ন করলেন—‘ক্যাচটা ফেলার জন্য (পাকিস্তানের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে) কত দিয়েছিলে?’ হকের বিশ্বাস, ‘বৃহস্পতিবার (ভারতের বিপক্ষে) তারা (অস্ট্রেলিয়া) জিতবে, জিতবে সপ্তাহান্তেও (ফাইনালেও)।’ অস্ট্রেলিয়া তো এটাই চায়। সিডনি মর্নিং হেরাল্ড, ক্রিকইনফো।