হজম করতে পারছেন না ধোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমন হার মেনে নিতে পারছেন না ধোনি। ছবি: রয়টার্স
এমন হার মেনে নিতে পারছেন না ধোনি। ছবি: রয়টার্স

চারটি হার, একটি জয়। এই হলো অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির গত পাঁচ ম্যাচের ফলাফল। বাংলাদেশের বিপক্ষে ২-১-এ সিরিজ হারার পর গতকালই প্রথম মাঠে নেমেছিলেন। আবারও হার। ২০০ রানের লক্ষ্যও রক্ষা করতে পারল না ধোনির বোলাররা! ভারত আগে কখনোই ২০০ বা এর বেশি রানের বেশি লক্ষ্য বেঁধে দিয়ে ম্যাচ হারেনি। ২০০ রানের লক্ষ্য দিয়েও ম্যাচ হেরে যাওয়ার নজির এর আগে সব মিলিয়েই ছিল চারটি।
এত রান করেও হেরে যাওয়া মেনে নেওয়া একটু কঠিনই। ধোনিও ঠিক হজম করতে পারছেন না। এই পরাজয়ে নিজেদের চেয়ে বেশি দায় যেন চাপাতে চাইলেন কন্ডিশনের ওপর। ম্যাচটা হয়েছে ধর্মশালায়। এ মাঠটি সমুদ্রপৃষ্ঠ থেকে কিছুটা ওপরে। আগাম শীতের প্রকোপও তাই পড়েছে বেশি। নিজেদের কন্ডিশনই ভারতের বিপক্ষে গেছে বলে দাবি ধোনির, ‘আমরা ব্যাটিংয়ে কাজটা ভালোমতোই করে রেখেছিলাম। কিন্তু মাঠে শিশির ছিল। তা ছাড়া অনেক উচ্চতায় খেলা।’
কিন্তু তার বোলারদের দায় কি নেই? প্রতি ওভারে ১০ করে রান তোলার চাপ নিয়ে ব্যাটিংয়ে নামা একটা দলের ওপর সেই চাপ বাড়ানোর বদলে রাশ আরও আলগা হয়েছে। ভারতের পাঁচ বোলারের চারজনই রান দিয়েছেন দশের ওপর।
কিছুটা ব্যর্থতার দায় মানলেও বোঝা যা​চ্ছিল, হারটা মেনে নিতে বেশ কষ্ট হচ্ছিল ধোনির, ‘কখনো কখনো আমরা বেশ রান দিয়ে ফেলেছি। এটা বোলারদের ওপর অনেক চাপ তৈরি করেছি। একটা ওভারে ২০-এর বেশি রান দিয়ে ফেললে সেটা অনেক চাপ তৈরি করে। তবে সিদ্ধান্তগুলোও আমাদের পক্ষে যায়নি। এটা ম্যাচ বদলে দিয়েছে। এ ধরনের কন্ডিশনে খেলা খুব কঠিন। এ ধরনের উইকেট আর আউটফিল্ডে পরিকল্পনা ঠিকমতো কাজে লাগানো খুবই জরুরি।’