হঠাৎ অধিনায়ক হোল্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেসন হোল্ডার
জেসন হোল্ডার

অ্যালিস্টার কুকের ব্যাপারটি নিয়ে তবু আলোচনা ছিল। তার পরও বিশ্বকাপের এত কাছে এসে ইংল্যান্ডের অধিনায়কত্বে পরিবর্তন বিস্ময় হয়ে এসেছিল অনেকের কাছেই। ওয়েস্ট ইন্ডিজের খবরটিকে তাহলে কী বলবেন! বলা যায় বিনা মেঘে বজ্রপাত। ডোয়াইন ব্রাভোকে সরিয়ে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে অধিনায়ক করা হয়েছে জেসন হোল্ডারকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন দীর্ঘদেহী ফাস্ট বোলার, নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে বিশ্বকাপেও। শুধু অধিনায়কত্ব নয়, ওয়ানডে দলে জায়গাও হারিয়েছেন ব্রাভো। আরেক সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি ও কাইরন পোলার্ডেরও জায়গা হয়নি দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে দলে।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নির্বাচক প্যানেলের সুপারিশেই এই পরিবর্তন আনা হয়েছে। প্রধান নির্বাচক ক্লাইভ লয়েডের দাবি, ভবিষ্যৎ ভেবেই এই সিদ্ধান্ত, ‘জেসন খুব ভালো একজন তরুণ ক্রিকেটার। আমাদের বিশ্বাস, ও দীর্ঘদিন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে। ভবিষ্যৎ দারুণ উজ্জ্বল বলেই ওর ওপর বিনিয়োগ করলাম আমরা। ওর ক্রিকেট-মস্তিষ্ক বেশ ক্ষুরধার, ভালো একজন নেতা হয়ে ওঠার সব উপাদানই আছে। আমরা জানি, জেসন বেড়ে উঠবে, তৈরি হবে। নির্বাচকদের মতে এখনই পরিবর্তনের সময়। আশপাশে জেসন সিনিয়র অনেককেই পাবে, যারা ওকে দিকনির্দেশনা দিতে পারবে। অনেকে বলতে পারে, বিশ্বকাপের এত কাছাকাছি এসে পরিবর্তন কেন? কিন্তু আমরা জানি আমাদের ওয়ানডে দল খুব ভালো, বিশ্বকাপে এই দল ভালো করতে পারে।’
মজার ব্যাপার, লয়েড ভবিষ্যতের কথা বললেও ব্রাভোও কিন্তু খুব বুড়ো নন! ৩১ পেরিয়েছেন সবে। গত বছরের মে মাসেই নেতৃত্ব দেওয়া হয়েছিল এই অলরাউন্ডারকে। ২৩ বছর বয়সী হোল্ডার ওয়ানডে খেলেছেন মাত্র ২১টি, টেস্ট ও টি-টোয়েন্টি একটি করে। কোনো সংস্করণেই একাদশে জায়গা পাকা ছিল না বারবাডিয়ান ফাস্ট বোলারের। স্বীকৃত ক্রিকেটে নেতৃত্বের অভিজ্ঞতাও খুব বেশি নেই। সেই তিনিই আচমকা অধিনায়ক! তা ছাড়া ভবিষ্যতের দিকে তাকিয়ে নাহয় অধিনায়কত্বে পরিবর্তন আনা হলো, কিন্তু ওয়ানডে দলে তো ব্রাভোর মতো অলরাউন্ডারের জায়গা নিয়ে প্রশ্ন থাকার কথা নয়। দল থেকে কেন বাদ? কারণটা অনুমান করে নিতে তাই খুব বেশি বেগ পেতে হয় না। বেতন-ভাতা নিয়ে দেনদরবারে ভারত সফর থেকে ফিরে আসার মূল্যই হয়তো চুকাতে হলো বড় ব্রাভোকে।
হোল্ডারের এতে বিব্রত হওয়ার কোনো কারণ নেই। ৬ ফুট ৭ ইঞ্চি লম্বা ফাস্ট বোলার স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত, ‘দায়িত্ব পেয়ে খুবই খুশি আমি। ছেলেবেলা থেকেই দলকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখে আসছি। ডোয়াইন ব্রাভোর মতো একজনের কাছ থেকে দায়িত্ব নেওয়া মানে অবশ্যই অনেক বড় শূন্যতা পূরণ করতে হবে। সিনিয়রদের সবার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। আশা করি, সবাই একসঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে পারব।’
১৬ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ। এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি দলে অবশ্য আছেন ব্রাভো, অধিনায়ক ড্যারেন স্যামিই। ওয়ানডে দলে ফিরেছেন নরসিং দেওনারায়ণ, প্রথমবার ডাক পেয়েছেন ব্যাটসম্যান জোনাথন কার্টার। চোট থেকে সেরে ওঠা সাপেক্ষে আছেন ক্রিস গেইলও। আর চ্যাম্পিয়নস লিগে প্রশ্নবিদ্ধ অ্যাকশনের কারণে ভারত সফর থেকে নাম প্রত্যাহার করে নেওয়া সুনীল নারাইন নেই দক্ষিণ আফ্রিকা সিরিজেও।
বোর্ডের সঙ্গে বেতন নিয়ে ঝামেলার পরও টেস্টে ঠিকই নেতৃত্ব দিচ্ছেন দিনেশ রামদিন, টি-টোয়েন্টিতে টিকে গেছেন স্যামি। কোপটা পড়ল শুধু ব্রাভোর ওপর। ওয়েস্ট ইন্ডিজের বোর্ড ও প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে ওই ঝামেলায় সবচেয়ে উচ্চকিত ছিল ব্রাভোর কণ্ঠই! এএফপি, রয়টার্স, ক্রিকইনফো।