হঠাৎ অবসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহেন্দ্র সিং ধোনি
মহেন্দ্র সিং ধোনি

একদিকে অধিনায়ক হিসেবে ক্রমশ ফিকে হয়ে আসা পারফরম্যান্স, অন্যদিকে অ্যাডিলেডে বিরাট কোহলির সাহসী নেতৃত্ব। মহেন্দ্র সিং ধোনিকে টেস্টে আর অধিনায়ক হিসেবে রাখা উচিত কি না, তা নিয়ে কানাঘুষা চলছিল কয়েক দিন ধরেই। কে জানত, বিতর্কটা এভাবে ধোনি নিজেই থামিয়ে দেবেন!
তাঁর অধিনায়ক থাকা উচিত কি উচিত না, সেই প্রশ্নই আর থাকছে না। টেস্টই যে আর খেলবেন না ধোনি। কাল মেলবোর্ন টেস্ট ড্র করে অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হার নিশ্চিত হয়ে যাওয়ার পরই আচমকা ঘোষণা দিয়েছেন সাদা পোশাকটা চিরদিনের জন্য তুলে রাখার।
বিশ্বকাপের পরে টেস্টকে বিদায় বলে দিতে পারেন এমন গুঞ্জন হয়তো ছিল। কিন্তু সেটি এত আগে এবং সিরিজের মাঝে হয়ে যাবে, এমনটা বোধ হয় ঘুণাক্ষরেও ভাবেননি কেউ। সিরিজ চলাকালে কোনো অধিনায়কের এ রকম হঠাৎ অবসর যেমন বিরল, তেমনি এ রকম সম্মানজনক ও স্বাভাবিক প্রক্রিয়ায় উপমহাদেশের কোনো অধিনায়ক অবসর নিয়েছেন সেটিও সাম্প্রতিককালে বিরল বৈকি! ধোনির টেস্ট ছেড়ে দেওয়ার ঘোষণায় তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এখনই কেন?
জবাবটা দেননি ধোনি। এমনকি কাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও বিন্দুমাত্র আঁচ দেননি কাউকে। কিছুক্ষণ পরেই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হলো, ‘ভারতের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক, যাঁর নেতৃত্বে ভারত টেস্টের ১ নম্বরে উঠেছিল, মহেন্দ্র সিং ধোনি টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। সব ধরনের ক্রিকেটে টানা খেলার ধকল সামলাতেই এই সিদ্ধান্ত। বিসিসিআই তাঁর এই সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছে এবং টেস্ট অধিনায়ক হিসেবে অবদানের জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা।’ সিডনি টেস্টে বিরাট কোহলিই ভারতকে নেতৃত্ব দেবেন বলেও নিশ্চিত করেছে বিসিসিআই।

.
.


২০০৮ সালের এপ্রিলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কানপুর টেস্টে ভারতকে প্রথম নেতৃত্ব দিয়েছিলেন ধোনি। সেটিও অনিল কুম্বলে চোটে পড়ায়। কুম্বলে পরে অবসরে গেলে অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দিল্লি টেস্টে পাকাপাকি অধিনায়ক হলেন। বিদায়টাও সেই অস্ট্রেলিয়ার বিপক্ষেই। মাঝের এই সময়টায় ভারতকে নেতৃত্ব দিয়েছেন ৬০ টেস্টে, ২৭টিতেই দল জিতেছে, হার ১৮। পরিসংখ্যানে ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক ধোনিই।
তাঁর আগে ২১টি জয় নিয়ে ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলী। শুধু তা-ই নয়, টেস্ট ইতিহাসেই ধোনির চেয়ে বেশি জয় আছে মাত্র ৬ অধিনায়কের। ধোনির ২৭টি জয়ের ২১টিই দেশের মাটিতে। দেশের মাঠে তাঁর চেয়ে বেশি জয় আছে শুধু গ্রায়েম স্মিথ (৩০), রিকি পন্টিং (২৯) ও স্টিভ ওয়াহর (২২)।
ধোনির নেতৃত্বেই ২০০৯ সালে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছিল ভারত। ওই অবস্থানটা তারা ধরে রেখেছিল ২০১১ সালের ইংল্যান্ড সফর পর্যন্ত। দলে জায়গা নিয়ে প্রশ্ন ওঠেনি, তবে সাম্প্রতিককালে তাঁর পারফরম্যান্স আশানুরূপ ছিল না। এ বছর টেস্টে ১৭ ইনিংসে গড় ৩৩, অধিনায়কত্বের চাপ ভালোই প্রভাব ফেলছিল উইকেটকিপিংয়েও।
বিদেশের মাঠে ভারতের পারফরম্যান্স অবশ্য কখনোই ভালো ছিল না। ২০১১ বিশ্বকাপ জেতার পরই ইংল্যান্ড সফরে গিয়ে সিরিজে ৪-০ হারের লজ্জা নিয়ে ফিরেছিল ধোনির দল। সেবার অস্ট্রেলিয়া সফরেও একই ফল। এ বছরের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ১-০ ব্যবধানে সিরিজ হার, জুলাই-আগস্টে ইংল্যান্ডে গিয়ে হার ৩-১ ব্যবধানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি সিরিজেও এরই মধ্যে ২-০ ব্যবধানে পিছিয়ে সিরিজে হার নিশ্চিত হয়েছে। সব মিলিয়ে বিদেশের মাঠে ৩০ টেস্টের ১৫টিতেই হার ধোনির, জয় ছয়টি। অধিনায়ক হিসেবে বিদেশের মাঠে ২৮ টেস্টে ১১টি জয় সৌরভ গাঙ্গুলীর! অনেক সাফল্যের ভিড়ে বিদেশের মাঠে এই পরিসংখ্যানটা তাই হয়ত একটু আক্ষেপ হয়েই থাকবে ধোনির। এএফপি, ক্রিকইনফো।
তাঁদের চোখে

ভারত ওর অভাব অনুভব করবে, কারণ ভারতীয় ক্রিকেটে সে নতুন মাত্রা এনে দিয়েছে
সুনীল গাভাস্কার
অসাধারণ টেস্ট ক্যারিয়ারের জন্য অভিনন্দন ধোনি। একসঙ্গে খেলাটা উপভোগ করেছি। ২০১৫ বিশ্বকাপই পরের লক্ষ্য হোক বন্ধু
শচীন টেন্ডুলকার
একজন দারুণ প্রতিপক্ষ। এমন একজন যাঁর কাছে ভারতীয় ক্রিকেট অনেক ঋণী
রিকি পন্টিং
অভিনন্দন, কিন্তু সিরিজ শেষের আগেই অবসর কেন!
অ্যালেক স্টুয়ার্ট
দারুণ টেস্ট ক্যারিয়ারের জন্য অভিনন্দন ধোনি
ব্রেট লি
ধোনি যেভাবে খেলত, সেটা খুবই পছন্দ করতাম। তবে কোহলির নেতৃত্বে নতুন যাত্রার এটাই সময়
মাইকেল ভন

.
.