হঠাৎ অবসরের পর হঠাৎ বাগদান

হৃদয়ের অসুখ কেড়ে নিয়েছে তাঁর ক্রিকেটীয় স্বপ্ন। মাত্র ২৬ বছর বয়সেই ক্রিকেট ছাড়তে বাধ্য হয়েছেন হৃদরোগে আক্রান্ত এই ইংলিশ ক্রিকেটার। তবে হৃদয়ের এই সমস্যা তাঁকে হৃদয় লেনদেন থেকে দূরে সরিয়ে রাখতে পারেননি। হঠাৎ করেই ক্রিকেটকে বিদায় বলা এই ইংলিশ ক্রিকেটার এবার হঠাৎ করেই বাগদান সেরে নিলেন বান্ধবী জোসি নেইলরের সঙ্গে।
বিয়ের প্রস্তাব দেওয়ার পর নেইলর রাজি হওয়ায় দারুণ উচ্ছ্বসিত টেলর। আবেগে ভাসছেন নেইলরও, ‘এটা আমাদের জীবনে ঘটতে যাওয়া দারুণ একটা ব্যাপার। ব্যাপারটা নিশ্চয়ই অনেক দুঃখ ও হতাশার মধ্যে আমাদের দুজনের মুখেই হাসি ফোটাবে।’
টেলরও খুশি পুরো ব্যাপারটায়। বুধবার একটি টেলিভিশন অনুষ্ঠানে কিছুটা রসিকতাচ্ছলেই নেইলরকে বাগদানের প্রস্তাব দেওয়ার মুহূর্তটির কথা জানিয়েছেন এই ইংলিশ ক্রিকেটার, ‘সৌভাগ্যবশত নেইলরের প্রতিক্রিয়াটা স্বাভাবিকই ছিল। আমি যখন ওকে প্রস্তাবটা দিলাম, সে খুব স্বাভাবিকভাবেই তা গ্রহণ করেছে।’
গত মাসেই হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়ার পর ইংল্যান্ড দলকে বিদায় বলেছেন টেলর। লেস্টারশায়ার ও নটিংহ্যামশায়ারের হয়ে কাউন্টি খেলা টেলর বাধ্য হয়েছেন ঘরোয়া ক্রিকেট ছাড়তেও। সূত্র: মিড ডে।