হঠাৎ উইকেট বৃষ্টি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় দিনের শুরুতেই সাফল্য পেয়েছে বাংলাদেশ। ছবি: ডব্লিউআইসিবি
দ্বিতীয় দিনের শুরুতেই সাফল্য পেয়েছে বাংলাদেশ। ছবি: ডব্লিউআইসিবি

সেন্ট লুসিয়া টেস্টের প্রথম দিনে বেশ ভুগেছেন বাংলাদেশের বোলাররা। প্রথম উইকেট পেতেই লেগে গিয়েছিল প্রায় ৫০ ওভার। কিন্তু দ্বিতীয় দিনের শুরুতেই বাংলাদেশ বোলাররা ভালোই চেপে ধরেছেন ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানদের। প্রথম সেশনে ১৮ রানের ব্যবধানেই ওয়েস্ট ইন্ডিজের ৪ উইকেটের পতন ঘটিয়েছেন বাংলাদেশের বোলাররা। এর মধ্যে দুটি নিয়েছেন আল আমিন হোসেন, অন্য দুটি রুবিউল ইসলাম ও শফিউল ইসলাম।

দারুণ এক হ্যাটট্রিকের সুযোগ কাজে লাগাতে পারেননি আল আমিন। দ্রুত ৪ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে বাংলাদেশের কাঁটা হয়ে উইকেটে রয়েছেন শিবনারায়ণ চন্দরপল। তাঁর চেয়েও বেশি যন্ত্রণা দিচ্ছিলেন টেলর। চন্দরপল ৫১ রানে অপরাজিত থাকলেও ঝড়ের বেগে ৪০ রান তুলছিলেন টেলর। অষ্টম উইকেটে ৫৪ রান যোগ করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। তবে স্বস্তির বিষয়, টেলরকে ৪০ রানে ফিরিয়েছেন তাইজুল। সর্বশেষ স্কোর ৮ উইকেটে ৩২৩।

দিনের অষ্টম ওভারে ড্যারেন ব্র্যাভোকে ৪৬ রানে ফিরিয়ে দেন রবিউল। উইকেট বৃষ্টির সেই শুরু। তিন ওভার পরেই টানা দুই বলে জার্মেইন ব্ল্যাকউড ও দিনেশ রামদিনকে ফিরিয়ে দেন আল আমিন। ওভারের শেষ দুই বলে দুই উইকেট তুলে নিয়ে দাঁড়িয়ে যান হ্যাটট্রিকের সামনে। আল আমিন কি নতুন ওভারের প্রথম বলে উইকেট পাবেন? না, পাননি। বলটাও ঠিক উইকেট নেওয়ার মতো হয়নি। তবে উইকেট পড়েছে এর আগের ওভারে। কেমার রোচকে ফেরান শফিউল। ৩ উইকেটে ২৪৬ রানে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ ক্যারিবীয় সাগরে ওঠা বঙ্গীয় ঝড়ে মুহূর্তেই হয়ে যায় ৭ উইকেটে ২৬৯।

বিপর্যয় সামলে দলককে কক্ষপথে ফেরানোর চেষ্টা করছেন চন্দরপল ও জেরোম টেলর। তবে ব্যক্তিগত ১৯ রানের মাথায় শফিউলের বলে কভারে ক্যাচ তুলে দিয়েছিলেন টেলর । কিন্তু মমিনুল হক সহজ সুযোগ নষ্ট করার পর পড়তি বলে দারুণ রিফ্লেক্সে সেই বলটি লুফে নেওয়ার তাইজুল ইসলামের কঠিন প্রচেষ্টাও ব্যর্থ হয়।
টেলরই বেশ কিছুক্ষণ বঙ্গ ঝড়ের পাল্টা জবাব দিচ্ছেলিনে যেন। ৩০ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪০ রান তুলে ফেলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে এই পেসারের সেঞ্চুরি আছে—এই তথ্য খানিকক্ষণ অস্বস্তিতে রেখেছিল বাংলাদেশকে। তবে শেষমেশ বিপজ্জনক হয়ে ওঠা টেলরকে ফিরিয়েছে বাংলাদেশ।