হঠাৎ কাঁধের চোটে সাউদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোটের কবলে পড়ে খেলা থেকে ছিটকে পড়তে নিশ্চয়ই চাইবেন না সাউদি। ছবি: এএফপি
চোটের কবলে পড়ে খেলা থেকে ছিটকে পড়তে নিশ্চয়ই চাইবেন না সাউদি। ছবি: এএফপি

চোট যেকোনো খেলোয়াড়ের জন্যই একটি মূর্তিমান আতঙ্কের নাম। এবারের বিশ্বকাপে এই চোট-শঙ্কা যেন ভিন্ন মাত্রা লাভ করেছে। সর্বশেষ হ্যামস্ট্রিংয়ের চোটে বিশ্বকাপ শেষ হয়েছে শ্রীলঙ্কার জীবন মেন্ডিসের। এবার চোট চোখ রাঙিয়ে গেল অন্যতম স্বাগতিক নিউজিল্যান্ড শিবিরে। অনুশীলনের সময় কাঁধে চোট পেয়েছেন টিম সাউদি। আগামী পরশু অকল্যান্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সাউদির এই চোট কিউই শিবিরে বইয়ে দিয়েছে শঙ্কার লু হাওয়া।
শঙ্কা থাকলেও নিউজিল্যান্ডের টিম ম্যানেজমেন্ট সাউদিকে নিয়ে আশাবাদী। তাঁর কাঁধের এই চোট পরের ম্যাচটি খেলার পথে কোনো বাধা হয়ে দাঁড়াবে না বলেই আশাবাদ তাদের।
অনুশীলনের সময় অ্যাডাম মিলনের ছুড়ে মারা একটি বল এসে লাগে সাউদির ডান কাঁধে। পরমুহূর্তেই দুই হাতে কাঁধ চেপে ধরে মাটিতে শুয়ে পড়েন সাউদি। পরে দল যখন ইডেন পার্ক মাঠের নেটে অনুশীলনে ব্যস্ত, সাউদি তখন মাঠের বাইরে কাঁধের শুশ্রূষা করেছেন। তবে বেশ দ্রুতই সুস্থ হয়ে ওঠেন তিনি। তাঁর আঘাতটি গুরুতর নয় বলেই জানিয়েছে নিউজিল্যান্ডের টিম ম্যানেজমেন্ট।
টিম সাউদি নিজেও অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে উন্মুখ হয়ে আছেন। বিশ্বকাপে সময়টাও দারুণ যাচ্ছে এই বোলারের। এখন পর্যন্ত ১১ উইকেট নিয়ে প্রতিযোগিতায় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ৩৩ রান দিয়ে ৭ উইকেট নিয়ে তিনি গড়েছেন বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় সেরা বোলিং সাফল্যের নজির। অন্য ম্যাচ দুটিতেও তাঁর বোলিং ফণা তুলেছে বেশ ভালোভাবেই। এমন সময়ে সাউদি নিশ্চয়ই চাইবেন না চোটের কারণে মাঠ থেকে ছিটকে যেতে! তথ্যসূত্র: স্টাফ.কো নিউজিল্যান্ড