হঠাৎ দলে জুবায়ের, তাসকিনের চোট
ভারতের বিপক্ষে শেষ ওয়ানডের আগে চমক দিল ফারুক আহমেদের নির্বাচক কমিটি। কাল হঠাৎ করেই শেষ ম্যাচের দলে নেওয়া হলো ১৯ বছর বয়সী লেগ স্পিনার জুবায়ের হোসেনকে। দলে জুবায়েরের আগমনের পাশাপাশি শুনতে হয়েছে একটা দুঃসংবাদও। চোটে পড়ায় কাল রাত পর্যন্ত আজকের ম্যাচে কিছুটা অনিশ্চিত ছিলেন পেসার তাসকিন আহমেদ।
দ্বিতীয় ওয়ানডেতে বল করার সময় শরীরের এক পাশে ব্যথা অনুভব করেন তাসকিন। কাল অনুশীলনে স্পট বোলিংয়ের সময় সেটি আরও বেড়ে যায়। পরে এক্স-রে করানো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এক্স-রে রিপোর্ট টিম ম্যানেজমেন্টের হাতে আসেনি। তবে দলের একটি সূত্র জানিয়েছে, সামান্যতম সংশয় থাকলেও আজ একাদশের বাইরে রাখা হবে তাসকিনকে। জাতীয় দলের সামনে আরও অনেক খেলা। সে জন্যই কোনো ঝুঁকি নেওয়া হবে না।
জুবায়েরের দলে আসার সঙ্গে অবশ্য তাসকিনের চোটের সম্পর্ক নেই। প্রধান নির্বাচক ফারুক আহমেদের বক্তব্যেই সেটি পরিষ্কার, ‘বোলিং আক্রমণে আরেকটু বৈচিত্র্য আনতে টিম ম্যানেজমেন্ট জুবায়েরকে দলে চেয়েছে। আমাদেরও মনে হয়েছে ওকে নিলে বোলিংয়ে বৈচিত্র্য আসবে।’ জিম্বাবুয়ের বিপক্ষে গত হোম সিরিজে দুটি ওয়ানডে খেলে ৪ উইকেট নিয়েছেন জুবায়ের। এ ছাড়া ২ উইকেট নিয়েছেন ভারতের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ফতুল্লা টেস্টে।