হঠাৎ নামিবিয়ার ড্রেসিং রুমে পাকিস্তানি ক্রিকেটাররা
এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে চমক জাগানিয়া দল নামিবিয়া। বাছাইপর্ব পার করে মূল পর্বে এসেও ভালো ক্রিকেটের বিজ্ঞাপন হয়েছে দলটি। কাল পাকিস্তানের বিপক্ষে হারলেও নামিবিয়ার লড়াকু পারফরম্যান্সের প্রশংসা করছেন দর্শকেরা।
এমনকি ম্যাচ শেষে নামিবিয়ার ড্রেসিংরুমে গিয়ে তাদের খেলোয়াড়দের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা। এমন একটি ভিডিওই টুইটারে পোস্ট করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
কাল আগে ব্যাট করে ১৮৯ রান তুলে নামিবিয়ার সামনে রানের পাহাড় গড়ে দিয়েছিল পাকিস্তান। বড় রানের লক্ষ্যে নেমেও কখনো ভেঙে পড়েনি নামিবিয়া। সাধ্যমতো লড়েছে। শেষ পর্যন্ত ২০ ওভার ব্যাটিং করে ৫ উইকেটে ১৪৪ রান তুলে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে।
ম্যাচ শেষে নামিবিয়ার ড্রেসিং রুমে গিয়ে মোহাম্মদ হাফিজ, শাহিন শাহ আফ্রিদিরা সেটিই বলেছেন। তাদের শুভেচ্ছা জানিয়েছেন।
সেই ভিডিও টুইটারে পোস্ট করে পিসিবি লিখেছে, ‘টি টোয়েন্টি বিশ্বকাপ-যাত্রায় নামিবিয়া ক্রিকেট দলকে অভিনন্দন জানানোর জন্য তাদের ড্রেসিং রুমে পাকিস্তান ক্রিকেট দল।’
ভিডিওতে দেখা যায় দুই দলের খেলোয়াড়েরা নিজেদের মধ্যে কোলাকুলি করছেন। পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে ছবি তুলছেন নামিবিয়ার ক্রিকেটাররা। নামিবিয়ার ড্রেসিং রুমে খেলোয়াড়দের নিয়ে ঢুকে এক কর্মকর্তা বিশ্বকাপে তাদের অর্জনের প্রশংসা করছেন।
এবারের বিশ্বকাপে শুরু থেকেই চমক দেখিয়ে আসছে আইসিসির সহযোগী দেশ নামিবিয়া। নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডকে হারিয়ে উঠে আসে বিশ্বকাপের সুপার টুয়েলভে। এ পর্বে এসেও চমক অব্যাহত রাখে আফ্রিকার দেশটি। যে স্কটল্যান্ডের কাছে বাছাইপর্বে হেরেছিল বাংলাদেশ, তাদেরই ৪ উইকেটে হারায় নামিবিয়া।