হঠাৎ বৃষ্টিতে আবারও ম্যাচ নিয়ে সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে আবারও শুরু হয়েছে বৃষ্টি। ছবি : শামসুল হক
চট্টগ্রামে আবারও শুরু হয়েছে বৃষ্টি। ছবি : শামসুল হক

চট্টগ্রামের আকাশ কদিন ধরেই মেঘলা। তিন ধরেই ঝিরিঝিরি বৃষ্টি। এখনো আকাশের চেহারা তেমনই আছে। সকালে কিছুক্ষণের জন্য থামলেও পৌনে একটার দিকে আবারও শুরু হয়েছে বৃষ্টি। বাংলাদেশ-ইংল্যান্ডের সিরিজ নির্ধারণী ম্যাচ নিয়ে মাঝে যাও বা মৃদু আশা জেগেছিল, সেটিও এখন ধুয়ে যাওয়ার শঙ্কায়!

সকাল থেকে বৃষ্টি না থাকায় মূল কাভার তুলেও ফেলা হয়েছিল কিছু সময়ের জন্য। কিন্তু আবার বৃষ্টি নামায় মাঠের চেহারা সেই আগের মতোই। অবশ্য এরই মধ্যে দুই দল চলেও এসেছে মাঠে। কিন্তু বৃষ্টি-বাধায় তারা এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত শুরু করতে পারেনি ওয়ার্মআপ।

স্টেডিয়ামের বাইরে হাজার হাজার দর্শক অপেক্ষায় আছেন, কখন ঢুকবেন গ্যালারিতে। কিন্তু আবহাওয়ার যে অবস্থা, তাতে তাদের আশায় গুঁড়েবালি হওয়ার শঙ্কা!

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতা। মাঠের জমজমাট লড়াইয়ের ছবি দেখা গেছে প্রথম দুই ম্যাচে। ফাইনালে রূপ নেওয়া সিরিজের শেষ ম্যাচটির পাশে প্রশ্ন চিহ্ন বসিয়ে দিয়েছে বৃষ্টি! ম্যাচটি শেষ পর্যন্ত না হলে আফসোসের কারণ হবে দর্শকদের!

চট্টগ্রাম থেকে আপডেট: বেলা সোয়া একটা। বৃষ্টি একটু কমেছে। খেলোয়াড়, ম্যাচ রেফারি মাঠে এসেছেন।

দুপুর পৌনে দুইটা। অবস্থা অপরিবর্তিত। তবে মাঠ আবারও কাভারে ঢাকা।