হঠাৎ ভেন্যু বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার ক্রিকেট লিগের নবম রাউন্ডের প্রথম তিনটি ম্যাচ হওয়ার কথা ২৮ মে। এরই মধ্যে সূচিও ঘোষিত হয়ে গেছে। কিন্তু সব ক্লাবের মতামত না নিয়ে কাল হঠাৎ ওই দিনের তিনটি ম্যাচের ভেন্যু অদলবদল করেছে সিসিডিএম!
পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরশু প্রাইম দোলেশ্বর-আবাহনী ম্যাচটি নির্ধারিত ছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। বিকেএসপিতে সিসিএসের সঙ্গে হওয়ার কথা ছিল ১২ পয়েন্ট নিয়ে শীর্ষ দল মোহামেডানের ম্যাচ, ফতুল্লায় প্রাইম ব্যাংক ক্লাব-কলাবাগান একাডেমি ম্যাচ। কিন্তু কাল পরিবর্তিত সূচিতে তিন ম্যাচেরই ভেন্যু অদলবদল করেছে সিসিডিএম। আবাহনী-প্রাইম দোলেশ্বর ম্যাচটি এখন হবে বিকেএসপিতে, মিরপুরে প্রাইম ব্যাংক খেলবে কলাবাগান একাডেমির বিপক্ষে আর ফতুল্লায় খেলবে মোহামেডান-সিসিএস।
কাল বিকেলে পরিবর্তিত সূচি পেয়ে যেন আকাশ থেকে পড়লেন প্রাইম দোলেশ্বর ক্লাবের যুগ্ম সম্পাদক মোশতাক হোসেন। মুঠোফোনে তিনি অভিযোগ করলেন, ‘ভেন্যু বদলানোর কারণ জিজ্ঞেস করলে কোনো সদুত্তর দিতে পারেননি লিগের সমন্বয়ক আমিন খান। শুধু বলেছেন, বাইলজ অনুযায়ী ম্যাচের ২৪ ঘণ্টা আগে ভেন্যু পরিবর্তন করা যায়। কিন্তু তার একটা কারণ তো থাকতে হবে! তিনি কারণটা জানেন না।’
প্রাইম দোলেশ্বর কর্মকর্তাদের অভিযোগ, আবাহনীকে অন্যায় সুবিধা দিতেই ভেন্যু বদলানোর ‘চক্রান্ত’। গতবারের তুলনায় কম হলেও এবারও বেশ কয়েকটি ম্যাচে আবাহনীর বিরুদ্ধে আম্পায়ারদের প্রভাবিত করার চেষ্টার অভিযোগ উঠেছে। বিকেএসপির ম্যাচ কাভার করতে সংবাদকর্মী ও টেলিভিশন ক্যামেরা কম যায় বলে বিসিবির প্রভাবশালী পরিচালকদের ভারে ভারী আবাহনীর জন্য সেখানে এসব অন্যায় করা আরও সহজ বলে মনে করেন তাঁরা।
প্রাইম দোলেশ্বরের সুপার লিগ এরই মধ্যে অনেকটা নিশ্চিত। আবাহনীকে পরের ম্যাচে হারাতে পারলে সম্ভাবনা উজ্জ্বল হবে আরও। অন্যদিকে শেষ ছয় নিশ্চিত করতে আট ম্যাচে ৮ পয়েন্ট পাওয়া আবাহনীর জন্য লিগের বাকি তিনটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। এর যেকোনো একটি হারলেই শীর্ষ ছয় থেকে ছিটকে যেতে পারে তারা। সেটার প্রভাব পড়তে পারে ‘ভোটবাক্সে’ও।
গঠনতন্ত্র অনুযায়ী বিসিবির নির্বাচনে সুপার লিগের ছয় দলের প্রতিটি থেকে দুজন করে কাউন্সিলরের ভোটাধিকার থাকে। সুপার লিগের বাইরের দলগুলোর একজন করে। কাজেই শেষ ছয়ে উঠতে না পারলে আগামী নির্বাচনে আবাহনী থেকে কাউন্সিলর হতে পারবেন একজন। সুপার লিগে থাকার লড়াইটা তাই এক দিক দিয়ে হয়ে উঠেছে ভোটেরও লড়াই।
মুঠোফোনে আবাহনীর সহকারী কোচ শেখ মামুনের সঙ্গে যোগাযোগ করে বোঝা গেল, পরিবর্তনটা আবাহনীর অনুরোধেই হয়েছে। তবে তিনি কারণটা ব্যাখ্যা করলেন অন্যভাবে, ‘আবাহনীর খেলা মিরপুরে বেশি হয়ে যাচ্ছে। এ নিয়ে অনেকে অনেক কথা বলে। সে জন্য আমরা বলেছি, আমাদের অন্য মাঠে খেলা দিক। অন্য দলগুলো মিরপুরে খেলুক।’ বাস্তবে আট ম্যাচের মধ্যে মাত্র তিনটি ম্যাচই মিরপুরে খেলেছে আবাহনী। হেরেছে সেই তিনটিতেই।
হঠাৎ ভেন্যু বদলের ব্যাপারে জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন ধরেননি সিসিডিএমের প্রধান ও বিসিবির পরিচালক গোলাম মুর্তজা এবং প্রিমিয়ার লিগের সমন্বয়ক আমিন খান। সিসিডিএমের সদস্যসচিব রাকিব হায়দারের ফোন বন্ধই পাওয়া গেল।
ভেন্যু বদলানোর ব্যাখ্যা কি তাহলে সত্যিই নেই তাঁদের কাছে? নাকি ঢাকার ক্রিকেটে ক্ষমতার প্রদর্শনীতে মৌন সায় দিতে শুরু করেছে সিসিডিএমও!

আজকের খেলা
ভিক্টোরিয়া-কলাবাগান ক্রীড়াচক্র, সকাল ৯টা, মিরপুর
রূপগঞ্জ-সিসিএস, ৯টা, ফতুল্লা
ব্রাদার্স–শেখ জামাল, ৯টা, বিকেএসপি