হঠাৎ মুশফিকের চোট

বিশ্বকাপ দোরগোড়ায়। এ সময় খেলোয়াড়দের চোট মানেই নির্বাচক, ভক্ত-সমর্থকের কপালের ভাঁজ বেড়ে যাওয়া। এরই মধ্যে চোটাক্রান্ত হয়ে অস্ত্রোপচার করিয়েছেন তামিম ইকবাল। আজ হঠাৎ চোট পেলেন মুশফিকুর রহিম।
সকালে বিসিবি একাডেমি মাঠে প্রাইম দোলেশ্বরের হয়ে অনুশীলন করছিলেন মুশফিক। এ সময় ফুটবল খেলতে গিয়ে ধাক্কা খেয়ে কাঁধে চোট পান বাংলাদেশ টেস্ট অধিনায়ক। তবে বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী প্রথম আলোকে জানিয়েছেন, চোটটা গুরুতর নয়। দেবাশিস বললেন, ‘আগে থেকেই মুশফিকের কাঁধের সমস্যা ছিল। ডাইভ দিতে গিয়ে মাঝে মধ্যে কাঁধের জোড়টা নড়ে যায়, তবে সন্ধিচ্যুত হয় না। আজও জোড়টা নড়ে গেছে। শনিবার আমরা একটা স্ক্যান করাব। তারপর বোঝা যাবে চোট কতটা গুরুতর।’
বিশ্বকাপ প্রসঙ্গে তুলতেই দেবাশিস জানালেন, ‘চিন্তার কিছু নেই। চোটটা অতটা গুরুতর নয়। হয়তো সেরে উঠতে সপ্তাহ খানেক সময় লাগতে পারে।’ চোটের কারণে প্রিমিয়ার লিগের আগামীকালের ম্যাচটি খেলবেন না প্রাইম দোলেশ্বর অধিনায়ক মুশফিক।