হঠাৎই তিন পেসারের আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবুজাভ উইকেটে কীভাবে আগুন ঝরাতে হয়, বাংলাদেশের পেসাররাও সেটা জানেন তাহলে! বোশেজো স্টেডিয়ামের উইকেট কাল হয়ে উঠল আল আমিন-শফিউল-রবিউলদেরও স্বর্গ। আর তাতে সেন্ট লুসিয়া টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনের পুরোটাই বলতে গেলে বাংলাদেশের। অবশ্য খেলাটা তো আর শুধু বোলিংয়ের নয়, ব্যাটিংয়েরও। ওয়েস্ট ইন্ডিজকে ৪০০ রানের আগে আটকে ফেলেও সেই ব্যাটিংয়ের শুরুটাই হলো হোঁচট খেয়ে। ১ উইকেটে ২৫ রান নিয়ে চা-বিরতিতে গেছে বাংলাদেশ দল।
ইনিংসের ষষ্ঠ ওভারেই কেমার রোচের লেগ স্টাম্পের বাইরের বলে গ্লান্স করতে গিয়ে কট বিহাইন্ড হয়ে যান শামসুর। মাত্র ১৪ রানে ওপেনিং জুটি শেষ। চা-বিরতির সময় আরেক ওপেনার তামিম ইকবাল অপরাজিত ছিলেন ২৩ রানে, সঙ্গী এনামুল হকের (বিজয়) রান ১। চা-বিরতির আগের ওভারে অবশ্য বোলার শ্যানন গ্যাব্রিয়েল জোরালো এলবিডব্লুর আবেদন তোলেন তামিমের বিরুদ্ধে। আম্পায়ার আউট না দিলে রিভিউও চান। রিভিউতে দেখা গেছে যে বলটা পড়েছিল লেগ স্টাম্পের বাইরে। বেঁচে যান তামিম।
এর আগে দিনের প্রথম সেশনে মাত্র ১৮ রানের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের চার ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন বাংলাদেশের পেসাররা। এটা যেমন তৃপ্তি দিয়েছে, আছে লাঞ্চের আগেই ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করে দিতে না পারার অতৃপ্তিও। ২৬৯ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পরও শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের রান ৩৮০! ফিল্ডারদের সহজ ক্যাচ ছাড়া, অর্ধেক সুযোগকে পুরো সুযোগ বানাতে না পারার ব্যর্থতার সৌজন্যে শেষ দুই উইকেট হাতে রেখেই লাঞ্চ করতে যায় ওয়েস্ট ইন্ডিজ। সেই ২ উইকেট ফেলতে বাংলাদেশকে লাঞ্চের পর বল করতে হয়েছে আরও ১১ ওভার।
দিনের শুরু থেকেই পেসারদের নিখুঁত লাইন-লেংথ আর গতি কঠিন সংগ্রামে ফেলে দেয় আগের দিন অপরাজিত থাকা ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপল আর ড্যারেন ব্রাভোকে। ব্যাটসম্যানরা ব্যাট থেকে প্রথম রান নিতে পারলেন দিনের সপ্তম ওভারে। এর আগে আরও ২ রান যোগ হলেও দুটি রানই এসেছে দিনের চতুর্থ ও ষষ্ঠ ওভারে রবিউলের করা দুটি নো বল থেকে।
শেষ সেশনে কার্ক এডওয়াডর্সও মাহমুদউল্লাহর বলে কট বিহাইন্ড হয়ে গেলে ৩ উইকেটে ২৪৬ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। কাল সেই ওয়েস্ট ইন্ডিজের স্কোরই লাঞ্চের সময় ৮ উইকেটে ৩৪১। ৯৫ রানের মধ্যে ৫ উইকেট তুলে নেওয়ার কৃতিত্ব বাংলাদেশের পেসারদেরই। এ ধরনের উইকেটে ভালো জায়গায় বল ফেললে যা হয়, বোশেজোতেও তাই হলো। লাঞ্চের আগে ওয়েস্ট ইন্ডিজের যে ৫টা উইকেট পড়েছে, তার ৪টাই গতিতে বিভ্রান্ত হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে।
দিনের অষ্টম ওভারে প্রথম আঘাতটা রবিউলের বলে। অফ স্টাম্পের বেশ বাইরের বল তাড়া করতে গিয়ে কট বিহাইন্ড ব্রাভো। ১০১তম ওভারে জোড়া আঘাতে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান আল আমিন। ওভারের পঞ্চম বল, আল আমিন সম্ভবত নিজের সেরা ডেলিভারিটাই দিলেন। জার্মেইন ব্ল্যাকউডের ব্যাটের কানায় লেগে বল প্রথম জমা পড়ে স্লিপে দাঁড়ানো এনামুল হকের (বিজয়) হাতে। পরের বলটা পড়েই লাফিয়ে উঠল, দিনেশ রামদিন কিছু বুঝে ওঠার আগেই কট বিহাইন্ড। কেমার রোচকে মুশফিকের গ্লাভসবন্দী করে শফিউল আরও একটা ধাক্কা দেন পরের ওভারে।
২৬৯ রানে ৭ উইকেট ফেলে দিয়েও যে বাংলাদেশের বোলাররা ওয়েস্ট ইন্ডিজের টুঁটিটা আরও শক্ত করে চেপে ধরতে পারেনি, সেটা ফিল্ডারদের ব্যর্থতায়। আগের দিন ব্যক্তিগত ৪ রানের সময় আল আমিনের বলে স্লিপে চন্দরপলের সহজ ক্যাচ ছাড়েন নাসির। অত সহজ না হলেও চন্দরপল সুযোগ কালও একটা দিয়েছিলেন। কিন্তু নাসির চেষ্টা করেও পারেননি মাথার ওপর দিয়ে উড়ে যাওয়া বলটাতে হাত লাগাতে। এই সুযোগে চন্দরপল করে ফেললেন টেস্টে নিজের ৬৫তম ফিফটি, শেষ পর্যন্ত অপরাজিত ৮৪ রানে। সহজ ক্যাচ পড়েছে আরও একটা। শফিউলের বলে ব্যক্তিগত ১৮ রানের সময় আকাশে বল তুলে দিয়েও জেরোম টেলর বেঁচে গেছেন মুমিনুলের পিচ্ছিল হাতের কল্যাণে।
‘দ্বিতীয় জীবন’ কাজে লাগাতে ভুল করবেন কেন চন্দরপল আর টেলর! দলের রান ৩০০ পার করিয়ে অষ্টম উইকেটে গড়ে ফেললেন ৫৪ রানের জুটি। ঝোড়ো ব্যাটিং করে তাতে দুই ছক্কা আর পাঁচ বাউন্ডারিতে টেলরের একারই ৩১ বলে ৪০! ইনিংসের ১০৯তম ওভারে এক প্রান্ত থেকে পেস থামিয়ে মুশফিক আক্রমণে আনেন বাঁহাতি স্পিনার তাইজুলকে। তাইজুল সেটার প্রতিদানও দিলেন। এই সেশনে নিজের দ্বিতীয় ওভারে ক্রমেই আতঙ্ক হয়ে ওঠা টেলরকে মাহমুদউল্লাহর ক্যাচ বানান লং অনে। লাঞ্চের পর শেষ দুটি উইকেট নেন আল আমিন ও রবিউল।
কিন্তু তাতে কি আর হারিয়ে ফেলা ছন্দ ফিরিয়ে আনা যায়! সেন্ট লুসিয়া টেস্টে বাংলাদেশ দলের ভবিষ্যৎ তাই অনেকটাই নির্ভর করছিল কাল শেষ সেশনের ব্যাটিংয়ের ওপর।

সর্বশেষ
চা-বিরতির পর খেলা হয়েছে আরও ৫ ওভার। আর কোনো উইকেটও হারায়নি বাংলাদেশ। তামিম ৩২ ও এনামুল ৯ রানে ব্যাট করছিলেন। বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৪৩।