এটাই তো আসল দক্ষিণ আফ্রিকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাদেজার আঁটসাঁট বোলিংয়ের সামনে বিপাকে দক্ষিণ আফ্রিকা। ছবি: রয়টার্স
জাদেজার আঁটসাঁট বোলিংয়ের সামনে বিপাকে দক্ষিণ আফ্রিকা। ছবি: রয়টার্স

শুরুটা ভালোই হয়েছিল দক্ষিণ আফ্রিকার। ওভালে ভারতের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৭৬ রান তুলেছেন কুইন্টন ডি কক ও হাশিম আমলা। কিন্তু চাপের মুখে নিজেদের চরিত্রটা আবারও মনে করিয়ে দিল দক্ষিণ আফ্রিকা। অলিখিত কোয়ার্টার ফাইনাল হয়ে ওঠা ম্যাচে ১৯১ রানে অলআউট হলো। ৭৫ রানে শেষ ৯ ব্যাটসম্যান আউট হয়ে ফিরেছেন!

বিনা উইকেটে ৭৬ থেকে আমলা ফেরার পরও ১ উইকেটে ১১৬ তুলল তারা। অন্য ওপেনার ডি কক ফেরার সঙ্গে সঙ্গে যেন ভূতে পেল। এরপর ব্যাটসম্যানদের যাওয়া-আসার মিছিল! প্রথম ৬ ব্যাটসম্যানের পাঁচজনই দুই অঙ্ক ছুঁয়েও ৪৪.৩ ওভারে অলআউট। এটাই তো সেই চিরচেনা দক্ষিণ আফ্রিকা! টুর্নামেন্টের অন্যতম ফেবারিটরা এখন বাদ পড়ার মুখে। সেমিফাইনালে এক পা দিয়ে রাখল ভারত। যদি না প্রোটিয়া বোলাররা অবিশ্বাস্য কিছু করে দেখায়।
প্রথমে রবিচন্দ্রন অশ্বিনের বলে উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনির ক্যাচ হয়ে ফিরলেন আমলা। ৫৩ রানে বড় কিছু করার স্বপ্ন দেখতে থাকা ডি কককে ফেরালেন রবীন্দ্র জাদেজা। বড় সংগ্রহের ভিত্তির ওপর দাঁড়িয়ে পরপর দুটি রান আউট। আবারও প্রমাণ হলো, চাপ নিতে পারে না প্রোটিয়ারা। টানা দুই ওভারে দলের দুই মেরুদণ্ড ডি ভিলিয়ার্স ও ডেভিড মিলার রান আউট হয়ে সর্বনাশের চূড়ান্ত হয়েছে।
জাদেজার বলে পয়েন্ট আর কাভারের মাঝখানে ঠেলে দিয়েই রান নিতে চেয়েছিলেন ফাফ ডু প্লেসি। এবি ডি ভিলিয়ার্স তাতে সাড়া দিয়ে নিজের ও দলের বিপদ ডেকে আনলেন। হার্দিক পান্ডিয়ার দারুণ থ্রোতে ধোনির তৎপরতায় রান আউট ডি ভিলিয়ার্স। ভিলিয়ার্সকে হারানোর ধাক্কা সামলাতে না সামলাতেই ডু প্লেসির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট ডেভিড মিলার (১)। একটু পরেই পান্ডিয়ার বলে বোল্ড এক প্রান্ত সামলে রাখা ডু প্লেসি (৩৬)।
শেষ ভরসা হিসেবে ডেপি ডুমিনি একপ্রান্তে টিকে রইলেন। অপরাজিত থাকলেন ২০ রানে। কিন্তু লোয়ার অর্ডার তাঁকে সঙ্গ দিতে রাজি হলো না। একের পর এক ব্যাটসম্যান নামলেন আর ফিরে এলেন। ক্রিস মরিস (৪), ফিকোয়াও (৪), কাগিসো রাবাদা (৫), মরনে মরকেল (০), ইমরান তাহির (১)। ডুমিনি যখন ১৮ রানে অপরাজিত, তখনো দলের হাতে ৪ উইকেট ছিল। ডুমিনি নামের পাশে ২ রান যোগ করতে না করতেই সব শেষ!
ভারতীয় বোলারদের একক নায়ক নেই। শুরুর জুটিটা ভেঙেছেন স্পিন বোলিংয়ের জুটি হিসেবে ফেরা অশ্বিন-জাদেজা। ভুবনেশ্বর তাঁর দুটি উইকেট নিয়েছেন ৪৩তম ওভারে পরপর দুই বলে। লোয়ার অর্ডারে জোড়া আঘাত হেনেছেন জসপ্রীত বুমরাহও। পান্ডিয়া ফিরিয়েছেন ডু প্লেসিকে, যে উইকেটটাও ভীষণ গুরুত্বপূর্ণ। বাকি তিন ব্যাটসম্যান রান আউট!