
একের পর এক চোট, বয়স ৩৬ ছুঁই ছুঁই। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় বলার সময় এসেই গেল। কিন্তু নিউজিল্যান্ড ক্রিকেট ড্যানিয়েল ভেট্টোরিকে ছাড়ছে কই? শারজায় আজ শুরু পাকিস্তানের সঙ্গে তৃতীয় টেস্টের স্কোয়াডে ডাক পেয়েছেন এই অলরাউন্ডার!
টেস্ট ক্রিকেট! ২০১২-এর জুলাইয়ের পর আর টেস্ট খেলেননি ভেট্টোরি। নিজেই বলেছিলেন, তাঁর সব মনোযোগ সীমিত ওভারের ক্রিকেটে। তাহলে কেন এই প্রত্যাবর্তন?
নিউজিল্যান্ড কোচ মাইক হেসন জানাচ্ছেন, ‘প্রথম দুই টেস্ট থেকে এটি পরিষ্কার, এই ধরনের কন্ডিশনে স্পিন কতটা গুরুত্বপূর্ণ। আমাদের ধারণা, শারজার পিচ সবচেয়ে ধীরগতির হবে। ড্যানের (ভেট্টোরি) অভিজ্ঞতার ভান্ডার অফুরন্ত। এ ধরনের কন্ডিশনে সে কতটা কার্যকর, নতুন করে তা বলার কিছু নেই।’
নিউজিল্যান্ড ‘এ’ দলের সঙ্গে এখন আরব আমিরাতে আছেন ভেট্টোরি। সেখান থেকেই পরশু অনুশীলনে যোগ দেন টেস্ট দলের সঙ্গে। যদিও তাঁর টেস্ট খেলার মতো ফিটনেস আছে কি না, প্রশ্ন থাকছেই। বছরের শুরুতে ভেট্টোরিকে পিঠের ব্যথা কমাতে ব্যথানাশক ইনজেকশন নিতে হয়েছে। নিউজিল্যান্ড কোচ অবশ্য বলছেন, এই প্রত্যাবর্তন আপাতত পরিস্থিতির দাবি মেটাতে, ‘এর মানে এই নয় যে, ড্যানকে ভবিষ্যতেও টেস্ট খেলতে হবে। কিন্তু এ রকম এক ভিন্ন পরিস্থিতিতে ওকে খেলানোর দারুণ এক সুযোগ এটি।’
শারজা টেস্টে অনভিজ্ঞ সোধি-ক্রেগ জুটির সঙ্গে যদি দেখা মেলে ভেট্টোরির, পাকিস্তানের বাবর-ইয়াসির স্পিন জুটির সঙ্গে ভালোই লড়াই হওয়ার কথা! ক্রিকইনফো।