হঠাৎ অবসর মালিকের

ফেরায় যেমন চমকে দিয়েছিলেন, বিদায়টাও হয়ে রইল নাটকীয়। পাঁচ বছর পর টেস্ট ক্রিকেটে ফিরেছিলেন শোয়েব মালিক। কাল শারজা টেস্টের তৃতীয় দিন শেষে সবাইকে অবাক করে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের এই অলরাউন্ডার।
টেস্ট ক্যারিয়ারের শেষ দিনটাও মালিকের জন্য ঘটনাবহুলই হয়ে রইল। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন, ৩৩ রানে পেয়েছেন ৪ উইকেট। পরে ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হয়ে গেছেন জেমস অ্যান্ডারসনের বলে। দলে ফেরার পর প্রথম ইনিংসেই করেছিলেন ২৪৫ রান। এর পরের পাঁচ ইনিংসে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক—সব মিলিয়ে করতে পেরেছেন মাত্র ৪৭ রান। এর মধ্যে আবার দুটি শূন্য। মালিক অবশ্য বললেন, অবসরের সিদ্ধান্তটা সিরিজের প্রথম টেস্টের পরেই নিয়ে নিয়েছিলেন, ‘ডাবল সেঞ্চুরি করার আগেই এটা নিয়ে ভাবতে শুরু করে দিয়েছিলাম। পরিবারকে সময় দেওয়ার কথা ভেবেই আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। আরও কিছুদিন হয়তো খেলতে পারতাম, তবে আমার মনে হয়েছে অবসর নেওয়ার এখনই সবচেয়ে ভালো সময়। দলটা দাঁড়িয়ে যাচ্ছে; হারিস সোহেল, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সোহাইব মাকসুদের মতো প্রতিভাবানরা উঠে এসেছে।’
২০০১ সালে বাংলাদেশের বিপক্ষে মুলতানে অভিষেক হয়েছিল মালিকের। এরপর ৩৫ টেস্টে তিনটি সেঞ্চুরিসহ করেছেন ১৮৯৮ রান। অফস্পিনে নিয়েছেন ২৯ উইকেট। টেস্ট ক্রিকেটের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেললেও ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার খেলে যাবেন ওয়ানডে ও টি-টোয়েন্টি। ইচ্ছে আছে ২০১৯ বিশ্বকাপেও খেলার! এএফপি।