হঠাৎ চাপে বাংলাদেশ

অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে মাহমুদউল্লাহর জুটিটি দারুণ জমে উঠেছিল। কিন্তু তিন অঙ্কে পা রাখার ৬ রান আগেই ভেঙে গেল তা। ভাঙলেন ৪০০ উইকেটের ক্লাবে আজ নিজের নাম লিখিয়ে দারুণ ফুরফুরে ডেল স্টেইন। একটু রিভার্স হয়ে আসা তাঁর বলটিতে ফ্লিক খেলেই নিজের বিপদ ডেকে আনেন মাহমুদউল্লাহ। শর্ট মিড উইকেটে তাঁর ক্যাচটি সহজেই লুফে নেন তেম্বা বাভুমা।
নিজের ইনিংসটি প্রায় দাঁড় করিয়েই ফেলেছিলেন তিনি। ৯১ বল খেলে ৩টি চারে তাঁর ৩৫ রানের ইনিংসটি বড় না হওয়া দুর্ভাগ্যই।
দুর্ভাগ্য অধিনায়ক মুশফিকুর রহিমেরও। দারুণ ব্যাট করছিলেন তিনি। দীর্ঘ রান খরার পর আজ রানের বৃষ্টিতে ভিজছিলেন বাংলাদেশের ‘লিটল মাস্টার।’ কিন্তু ৬৫ রানে উইকেটের পেছনে ধরা পড়লেন তিনি ডিন এলগারের বলে। নিজের আউটটির রিভিউও চেয়েছিলেন তিনি। বলটি মুশফিকের গ্লাভস বা ব্যাট ছুঁয়ে বাঁক খেয়ে উইকেট রক্ষকের কাছে গেছে কিনা, রিভিউয়ে দেখার বিষয় ছিল ওটাই। দীর্ঘক্ষণ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখেও তৃতীয় আম্পায়ার খুব যে স্থির সিদ্ধান্তে পৌঁছতে পেরেছেন, তা কিন্তু বলা যায় না। কিন্তু তারপরেও তিনি আউট। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে মুশফিকুর রহিম যে খুব খুশি হয়েছেন—এ কথা কিন্তু বলা যায় না।
আউট হওয়ার আগে মুশফিক সাকিবের সঙ্গে আরও একটি কার্যকর জুটির প্রতিশ্রুতি দিচ্ছিলেন। কিন্তু ৩৫ রানেই থামে এই যুগল। তবে মাঠে নেমেই লিটন দাস যেভাবে আউট হলেন, তার ফুটেজ পরে দেখে তিনি নিজেই লজ্জা পেয়ে যেতে পারেন। জেপি ডুমিনির একটি নিরীহ-দর্শন বলে লেগ সাইডে অদ্ভুতূরে এক শট খেলে বিদায় নেন তিনি। শর্ট মিড উইকেটে দাঁড়িয়ে তাঁর ‘উপহার’টি গ্রহণ করেন ডিন এলগার।
এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৬ উইকেটে ২২১। লিটন দাসের পর উইকেটে এসেছেন নাসির হোসেন। সাকিব অপরাজিত আছেন ২৪ রানে।