হঠাৎই ভারত সফর শেষ ওয়েস্ট ইন্ডিজের!

ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের আর্থিক সমস্যাটা সৃষ্টি হয়েছিল ভারত সফরের আগেই। সেটি মীমাংসা তো হলোই না, উল্টো বাড়ল। আর এ কারণেই সিরিজ চলার সময়ই সফর বাতিল করল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)। এর ফলে আজ ধর্মশালায় চলমান ম্যাচটি ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ম্যাচ। বাতিল হলো সিরিজের শেষ ওয়ানডে, একটি টি-টোয়েন্টি ও তিন টেস্ট।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) শীর্ষস্থানীয় এক কর্তা ডব্লিউআইসিবির সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। বিসিসিআই চেষ্টা করছে দ্রুত আরেকটি দল আনার। এ ক্ষেত্রে শ্রীলঙ্কা সবচেয়ে বেশি পছন্দ। টুইটারে বিসিসিআই জানিয়েছে, সফরকারী দলের এ সিদ্ধান্ত ‘হতাশ ও ধাক্কা খেয়েছে তারা’। বিসিসিআইর সেক্রেটারি সঞ্জয় পেটেল ক্রিকইনফোকে বলেছেন, ‘তারা তাদের দল ফিরিয়ে নিচ্ছে। খবরটি একদম আকস্মিক। আজ সকালে এ ব্যাপারে ওয়েস্ট ইন্ডিজ দলের ম্যানেজার রিচি রিচার্ডসনের একটি ই-মেইল আমরা পেয়েছি।’ সাংঘাতিক কিছু ঘটতে যাচ্ছে—চতুর্থ ওয়ানডের আগে ক্যারিবিয়ান অধিনায়ক ডোয়াইন ব্রাভো এমন কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন। টসের সময় ধারভাষ্যকর ইয়ান বিশপকে বলেছিলেন, ‘সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে।’
কিন্তু কেন এমন সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের? ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের আগেই ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটাররা হুমকি দিয়েছিলেন, তাঁদের পাওনাসংক্রান্ত সমস্যার সুরাহা না হলে ম্যাচ বয়কট করবেন। খেলোয়াড়দের অভিযোগ মূলত ক্যারিবীয় ক্রিকেটারদের সংগঠন (ডব্লিউআইপিএ) ও ডব্লিউআইসিবির বিরুদ্ধে। ডব্লিউআইপিএ ও ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড গত সেপ্টেম্বরে খেলোয়াড়দের বেতন-ভাতার ব্যাপারে এক চুক্তি স্বাক্ষর করে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের খেলোয়াড়েরা মনে করেন এই চুক্তির মাধ্যমে ডব্লিউআইপিএ তাঁদের স্বার্থের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছে। নতুন এই চুক্তিতে আন্তর্জাতিক ক্রিকেটারদের পাওনা কমে যাচ্ছে—ক্রিকেটারদের মূল অভিযোগ এটিই। সূত্র: ক্রিকইনফো।
আরও পড়ুন :