হতাশা আছে, ক্ষোভ নেই

জিম্বাবুয়ের কাছে হেরে হতাশায় ডুবেছে পাকিস্তান, তবে সেটি আক্ষেপ ছড়িয়েছে সেই সুদূরের ক্যারিবীয় দ্বীপপুঞ্জে।
৩ অক্টোবর না হয়ে এই ম্যাচটা ৩০ সেপ্টেম্বরে হলে যে পাকিস্তানকে টপকে ২০১৭ সালে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে খেলত ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়ের কাছে হেরে পাকিস্তান নেমে গেছে ওয়ানডে র্যা ঙ্কিংয়ের নয় নম্বরে। আট নম্বরে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু এখন তাতে কী লাভ!
হারারেতে সিরিজের দ্বিতীয় ম্যাচটি ছিল যেন রোমাঞ্চে ঠাসা কোনো হলিউডি ছবি। প্রায় ৪২ ওভার পর্যন্ত ক্রিজে থেকে জয়টাকে যখন প্রায় দৃষ্টিসীমায় এনে ফেলেছেন শোয়েব মালিক, তখনই আম্পায়াররা পাকিস্তানকে বিস্মিত করে খেলা শেষ করে দেন আলোকস্বল্পতার কারণে। অনেক নাটকীয়তার মধ্যে জিম্বাবুয়ে শেষ পর্যন্ত ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ম্যাচটি জেতে ৫ রানে। তবে ৯৬ রানে অপরাজিত থাকা পাকিস্তানি ব্যাটসম্যান শোয়েব মালিক মনে করেন জিততে পারতেন তাঁরাই, ‘তখন যেভাবে ব্যাট করছিলাম, ম্যাচটি আমাদের দিকেই ঝুঁকে ছিল। অবশ্য আইসিসির কিছু নিয়ম আছে যেগুলো আমাদের মানতে হয়।’ নিয়মের প্রতি শ্রদ্ধাশীল ৩৩ বছর বয়সী অলরাউন্ডার তাঁর হতাশাও গোপন করেননি, ‘আমি মনে করি সব মিলিয়ে দারুণ একটা ম্যাচ হয়েছে, কিন্তু দিন শেষে সমাপ্তিটা ছিল খানিকটা হতাশাজনক। কিন্তু পেশাদার একজন ক্রিকেটার ও দেশের প্রতিনিধি হিসেবে আপনাকে কিছু নিয়ম মানতেই হবে।’
আম্পায়ারদের খেলা বন্ধ করে দেওয়ার কারণটা জানা গেল জিম্বাবুয়ে অধিনায়ক এলটন চিগুম্বুরার কাছ থেকে, ‘আম্পায়াররা বল দেখতে পাচ্ছিলেন না। তাই তিনি পাকিস্তানের ব্যাটসম্যানদের বলেছেন, “আমরা বেরিয়ে যাচ্ছি”।’ আম্পায়ার খেলা বন্ধ করে দেওয়ার সময় ১২ বলে ২১ রান দরকার ছিল পাকিস্তানের। চিগুম্বুরা অবশ্য মনে করেন জয়টা জিম্বাবুয়েরই প্রাপ্য ছিল, শুধু ফিল্ডিংয়ে নিজেদের কিছু ভুলের কারণেই জয়ের কাছাকাছি যেতে পেরেছে পাকিস্তান, ‘ক্রিকেটে শেষ বল পর্যন্ত আপনি নিশ্চিত হতে পারেন না। কিন্তু ফিল্ডিংয়ের সময় নিজেদের কিছু ভুলের কারণে ওরা এতটা কাছে আসতে পেরেছিল।’ ক্রিকইনফো।