হতাশা ও তৃপ্তি একসঙ্গেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টিভেন ফ্লেমিং
স্টিভেন ফ্লেমিং

এগিয়ে আসছে বিশ্বকাপ। ক্রিকেটের মহোৎসব সামনে রেখে আইসিসির ওয়েবসাইটে বিশ্বকাপ নিয়ে স্মৃতিচারণা করছেন সাবেক ক্রিকেটাররা। আজ থাকছে সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক স্টিভেন ফ্লেমিংয়ের কথা
কখনো যদি কারও মনে প্রশ্ন জাগে, কোনো ব্যাপার নিয়ে একই সঙ্গে চরম হতাশ কিন্তু তৃপ্ত হওয়া সম্ভব? আমার ক্ষেত্রে উত্তর—হ্যাঁ! ভাবতে পারেন, পুরো বিপরীত দুটো অনুভূতি একই সঙ্গে থাকে কী করে! কিন্তু নিউজিল্যান্ডের বিশ্বকাপ অভিযানকে সবচেয়ে ঠিকভাবে বোঝাতে পারে এটিই। হতাশা আর তৃপ্তি একসঙ্গেই। বিশেষ করে আমার খেলোয়াড়ি জীবনে।
আমার সময়ে ১৯৯৯ ও ২০০৭ বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছি আমরা। কিন্তু একবারও ফাইনালে উঠতে পারিনি, ট্রফি ছুঁয়ে দেখা তো বহুদূর। পাশাপাশি এটাও মনে রাখতে হবে, দুবারই আমরা হেরেছি আমাদের চেয়ে দক্ষ এবং শ্রেয়তর দলের কাছে। আর আমাদের মতো দেশে, যেখানে ক্রিকেট এক নম্বর খেলা নয় এবং অনেক সীমাবদ্ধতা আছে, সেসব বিবেচনায় নিলে বিশ্বকাপে আমরা খারাপ করিনি। বরং কখনো কখনো প্রত্যাশাকেও ছাপিয়ে গেছি। ছয়-ছয়বার সেমিফাইনাল খেলেছি আমরা। এই রেকর্ড অবশ্যই গর্ব করার মতো।

যদিও সত্যি বলতে, আরেকটু এগিয়ে যেতে না-পারা, বারবার কাছে গিয়ে শেষ পর্যন্ত ফাইনালের মঞ্চে উঠতে না-পারা আমাকে ভাবিয়েছে অনেক। তবে আগের দলগুলোর কথা বলতে পারি না। আমি যে দলকে নেতৃত্ব দিয়েছি, অত দূর যেতে পেরে আমরা ছিলাম উচ্ছ্বসিত। তার মানে এই নয় যে হাল ছেড়ে দিয়েছি। বরং আরও বড় কিছু পাওয়ার স্বপ্ন বুকে ধরে আছি এখনো।
আবেগগুলো পাশে সরিয়ে, আমার সময়ের দুটি সেমিফাইনালে পেছন ফিরে তাকিয়ে পরিষ্কার ধরতে পারি আমাদের ভুলগুলো। ১৯৯৯ বিশ্বকাপে ওল্ড ট্রাফোর্ডে ওয়াসিম আকরাম, শোয়েব আখতার ও সাকলায়েন মুশতাক-সমৃদ্ধ পাকিস্তানের অসাধারণ বোলিং লাইনআপের বিপক্ষে আমরা যথেষ্ট রান করতে পারিনি (২৪১)। আমিসহ চারজন সেদিন ৩০ ছাড়িয়েছিলাম, কিন্তু পঞ্চাশ ছুঁতে পারিনি কেউ। বোলিংয়ে তাই প্রয়োজন ছিল দ্রুত উইকেট নিয়ে ওদের চাপে ফেলা। কিন্তু আমাদের সেরা পেসার ও টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি জিওফ অ্যালট প্রত্যাশিত সুইং পেল না। সাঈদ আনোয়ার ও ওয়াজাহাতউল্লাহ ওয়াস্তি উদ্বোধনী জুটিতেই ১৯৪ রান তুলে আমাদের ছিটকে দিল।

নিজে দারুণ খেললেও ফ্লেমিংয়ের দল পারেনি ২০০৩ বিশ্বকাপের সুপার সিক্স উতরাতে
নিজে দারুণ খেললেও ফ্লেমিংয়ের দল পারেনি ২০০৩ বিশ্বকাপের সুপার সিক্স উতরাতে

আট বছর পর, শ্রীলঙ্কার বিপক্ষে সেমিফাইনালে আমরা জ্যামাইকায় এমন উইকেট পেলাম, সেটি যতটা না ক্যারিবিয়ান, তার চেয়ে অনেক বেশি উপমহাদেশীয়। শ্রীলঙ্কার দলটি ছিল দারুণ, একসঙ্গে বাজে দিন এল আমাদের অনেকেরই। স্রেফ উড়ে গিয়েছিলাম আমরা।
২০০৩ বিশ্বকাপের কথা ভাবলে আমার খুব হতাশ ও কেমন খালি খালি লাগে। বিশ্বকাপে আমার সেরা মুহূর্তটি এসেছিল ওই বিশ্বকাপেই। ডোনাল্ড-এনটিনি-পোলক-ক্যালিসদের বিপক্ষে জোহানেসবার্গে অপরাজিত ১৩৪ রানের ইনিংস খেলেছিলাম। যে দলটি ছিল আমাদের, শেন বন্ড তখন সেরা ফর্মে, সঙ্গে কেয়ার্নস-ভেট্টোরি-অ্যাস্টল-ম্যাকমিলান-স্টাইরিস, ওরাম-ম্যাককালামের মতো তরুণ ক্রিকেটার, সুপার সিক্স উতরানো উচিত ছিল আমাদের।
এই দলটি কি পারবে সব পূর্বসূরিকে ছাড়িয়ে ফাইনালে উঠতে, এমনকি বিশ্বকাপ জিততে পারে? আমার বিশ্বাস, পারবে। এই দলটি দারুণ নৈপুণ্যে ভাস্বর। অ্যাডাম মিলনে হয়ে উঠতে পারে ‘এক্স ফ্যাক্টর’। ওর সামর্থ্য আছে ১০০ মাইল গতিতে বল করার। দল যদি শুরুতে গতি পেয়ে যায় আর টুর্নামেন্টজুড়ে তিন-চারজন ক্রিকেটার দুর্দান্ত ফর্মে থাকে, এই দল হয়ে উঠতে পারে অদম্য।
১৯৯২ বিশ্বকাপের সময় অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আমি ছিলাম ভারতে। মনে আছে, মুম্বাইয়ে প্রায় মাঝরাতে ঘুম থেকে উঠে পুরোনো এক টেলিভিশনে আমরা দেখেছিলাম উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের জয়। তখন থেকেই আমরা সবাই স্বপ্ন এঁকেছিলাম চোখে। দেশের হয়ে খেলব বিশ্বের সেরা আসরে, দেশকে এনে দেব বিশ্বকাপ শিরোপা...।
এই প্রজন্মের কিউই ক্রিকেটারদের স্বপ্নও নিশ্চয়ই এটিই!