হতাশা নিয়ে ফিরছেন ইমরুল

সকাল সাড়ে ১০টায় যখন এই প্রতিবেদকের সঙ্গে কথা বলছিলেন, ইমরুল কায়েস তখন কলকাতা বিমানবন্দরে। আজই হায়দরাবাদ থেকে এসে অপেক্ষা করছিলেন ঢাকায় ফেরার বিমান ধরার জন্য। কলকাতা থেকে দুপুর ১২টা ৫০-এর ফ্লাইটে ঢাকায় ফিরবেন ঊরুর চোটে ভারত সফর থেকে ছিটকে পড়া এই বাঁহাতি ওপেনার। ফিরবেন একরাশ হতাশা নিয়েই। তবে চোট ফিরে আসার জন্য নয়। ভারতের বিপক্ষে ভারতের মাটিতে প্রথম টেস্ট ম্যাচটা না খেলতে না পারাটাই তাঁকে পোড়াচ্ছে সবচেয়ে বেশি।
মুঠোফোনে হতাশাটা লুকাতে পারলেন না ইমরুল, ‘এর চেয়ে অনেক কঠিন পরিস্থিতিতে আমরা খেলি। তা ছাড়া টেস্ট শুরুর আগে সময় ছিল। গতকাল রাতেও আমার মনে হচ্ছিল আমি হয়তো আগামীকালের মধ্যে ফিট হয়ে যেতে পারব।’
ইমরুল ঊরুর চোটে পড়েন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে। দেশে ফিরে কয়েক দিনের পুনর্বাসন প্রক্রিয়ার পর বিসিবির চিকিৎসকেরা বলেছিলেন, ভারত সফরের প্রস্তুতি ম্যাচের আগে হয়তো পুরোপুরি ফিট হবেন না তিনি। তবে ৯ ফেব্রুয়ারি থেকে হায়দরাবাদে শুরু একমাত্র টেস্টের আগে পুরোপুরি ফিট হয়ে যাবেন তিনি। এরপরও ইমরুলকে দলে নেওয়ায় ধারণা করা হচ্ছিল, হয়তো আরও কয়েক দিনের পুনর্বাসনের পর তাঁকে একবারে টেস্টেই খেলানো হবে। কিন্তু চোট থাকা অবস্থাতেই তাঁকে নামিয়ে দেওয়া হলো প্রস্তুতি ম্যাচে এবং সেখানেই ঘটল অঘটন। ফিল্ডিংয়ের সময় একটি থ্রোয়ে ব্যাকআপ করার জন্য বল থামাতে গিয়েছিলেন পা বাড়িয়ে। চোটের জায়গাটা ব্যথায় টনটন করে ওঠে তখনই।
ইমরুলের বিশ্বাস, প্রস্তুতি ম্যাচটা না খেললে টেস্টে খেলতে পারতেন পুরো ফিটনেস নিয়েই, ‘চোটের জায়গাটা পুরোপুরি ঠিক না হওয়ায় ফিজিও বলেছিলেন, রিহ্যাবের সময়টাতে আমি যেন কঠিন কিছু না করি। কিন্তু বোঝেনই তো, ম্যাচ খেললে, বিশেষ করে প্র্যাকটিসে অনেক দৌড়াদৌড়ি করতে হয়।’
ফিজিরও মানার পরেও ইমরুল প্রস্তুতি ম্যাচ কেন খেললেন, প্রশ্ন এখন এটিই। এই প্রশ্নের উত্তর অবশ্য ইমরুলের কাছে নেই। তাঁকে যদি টেস্টের আগে পুরো সুস্থ হওয়ার সময়টুকুই না দেওয়া হবে, তাহলে দলেই–বা নেওয়া হলো কেন? এটিও জানার কথা নয় ইমরুলের।
চোটের পরও যখন তাঁর মনে হলো, আগামীকালের মধ্যেই পুরো সুস্থ হয়ে যাবেন, তাহলে আরও একটু অপেক্ষা কেন করল না টিম ম্যানেজমেন্ট? কেন কোনো ফিটনেস পরীক্ষা ছাড়াই দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হলো তাঁকে? এসব ব্যাপারে ইমরুলের উত্তর, ‘তাঁরা কোনো ঝুঁকি নিতে চাননি। ফিজিও বলেছেন, “তুমি দেশে গিয়ে রিহ্যাব করো।”’
কোচ চন্ডিকা হাথুরুসিংহে দলে ফিরতে আবার ইমরুলকে একটা শর্তও দিয়ে দিয়েছেন। দেশে ফিরেই দুটি ম্যাচ খেলতে হবে তাঁকে। ইমরুলও আসছেন সেই লক্ষ্য নিয়ে। ১৮ ফেব্রুয়ারি দক্ষিণাঞ্চলের হয়ে খেলতে নামবেন বিসিএলের ম্যাচ।