হতাশা ভুলে ভারতের বিপক্ষে ভালো খেলার আশা নিগারের

ভারতের বিপক্ষে ভালো খেলতে চান নিগার সুলতানাছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ রানের হারটা মেনে নিতে পারছে না বাংলাদেশ নারী ক্রিকেট দল। তীরে এসে তরি ডোবার দুঃখই যেন তাদের। কিন্তু সেই দুঃখ, হতাশা দ্রুতই কাটিয়ে উঠতে হচ্ছে। কাল মঙ্গলবার ভোরেই মহাগুরুত্বপূর্ণ এক ম্যাচ!

কাল ভারতের বিপক্ষে মাঠে নামবেন মেয়েরা। অধিনায়ক নিগার সুলতানা অবশ্য বলেছেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার ভুলেই ভারতের বিপক্ষে নামছেন তাঁরা, ‘আমরা এ মুহূর্তে পরের ম্যাচটি নিয়ে ভাবছি। অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারটা খুব হতাশার। কিন্তু আমাদের আরও তিনটি ম্যাচ আছে। মনোযোগ সেদিকেই দিতে চাই।’

এবারই পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপে প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তান বাদে অন্য তিনটি ম্যাচেও (নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ) মেয়েরা সামর্থ্যের ছাপ রেখেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও একটু ভালো খেললে জেতা অসম্ভব কিছু ছিল না। নিউজিল্যান্ডের বিপক্ষেও ব্যাটিংটা মন্দ হয়নি। সব মিলিয়ে নিউজিল্যান্ডে এবারের বিশ্বকাপ বাংলাদেশের মেয়েদের জন্য নতুন দিনের সূচনাই।

পাকিস্তানকে হারিয়ে উদ্বুদ্ধ নিগাররা
ছবি: এএফপি

অধিনায়ক নিগারও বলেছেন, এবারের বিশ্বকাপের প্রতিটি মুহূর্তই উপভোগ্য তাঁদের জন্য। বিশ্বকাপের ম্যাচগুলো শেখার বড় সুযোগ বলে মনে করেন তিনি, ‘আমি মনে করি, বিশ্বকাপ আমাদের জন্য বিরাট বড় এক অভিজ্ঞতা। শেখার বিরাট মঞ্চ। আমরা এটা কাজে লাগাতে চাই। এই সুযোগ আমরা সব সময়ই চেয়েছি। এখান থেকে সবকিছুই নিতে চাই। সব অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগাতে চাই।’

মেয়েদের ক্রিকেটে বড় দলগুলোর বিপক্ষে সেভাবে খেলার সুযোগ পায় না বাংলাদেশ। এটাকে উন্নতির পথে বড় বাধা মনে করেন নিগার, ‘আমরা কখনোই বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাই না। ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত আমরা কেবল টি–টোয়েন্টিই খেলেছি। আর পাকিস্তানের বিপক্ষে দুটি ওয়ানডে খেলেছি। ওয়ানডে ম্যাচ তো আমরা খেলারই সুযোগ পাই না। এবার মনে হচ্ছে, আমরা ভবিষ্যৎ সফরসূচিতে অন্তর্ভুক্ত হব। আমরা বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাব। বড় দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ পাব। সুতরাং এটি আমাদের জন্য বড় সুযোগ, বড় চ্যালেঞ্জও।’

সুযোগটাকে কাজে লাগাচ্ছেন মেয়েরা
ছবি: এএফপি

ভারতের বিপক্ষে এর আগে চারটি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। সর্বশেষটি ২০১৭ সালে। প্রতিটিতেই হেরেছে। তবে এই ভারতকেই টি–টোয়েন্টি ম্যাচে হারিয়ে মালয়েশিয়ায় ২০১৮ এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ। ওয়ানডেতে রেকর্ড ভালো না হলেও কাল আশাবাদী নিগার, ‘আমরা ভারতের সঙ্গে টি–টোয়েন্টি খেলতে বেশি অভ্যস্ত। টি–টোয়েন্টিতে রেকর্ডও ভালো ভারতের সঙ্গে। ২০১৮ এশিয়া কাপ ফাইনালের পর আমরা ভারতের সঙ্গে ভিন্ন মানসিকতায় খেলতে নামি। আমার দলে এমন কয়েকজন খেলোয়াড় আছেন, যাঁরা ভারতের সঙ্গে অনেকবার খেলেছেন। এখানে অনেক দিন ধরেই আছি (নিউজিল্যান্ড)। উইকেট কেমন হবে, সেটি জানি। আমার মনে হয়, আমরা ভারতের সঙ্গে ভালোই করব।’