হতাশার এক দিন

প্রতিপক্ষের বোলারদের সবটুকু শক্তি নিংড়ে নিয়ে এক দল সারা দিন ব্যাট করে যাবে। উইকেট পড়বে না, বড় জুটি হবে, ব্যাটসম্যানরা দেখাবেন রান করা কত সহজ। টেস্ট ক্রিকেটে কখনো কখনো এমন দিন যেতেই পারে। কিন্তু সেটা যদি কাটায় অতিথি দল, স্বাগতিক দর্শকদের জন্য দিনটা হয়ে যায় ঘুমপাড়ানিয়া।
সে রকম পূর্বাভাস নিয়েই কি শুরু হয়েছিল কাল দিনটি! সারা দিনে মাত্র ২টি উইকেটই পড়ল শ্রীলঙ্কার, রান হলো ৩১৭। দিনের চিত্রটা বোঝাতেই যেন খেলার মাঝখানে টেলিভিশন পর্দায় ভেসে উঠল একটি মুখ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঘুমে জড়িয়ে এসেছে এক দর্শকের চোখ। স্টেডিয়ামের সব মুখ তো আর টেলিভিশনে দেখানো সম্ভব নয়, নইলে এ রকম আরও অনেক দৃশ্যই হয়তো দেখা যেত!
বাংলাদেশকে বিরক্তিকর এক দিন ‘উপহার’ দিয়ে সেঞ্চুরিতে জন্মদিন উদ্যাপন করেছেন শ্রীলঙ্কার ওপেনার কুশল মেন্ডিস। দনাঞ্জয়া ডি সিলভা সেঞ্চুরি করেছিলেন আগের দিনই। দ্বিতীয় উইকেট জুটিতে দুজন মিলে যোগ করেছেন ৩০৮ রান। ৮৭ রানে অপরাজিত থেকে সেঞ্চুরির অপেক্ষায় দিন শেষ করেছেন মাত্রই দ্বিতীয় টেস্ট খেলতে নামা রোশেন সিলভাও। শ্রীলঙ্কা আছে লিডের অপেক্ষায়। দিন শেষে ৩ উইকেটে ৫০৪, বাংলাদেশের ৫১৩ রানের প্রথম ইনিংস টপকে যাবে আর ৯ রান করলেই।
বাংলাদেশের বোলার-ফিল্ডাররা চাইলে দিনটিকে অন্য রকমও করতে পারতেন। উইকেট থেকে স্পিনাররা আরেকটু টার্ন আদায় করতে পারলে বা ফিল্ডাররা আরেকটু মনোযোগী হলে স্কোরবোর্ডের চিত্র উল্টো হওয়া অস্বাভাবিক ছিল না। দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ যতই বলুন উইকেট এখনো ব্যাটিংবান্ধব, বাংলাদেশের বোলারদেরই দেখানো কিছু ঝলকে সেটি পুরোপুরি মানার উপায় নেই। তাইজুল ইসলাম, সানজামুল ইসলামদের বল মাঝেমধ্যেই বড় বাঁক খেয়েছে। কিন্তু ব্যাটসম্যানদের স্পিনে বিভ্রান্ত করতে যদি কেবল উইকেটের দিকেই তাকিয়ে থাকতে হয়, বোলারদের কাজটা তাহলে কী? উইকেটে টার্ন থাকলে ভালো জায়গায় বল ফেলে সেটি আদায় করে নিতে হবে। স্পিনাররা এই কাজটিই করে যেতে পারেননি ধারাবাহিকভাবে।
ফিল্ডিংটাও যেন ঠিক হাতে আসছে না। টেস্টে ব্যাটসম্যানরা আউটের সুযোগ তেমন একটা দেন না। তাই বলে কি কেউ আউট হয় না? ফিল্ডাররাই অনেক সময় অর্ধেক সুযোগকে পুরো সুযোগ বানিয়ে সেটি সম্ভব করে তোলেন। বাংলাদেশ ব্যর্থ সেখানেও। আগের দিনের ৮৩ রানে মেন্ডিস ‘জীবন’ পেয়েছেন দুবার। কাল দিনের তৃতীয় ওভারে ওই রানেই আরও একবার আউটের সুযোগ দিয়েও বেঁচে যান। মোস্তাফিজুর রহমান উইকেট-বঞ্চিত হলেন দ্বিতীয় স্লিপে দাঁড়ানো মেহেদী হাসান মিরাজের ব্যর্থতায়। অবশ্য ১৫০ রানের মাথায় আরেকবার রানআউট থেকে বেঁচেও মেন্ডিসকে ফিরে যেতে হয়েছে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির সুবাস নিয়ে।
চা-বিরতিতে যেতে তখন আর ১ ওভার ৩ বল বাকি। দুই শ থেকে মাত্র ৪ রান দূরে থাকা মেন্ডিস হয়তো চেয়েছিলেন ডাবল সেঞ্চুরি করেই চায়ের পেয়ালা হাতে নেবেন। তাইজুলকে সামনে এগিয়ে মারতে গেলেন। শটটা স্পিনের বিপরীতে হওয়ায় বল উঠে গেল আকাশে। মিড অন থেকে দারুণ ক্ষিপ্রতায় দৌড়ে গিয়ে সেটাই মুশফিক ধরলেন অসাধারণ এক ডাইভ দিয়ে। ৪ রানের জন্য পেলেন না ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা। ডাবল সেঞ্চুরির খুব কাছে গিয়ে ফিরে আসার অভিজ্ঞতা এ নিয়ে দুবার হলো মেন্ডিসের। দুবারই বাংলাদেশের বিপক্ষে। গত বছর গল টেস্টে ড্রেসিংরুমে ফিরেছিলেন ১৯৪ করে।
মেন্ডিসের মতো দনাঞ্জয়ার নামের পাশেও চট্টগ্রাম টেস্টে বসে গেছে ক্যারিয়ার-সর্বোচ্চ ইনিংস। আগের দিন ১০৪ রানে অপরাজিত ছিলেন। কাল যখন ড্রেসিংরুমে ফেরেন, নামের পাশে ১৭৩। শ্রীলঙ্কার হয়ে টেস্টে দ্রুততম ১ হাজার রানের রেকর্ডটিও ছুঁয়েছেন এই ইনিংসেই। প্রথম সেশনটা উইকেটবিহীনভাবে পার করলেও মেন্ডিসকে ফিরিয়ে লাঞ্চের পর দিনের প্রথম আঘাত আনেন মোস্তাফিজ। নতুন বল নেওয়ার পর তৃতীয় ওভার, শর্ট বল পেয়ে পুল খেলতে গিয়েছিলেন দনাঞ্জয়া। ব্যাটের কানায় লাগা বল জমা পড়ল উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে।
চা-বিরতির আগে আরও একটি উইকেট হারাতে পারতে শ্রীলঙ্কা। ব্যক্তিগত ২ রানের সময় মিরাজকে সামনে এগিয়ে গ্লান্স করতে গিয়ে ব্যর্থ হয়েছেন রোশেন সিলভা। স্টাম্পিংয়ের সহজ সুযোগ কাজে লাগাবেন কী, বলটা গ্লাভসেই নিতে পারেননি লিটন। অধিনায়ক দিনেশ চান্ডিমালের সঙ্গে দিনের বাকি সময়টা নিরাপদে কাটিয়ে দেন রোশেন। বাংলাদেশের অর্জনেও তাই যোগ হয়নি আর কিছু।
তবে কিছু প্রশ্ন উঠতে পারে মাহমুদউল্লাহর নেতৃত্ব নিয়ে। মিরাজকে কেন দিনের ২৭ ওভার পর বোলিংয়ে আনলেন? অন্যরা যখন ব্যর্থ হচ্ছেন, তাঁকে তো আরও আগেই এনে নতুন কিছুর চেষ্টা করা যেত! বিশেষজ্ঞ স্পিন কোচ থাকার পরও কেন ঘরের মাঠের উইকেটে জায়গা খুঁজে পাবেন না স্পিনাররা? সুযোগ পেলে আবদুর রাজ্জাক কি পারতেন অভিজ্ঞতা কাজে লাগিয়ে ব্যতিক্রম কিছু করতে? নাকি সাকিব আল হাসানকে ছাড়া এটুকুই সামর্থ্য বাংলাদেশের অনভিজ্ঞ স্পিন আক্রমণের!