৫০তম টেস্টে নিজের ব্যাটিং কি তৃপ্ত করতে পারল তামিম ইকবালকে? প্রথম ইনিংসে ৭১, দ্বিতীয় ইনিংসে ৭৮। সেঞ্চুরি হতে পারত দুই ইনিংসেই। কিন্তু সম্ভাবনা জাগিয়েও টেস্টের ‘সুবর্ণজয়ন্তী’ রানের ‘হীরকজয়ন্তী’ উদ্যাপিত হলো না কোনো ইনিংসেই। তামিমের অতৃপ্তি থাকার কথা সে জন্যই।
তিনি অতৃপ্তও বটে। মিরপুরে কাল দিন শেষের সংবাদ সম্মেলনে সেটা ফুটে উঠল বিষণ্ন হাসিতে। তামিম বলছিলেন, ‘আমি যেভাবে ব্যাটিং করেছি, সেঞ্চুরি পেলে অবশ্যই খুশি হতাম। যেমন সুশৃঙ্খল ব্যাটিং করেছি, যতটা কষ্ট করেছি, আমি একটা সেঞ্চুরি পেতেই পারতাম...।’
তবে যেভাবে আউট হয়েছেন তামিম, তাতে ব্যথিত নন। হঠাৎ লাফিয়ে ওঠা বলে তাঁর নিয়ন্ত্রণ ছিল না। দুঃখ বাড়াচ্ছে ঘরের মাঠের উইকেটের অমন বেহিসাবি আচরণ। উইকেট নিয়ে বেশ কয়েকবারই বললেন, ‘এটা আনপ্রেডিক্টেবল। এই উইকেটে কিছুই নিশ্চিত নয়। আগের ইনিংসগুলোতেও দেখছেন, একটা উইকেট পড়লে দু-তিনটি উইকেট পড়ে যায়।’
মাইলফলক টেস্টে প্রত্যাশিত সেঞ্চুরি না পেলেও তৃতীয় দিন শেষে দল যেখানে পৌঁছেছে, তাতে টেস্টের ভবিষ্যৎ নিয়ে তামিম আশাবাদী। তবে সে আশার প্রতিফলন ঘটাতে করতে হবে কিছু কাজ, ‘ভালো জায়গায় বোলিং করে যেতে হবে। উইকেটের জন্য নয়। ডট বলের জন্য বল করতে হবে। চাপ দিতে থাকলে উইকেট আসবে। ১৫০ রান এখন খুব বেশি মনে হচ্ছে না। উইকেটটাই এমন। তবে যে দুজন আছে, তাদের একজন আউট হয়ে গেলে কী হবে বলা যায় না। ওরা ওই দলের সেরা ব্যাটসম্যান। যত দ্রুত ওদের আউট করতে পারব, তত সুযোগ থাকবে আমাদের।’
তবে মানছেন, অস্ট্রেলিয়ার সামনে ৩০০-এর বেশি রানের লক্ষ্য দিতে পারলে আরও নিশ্চিন্ত থাকা যেত। সেদিক দিয়ে কিছুটা হতাশাও আছে তামিমের, ‘মুশফিক-সাব্বির যেভাবে ব্যাটিং করছিল, ওরা যদি ২৫-৩০টা রান যোগ করতে পারত, তাহলে ৩০০ রানের লিড হতে পারত।’ মুশফিকের রান আউট নিয়ে মন্তব্য করার কিছু নেই। কপালে ওরকম দুর্ভাগ্য লেখা থাকলে কারোরই কিছু করার থাকে না। দুর্ভাগ্যে কি কম পুড়লেন সাব্বিরও! প্রথম ইনিংসে রিভিউ নিয়েও আউট থেকে বাঁচতে পারেননি। হয়তো সে হতাশা থেকেই কাল রিভিউ চাইলেন না। অথচ টিভি রিপ্লেতে দেখা গেল, কালই তিনি আউট ছিলেন না! সাব্বির কেন রিভিউ নেননি, সেই প্রশ্নে তামিমের উত্তর, ‘ওর কাছে মনে হয়েছিল গ্লাভসে লেগেছে। প্রথম দিন মনে হয়েছিল লাগেনি, আসলে লেগেছিল। এটা তো বলা কঠিন যে, ও কী ভাবছে।’
ব্যাটিংয়ের হতাশা কমাতে পারত ওয়ার্নার-স্মিথের জুটিটা কালই ভেঙে দিতে পারলে। ওয়ার্নার ব্যক্তিগত ১৪ রানে সে সুযোগ দিয়েছিলেনও। কিন্তু সাকিবের বলে স্লিপে সহজ ক্যাচটা নিতে পারেননি সৌম্য। সিলিতে ইমরুলের দিকে ক্যাচের মতো দিয়ে বেঁচেছেন স্মিথ। তামিমও বলেছেন, ‘স্মিথ ও ওয়ার্নারের ক্যাচ দুটি নিতে পারলে আমরা অবশ্যই খুব ভালো অবস্থানে থাকতাম।’ একই সঙ্গে দুই সতীর্থ ইমরুল, সৌম্যর পাশেও আছেন তিনি, ‘স্লিপ আর সিলিতে ফিল্ডিং করা খুব কঠিন। আমাদের সম্ভাব্য সেরা ফিল্ডাররাই এসব জায়গায় দাঁড়াচ্ছে। কিন্তু অনেক সময় খুব সহজ ক্যাচও খুব কঠিন হয়ে যায়। আমাদের ক্রিকেট যেমন উন্নত হয়েছে, ক্যাচিংয়েও উন্নতি হয়েছে। এটা নিয়ে আমরা চিন্তিত নই।’
বাংলাদেশ দলের চিন্তা এখন একটাই—অস্ট্রেলিয়াকে কীভাবে আর ১৫৬ রানের মধ্যে অলআউট করে দেওয়া যায়। মিরপুর টেস্টের চতুর্থ দিনের সামনে দুটি পথই অবশ্য খোলা। একটা পথে অস্ট্রেলিয়ার দুই সেরা ব্যাটসম্যান এগিয়ে যেতে পারেন নতুন কোনো কীর্তি গড়ে। আরেকটা পথে নিজেদের স্পিনের মায়াজালটা আরও জটিল করে তুলে ওয়ার্নার-স্মিথের কাজ কঠিন করে তুলতে পারেন সাকিব-মিরাজ-তাইজুলরা। তামিম স্বপ্ন দেখছেন দ্বিতীয়টির, ‘আমাদের চেষ্টা থাকবে, ওদের কাজটা কঠিন করে দেওয়ার। ওদের এই দুই উইকেটের যেকোনো একটা নিতে পারলেই ম্যাচে আমাদের সম্ভাবনার দুয়ার আবার খুলে যাবে।’