হতাশার মধ্যেও আশার আলো

আগের দিনও আত্মবিশ্বাস নিয়ে বলেছিলেন, চাপ-টাপ কিছু নেই। দর্শকদের চাপ, প্রত্যাশার চাপ, সেমিফাইনালের চাপ—এসব কিছুই মাথায় নেই। এটা তাঁদের কাছে ছিল আর পাঁচটা ম্যাচের মতোই!
কালও শুরু থেকেই মেহেদী হাসান মিরাজদের বিশ্বাস ছিল জিতবেন। এমনকি ওয়েস্ট ইন্ডিজের জিততে যখন ১৬ বলে মাত্র ১০ রান প্রয়োজন, তখনো নাকি মনে হয়নি পরাজয়ই অপেক্ষা করছে! কিন্তু হারের পর সেই মেহেদীর মুখেই অকপট স্বীকারোক্তি—চাপের কাছেই হেরে গেছে দল, ‘যতই বলি চাপ নেব না, মাঠে চাপ সব সময়ই থাকে। এত দর্শকের সামনে আমাদের কেউ কোনো দিন খেলেনি। সেমিফাইনালটা জিততেই হবে...সেই চাপও ছিল। আমাদের বয়স কম। এগুলো এখনো সামলে ওঠার অভ্যস্ততা তৈরি হয়নি।’
সকালের কুয়াশাভেজা উইকেটে টসে জিতে মেহেদীর আগে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত অনেকের চোখেই প্রশ্নবিদ্ধ। ৫৮ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা, ২৪০-২৫০ রানের উইকেটে ২২৬ রানে অলআউট। মেহেদীর ময়নাতদন্তেও এগুলো আসছে, ‘উইকেট একটু মন্থর ছিল। মনে হচ্ছিল আগে ব্যাটিং করলেই ভালো হবে। আসলে সব সময় চাপের মধ্যে ভালো খেলা যায় না। আগে ব্যাটিং করে ২৪০-২৫০ রান করলে আমাদের বিপক্ষে যেকোনো দলের পারা মুশকিল। কিন্তু আমি আর সাইফউদ্দিন আউট হয়ে যাওয়ায় শেষ ৫ ওভারে কম রান হয়েছে।’
ম্যাচে প্রকট হয়ে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বোলিং ব্যর্থতা। ২২৬ রানের পুঁজি নিয়ে জেতার মতো আক্রমণাত্মক বোলিংটা হয়নি। বাংলাদেশের বোলিং শক্তির মূল জায়গা স্পিনাররা, অথচ বেশি নির্বিষ মনে হয়েছে তাঁদেরই! অধিনায়কও এ কারণেই বেশি হতাশ, ‘আমরা স্পিনাররা কেউই ভালো বোলিং করিনি। স্পিনাররা ভালো বোলিং করলে ওরা এই রানও করতে পারত না।’
বিশ্বকাপের প্রায় এক মাস আগে বাংলাদেশে এসে মেহেদীদের সঙ্গে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলে তিনটিতেই হারে ক্যারিবীয় যুবদল। তবে আগে আসার আসল উদ্দেশ্য যে পুরোপুরিই সফল, তা দ্বিতীয়বারের মতো যুব বিশ্বকাপের ফাইনালে উঠেই প্রমাণ করল দলটি। বাংলাদেশ যুবদলের অধিনায়কও বলছিলেন, ‘ওরা যখন প্রথম বাংলাদেশে আসে তখন স্পিন খেলতে পারত না। এখন তারা অভ্যস্ত হয়ে উঠেছে। আমাদের স্পিনারদেরও খুব ভালোভাবে খেলতে পেরেছে। কন্ডিশনের সঙ্গে পুরো মানিয়ে নিয়েছে। অথচ আমাদের সঙ্গে সিরিজে তারা শুরুটা ভালো করতে পারত না।’
সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার হতাশায় এ রকম দীর্ঘশ্বাস ফেলছেন প্রায় সবাই। তবে স্থান নির্ধারণী ম্যাচটি এখনো বাকি বলেই থেমে থাকার উপায় নেই। কাল ফতুল্লায় শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও মেহেদী অর্জনের অনেক কিছু দেখেন। চ্যাম্পিয়ন-রানার্সআপ হতে না পারলেও তৃতীয় হয়ে উত্তরসূরিদের অনুপ্রাণিত করতে চান বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক, ‘আস্তে আস্তে আমরা অনেক উন্নতি করেছি। মুশফিক ভাইয়েরা পঞ্চম হয়েছেন। আমরা যদি তৃতীয় হই, পরের প্রজন্ম চিন্তা করবে চ্যাম্পি¬য়ন-রানার্সআপ হওয়ার।’
ফাইনালে উঠতে না পারার হতাশায় ডুবে না থেকে দৃষ্টিটাকে একটু বাড়ালেই দেখা যাবে এবারের যুব বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স আশা-জাগানিয়াই। অধিনায়ক মেহেদী যেমন প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনাল ওঠাটাকেই লিখে রাখছেন প্রাপ্তির খাতায়। এই বয়সেই চাপের মধ্যে খেলার অভ্যস্ততাও তো তৈরি হলো মাঠের বৈশ্বিক এই টুর্নামেন্টে।
প্রায় দুই বছর একসঙ্গে রয়েছে মেহেদীর নেতৃত্বে বিশ্বকাপে খেলা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বিশ্বকাপ তো শেষই, অনেকেই বেরিয়ে যাবেন দল থেকে। তবে ভবিষ্যতে যে এঁদের অনেককেই হয়তো মিলতে দেখা যাবে জাতীয় দলে! অধিনায়ক খুবই আশাবাদী, আগামী এক-দুই বছরের মধ্যেই তাঁর দলের বেশ কয়েকজন ক্রিকেটার জাতীয় দলে সুযোগ পাবেন।
বড় সাফল্য না থাকলেও প্রতিবারই জাতীয় দলমুখী তরুণ ক্রিকেটারদের সারিকে সমৃদ্ধ করেছে যুব বিশ্বকাপ। এবার শেষ চারে ওঠার সাফল্য দেখালেন সাইফউদ্দিন-নাজমুলরা! তাঁদের সবচেয়ে কাছ থেকে দেখা মেহেদীর প্রত্যাশা আশার ফানুস ওড়াতেই পারে!