দিনের খেলা শেষে মাঠকর্মীরা ব্যস্ত হয়ে পড়েছেন পিচ পরিচর্যায়। মাঠের এক কোণে সংঘবদ্ধ চারটি শরীর। একপলক উইকেটের দিকে চোখ তো পরক্ষণেই তাঁদের দৃষ্টি হানছে বাংলাদেশ দলের ড্রেসিংরুমে। পাশ দিয়ে সংবাদ সম্মেলনকক্ষের দিকে এগোতে থাকা মুমিনুলকেও জরিপ করে নিল চার জোড়া চোখ।
কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে তিন সাবেক অধিনায়ক। একজন এখন বোর্ডের পরিচালক নাঈমুর রহমান, অন্য দুজন নির্বাচক—মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশার। চারজনের আলাপচারিতায় হয়তো একটি বিলাপ কিংবা আক্ষেপই ছিল—কী থেকে কী হয়ে গেল!
সম্ভাব্য ৯০ ওভারের ১১ বল আগেই আম্পায়াররা শেষ টেনেছেন দিনের খেলা। প্রকৃতপক্ষে এরও আগে থেকেই ওই আক্ষেপটা ঢুকে গেছে দেশীয় ক্রিকেটের অন্তরে। মেঘ-রোদের লুকোচুরি চলতে থাকা সকালে টসটা জিতে ব্যাটিং নেওয়ার যৌক্তিক সিদ্ধান্তই নিয়েছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। বেশ ভালো এগোতে থাকা বাংলাদেশের ইনিংসটা পথ হারিয়ে ফেলল শেষ সেশনে। আসলে শেষ ঘণ্টায়। একেবারেই বিনা নোটিশে। ৪ উইকেটে ২১৪ রান থেকে ৮ উইকেটে ২৪৬। ৩১ রানে নেই শেষ ৪ উইকেট। এ যেন অতর্কিতে উপকূল অঞ্চলে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘কোমেনে’র অপচ্ছায়া!
শেষ দিকের এই ধসটা নামল স্পিন-পেসের যুগল ছোবলে। সকালেই ৪০০ উইকেটের মাইলফলক ছোঁয়া ডেল স্টেইন দিনের শেষ বলটিতে উপড়ে দিলেন মোহাম্মদ শহীদের উইকেটটি। ভরসা হয়ে ব্যাট করতে থাকা সাকিব আল হাসান সফরে মরনে মরকেলের প্রথম শিকার হলেন। এর আগে ডিন এলগার ও জেপি ডুমিনির শিকার মুশফিকুর রহিম ও লিটন দাস।
স্টেইনের অর্জনের খাতায় শহীদ হয়তো বাড়তি একটি উইকেট। তবে তাঁর কাছে আগের দুটি উইকেটেরই মূল্যমান বেশি। সকালের প্রথম স্পেলে ওপেনার তামিম ইকবালের আউটটা যদিও বিভ্রম জাগায় শিকারি শিকার করেছেন, না শিকার শিকারির কাছে ছুটে গেছেন। স্টেইনের আগের ওভারের শেষ বলটিতে ক্যাচ তুলেও বেঁচে গেছেন স্লিপ ফিল্ডারের বদান্যতায়। কিন্তু পরের ওভারের তৃতীয় বলটিতে করলেন কী, শরীরটাকে অনেক দূরে রেখে ড্রাইভ খেলতে গিয়ে ব্যাটের ওপরের কানায় লাগিয়ে প্রথম স্লিপে হাশিম আমলার ক্যাচ। তামিম নামে টেস্ট ক্রিকেটে স্টেইনের ৪০০তম শিকারটা এত অনায়াসসাধ্য হবে ভাবতে পারেননি র্যাঙ্কিং-সেরা বোলার। এ জন্যই কিনা তাঁর উদ্যাপনটা হলো বেশ নিরাবেগ। দুটো হাত একটু বাড়িয়ে দিলেন সামনে, সাদা হেডব্যান্ডটা খুলে শুধু নতমস্তকে গ্রহণ করলেন ক্রিকেটের দান। ৮০ টেস্টের ক্যারিয়ার। মুরালিধরনের পর রিচার্ড হ্যাডলির সঙ্গে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ঢুকে গেলেন বোলারদের অভিজাত এক ক্লাবে, বল বিবেচনায় অবশ্য দ্রুততম। জীবনের গুরুত্বপূর্ণ অনেকগুলো বল তিনি বাঁচিয়ে রাখতে পারলেন!
এমন অবস্থায় স্টেইনকে স্টেইন-গানের রুদ্রমূর্তিতেই দেখতে অভ্যস্ত ক্রিকেটের বিশ্বসংসার। কিন্তু দ্বিতীয় উইকেটটি পেতে তাঁকে অপেক্ষা করতে হলো আরও অনেকগুলো বল, নির্দিষ্ট করে বললে দুটি স্পেল। চতুর্থ স্পেলের চতুর্থ বলে যে উইকেটটি নিলেন, বাংলাদেশের জন্য সেটি বড় আঘাত। প্রত্যাশামতো লেংথে ছিল না বলটি, ফ্লিক করতে গিয়ে ফাঁদ পাতা শর্ট মিড উইকেটে মাহমুদউল্লাহ ক্যাচ হলেন বাভুমার হাতে। রান যদিও ছিল ৩৫, কিন্তু কবজির মোচড়ে মোচড়ে মুশফিকের সঙ্গে বড় আশার জাল বুনছিলেন বাংলাদেশের বিশ্বকাপ-নায়ক। এই চতুর্থ উইকেটেই দুজন সর্বোচ্চ জুটিটা গড়েছেন ৯৪ রানের। বলটা বেলে লেগেও অক্ষত না থাকলে অবশ্য মুশফিকই হয়ে যেতেন স্টেইনের দ্বিতীয় শিকার। বাংলাদেশ অধিনায়ক আউট হয়েছেন সাকিবের সঙ্গে পঞ্চম উইকেটে ৩৫ রানের জুটি গড়ে।
মুশফিক কি সত্যিই আউট ছিলেন? বাঁহাতি স্পিনার ডিন এলগারের লুপিং বলটিকে সামনে এগিয়ে ডিফেন্স করতে এসেছিলেন। টেস্ট অভিষিক্ত উইকেটকিপার ডেন ভিলাস ও বোলারের সমস্বর কট বিহাইন্ডের আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার পল রাইফেল। সঙ্গে সঙ্গেই রিভিউ চান। ‘অনন্ত অপেক্ষা’র পর টিভি আম্পায়ার ঘোষণা করেন ‘মৃত্যুদণ্ড।’ বলটা কি ব্যাটে লেগেছিল না, স্নিকোতে ভেসে উঠেছিল ব্যাট মাটিতে ঠুকে যাওয়ার ছায়াচিত্র, সে নিয়ে সংশয় একটু থেকেই গেছে। তবে আউট হওয়ার আগে মুশফিক পেয়েছেন তাঁর ১৫তম টেস্ট ফিফটি (৬৫), ওটাই হয়ে রইল দলের সর্বোচ্চ। ৩২, ০, ১২, ০, ২ ও ২৮ রানের ৬টি ইনিংসের পর পরম আরাধ্য এই ফিফটি। ইনিংসটি নিশ্চয়ই আরও বড় করতে চেয়েছিলেন। তাতে দিন শেষে ভালো জায়গায় থাকত দল।
ইনিংস বড় করতে পারতেন ইমরুল কায়েস ও মুমিনুল হকও। আশা জাগিয়েও উইকেট ছুড়ে দিয়ে এসেছেন মুমিনুল, চট্টগ্রাম টেস্টের মতোই। স্টাম্পের খুব কাছ থেকে কাট করতে গিয়ে সেবার হয়েছিলেন বোল্ড, এবার জেপি ডুমিনির বলে কটবিহাইন্ড, ৪০ রান করে। দ্বিতীয় উইকেটে তাঁর সঙ্গে ৬৯ রানের জুটি গড়ে ইমরুলও ১৪০ মিনিট ধৈর্যের পরীক্ষায় ফেল—আট বল পর ওই ডুমিনিরই অফ স্পিনের শিকার। ডুমিনিকে দিনের ভয়ংকরতম বোলার বানিয়ে লিটনও তাঁর শিকার। স্টেইন-ডুমিনির ৩ উইকেট, তুলনায় বেশি মিতব্যয়ী ডুমিনি!
খুব কি কঠিন ছিল উইকেট? মুমিনুল বলে গেলেন, একটু মন্থর কিন্তু মোটেই তাতে জুজু ছিল না। অন্তত তিনটি উইকেট ছুড়ে দিয়ে না এলে বাংলাদেশ সাড়ে তিন শ রান করতেই পারত। তাহলে প্রথম দিন শেষে বাংলাদেশেরই হাতে থাকত ম্যাচের লাগাম। মুমিনুল তবু প্রচণ্ড আশাবাদী, তাইজুলের জায়গায় অষ্টম ব্যাটসম্যান হিসেবে দলে ঢোকা নাসির লেজের দুজনকে নিয়ে বাংলাদেশকে তিন শ রানে পৌঁছে দেবেন। দেখা যাক, স্টেইনদের গোলাগুলির সামনে নাসির কতটা সহায় হন!
তবে প্রথম দিন শেষে জ্বলজ্বলে সত্যটা এই, দারুণ জায়গা থেকেও বেপথু হয়ে পড়েছে বাংলাদেশ।