হবু বর মুশফিক ছাড়া প্রায় জাতীয় দলই

এশিয়ান গেমসে বাংলাদেশ সোনা এনেছিল একবারই। সেটি ক্রিকেটের হাত ধরেই। ২০১০ সালে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ছেলেরা এনেছিল প্রথম সোনা। ক্রিকেটে মেয়েরাও খুব একটা ব্যর্থ ছিল না। এনেছিল রুপা। আগামী মাসে দক্ষিণ কোরিয়ার ইনচনে অনুষ্ঠেয় এশিয়াডে ক্রিকেট সাফল্য ধরে রাখতে শক্তিশালী দলই দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আগেই জানা গিয়েছিল, বিয়ের কারণে নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিম থাকছেন না এশিয়ান গেমসে। মুশফিককে বাদ দিয়েই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। তাতে জাতীয় দলের তারকার ছড়াছড়ি। অন্যদিকে দেশের মাটির টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ লম্বা বিরতির পর বাংলাদেশের মহিলা ক্রিকেটাররা ফিরবেন এশিয়ান গেমস দিয়ে। মহিলা দলের জন্য আগেই ২০ জনের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছিল। পাঁচজন কমিয়ে ১৫ জনের দল ঘোষণা করা হলো এবার।
ছেলেদের দল:
তামিম ইকবাল, এনামুল হক, ইমরুল কায়েস, মো. মিঠুন, শামসুর রহমান, শুভাগত হোম চৌধুরী, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, সোহাগ গাজী, আরাফাত সানি, মাশরাফি বিন মুর্তজা, মুক্তার আলী, আল আমিন হোসেন ও তাসকিন আহমেদ।
মেয়েদের দল:
রুমানা আহমেদ, শায়লা শারমিন, লতা মণ্ডল, খাদিজাতুল কুবরা, ফারজানা হক, সালমা খাতুন, পান্না ঘোষ, নুজহাত তাসনিয়া, জাহানারা আলম, আয়েশা রহমান, ফাহিমা খাতুন, সানজিদা ইসলাম, শারমিন আক্তার সুপ্তা, সোহেলি আক্তার ও শাহনাজ পারভীন।