হরভজন 'চাকার', দাবি আজমলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজমলের দাবি, হরভজন সিং চাক করেন। ছবি: সংগৃহীত।
আজমলের দাবি, হরভজন সিং চাক করেন। ছবি: সংগৃহীত।

ভারতীয় অফ স্পিনার হরভজন সিংয়ের বিরুদ্ধে বল ছোড়ার অভিযোগ এনেছেন সাঈদ আজমল। পাকিস্তানের সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল দুনিয়া নিউজের খেলার অনুষ্ঠানের উপস্থাপক ও বিশ্লেষক জয়নব আব্বাস এক টুইট বার্তায় জানিয়েছেন, তাঁর কাছে দেওয়া এক সাক্ষাৎকারে হরভজন সিংকে চাকিংয়ের অভিযোগে অভিযুক্ত করেন পাকিস্তানি এই অফ স্পিনার।
টুইটে জয়নব জানিয়েছেন, তাঁকে সাক্ষাৎকার দেওয়ার সময় প্রচণ্ড হতাশার সঙ্গেই আজমল দাবি করেছেন বোলিং করার সময় হরভজন সিংয়ের বাহু নির্ধারিত ১৫ ডিগ্রির বাইরে চলে যায়। আজমল এ ব্যাপারটি প্রমাণে রীতিমতো চ্যালেঞ্জই নাকি ছুড়ে দিয়েছেন সবাইকে। পাকিস্তানি অফ স্পিনারের অভিযোগ, চাকিংয়ের ব্যাপারে আইসিসির যে আইন আছে, তা সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হয় না। এই আইন নাকি প্রয়োগ করা হয় পাকিস্তানি স্পিনারদের লক্ষ্যবস্তু বানিয়ে। দুনিয়া নিউজে আজমলের সাক্ষাৎকারটি সোমবার বিকেলে প্রচারিত হওয়ার কথা।
৩৮ বছর বয়সী আজমল টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি, তিন ফরম্যাটেই পাকিস্তানের অন্যতম সেরা বোলার হিসেবে বিবেচিত। ১৭৮টি টেস্ট, ১৮৪টি ওয়ানডে ও ৮৫টি টি-টোয়েন্টি উইকেটশিকারি আজমল গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন চাকিংয়ের কারণে। নিজের বোলিং অ্যাকশন পরিবর্তন করে গত এপ্রিলের বাংলাদেশ সফরে দলে ফিরলেও তাঁর পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। বাংলাদেশ সফরের পরপরই দল থেকে বাদ পড়ে যান তিনি। সূত্র: জি নিউজ।