হরভজনের ১৫ বছর পর অশ্বিনের কীর্তি, ম্যাচ জিতল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধিনায়কের সঙ্গে উইকেটের আনন্দ ভাগাভাগি করছেন অশ্বিন। ছবি: বিসিসিআই।
অধিনায়কের সঙ্গে উইকেটের আনন্দ ভাগাভাগি করছেন অশ্বিন। ছবি: বিসিসিআই।

আগেই সতর্ক করে দেওয়া যাক, ম্যাচের প্রতিবেদনে একটা নাম বারবার ঘুরেফিরে আসবে—রবিচন্দ্রন অশ্বিন!

অবশ্য এই ম্যাচে অশ্বিনের বাইরে আর বলার মতো কী-ই বা আছে! আগের দিনই ৬ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস ধসিয়ে দিয়েছিলেন। ম্যাচে ভারতের জয়ও কালই ভবিতব্য হয়ে গিয়েছিল। সিরিজে তৃতীয় টেস্টটা আজ চতুর্থ দিনে জিতেও গেল ভারত, ধবলধোলাই করল নিউজিল্যান্ডকে। সিরিজ জিতে আনুষ্ঠানিকভাবে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষেও উঠে গেছে বিরাট কোহলির দল। আর আজও কিউইদের ত্রাসের নাম অশ্বিন। ৩০ বছর বয়সী স্পিনারের দাপটে ম্যাচটা নিউজিল্যান্ড হেরে গেল ৩২১ রানে।
আজ আগের দিনের চেয়েও উইকেট পেয়েছেন একটি বেশি—৫৯ রান দিয়ে নিয়েছেন ৭ উইকেট। সব মিলিয়ে এই টেস্টে ১৩টি উইকেট। এর আগে প্রথম টেস্টেও নিয়েছেন ১০ উইকেট। এতে একটা ভারতীয় কীর্তিও ছুঁয়ে ফেললেন অশ্বিন, একই সিরিজে দুই ম্যাচে ১০ বা তার বেশি উইকেট নেওয়া দ্বিতীয় ভারতীয় বোলার তিনি। এর আগের কীর্তিটা কার? ভারতীয় ক্রিকেটে অফ স্পিনের ব্যাটনটা অশ্বিন যাঁর হাত থেকে পেয়েছিলেন—হরভজন সিং। ২০০০-০১ সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে কীর্তিটা গড়েছিলেন হরভজন।
দিনের শেষ দিকে আজ উত্তেজনাটা ছিল এমন—ম্যাচ কি পঞ্চম দিনে গড়াবে? ৪৭৫ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ১৩৮ রানেই ৯ উইকেট হারায় নিউজিল্যান্ড। জয়–পরাজয়ের হিসাব মেলানো তো ততক্ষণে শেষই। নবম ব্যাটসম্যান ম্যাট হেনরি যখন আউট হলেন, দিনের খেলার বাকি আর ১০ ওভার ২ বল। তখন প্রশ্ন ছিল, এর মধ্যেই জিততে পারবে ভারত? আরও নির্দিষ্ট করে বললে, অশ্বিন পারবেন? এই টেস্টে নিজের দাপট বুঝিয়ে দিতেই হয়তো নিজের বলেই নিউজিল্যান্ডের শেষ ব্যাটসম্যান ট্রেন্ট বোল্টের ক্যাচ নিয়ে ম্যাচের শেষটা টেনে দিয়েছেন অশ্বিনই।
কাল তৃতীয় দিনেই যেমন বোলিং করেছিলেন, চতুর্থ দিনে স্পিনের জন্য স্বর্গ হয়ে ওঠা পিচে অশ্বিনকে সামলানো যে কঠিন হবে, সেটি জানাই ছিল। তাই বলে এমন! উমেশ যাদব দ্বিতীয় ওভারেই ফিরিয়ে দেন ওপেনার টম ল্যাথামকে। এরপরই শুরু হলো অশ্বিন-ম্যাজিক! গাপটিলকে দিয়ে শুরু, এরপর একে একে টেলর, রনকি, স্যান্টনার, প্যাটেল, হেনরি—সবাই যেন মোহিত হয়ে পড়লেন সেই জাদুতে। কেউ স্পিনটাই বুঝতে পারেননি, কারও ব্যাট-প্যাডের ফাঁক গলে বল চলে গেছে স্টাম্পে, আবার কেউ বা নিজেই মারতে গিয়ে বিলিয়ে দিয়েছেন উইকেট।
নিউজিল্যান্ড ব্যাটসম্যানরা রান পাননি, তা নয়। ছয়জনই পেরিয়েছেন দুই অঙ্ক। কিন্তু কেউই ইনিংসটাকে বড় করতে পারেননি। টেলরের ওয়ানডে মেজাজের ৩২ রানের বাইরে বলার মতো রান বলতে গাপটিল-উইলিয়ামসনের দুটি বিশ পেরোনো স্কোর (যথাক্রমে ২৯ ও ২৭)।
অশ্বিনের দাপটের কারণে দেখুন, চেতেশ্বর পূজারার সেঞ্চুরিটা কেমন আড়ালে চলে গেল! কাল প্রথম ইনিংসের ২৫৮ রানের লিড পেয়েও নিউজিল্যান্ডকে ফলো অন করায়নি ভারত। দিন শেষ করেছিল বিনা উইকেটে ১৮ রান নিয়ে। আজ যে ভারত শেষ পর্যন্ত ইনিংস ঘোষণার সময়ে কিউইদের সামনে ৪৭৫ রানের পাহাড় দাঁড় করাল, সেটি তো পূজারার সৌজন্যেই। ওয়ান-ডাউনে নেমে ১৪৮ বলে ১০১ রান করে অপরাজিত ছিলেন তিনি। এর বাইরে ফিফটি পেয়েছেন এই ম্যাচ দিয়েই দুই বছর পর টেস্টে ফেরা ওপেনার গৌতম গম্ভীর।
কিন্তু চেতেশ্বর-পূজারাদের পেছনে ফেলে সামনে আসছে ওই নামটিই—অশ্বিন। একাই তো এই টেস্টে হারিয়ে দিলেন নিউজিল্যান্ডকে। সূত্র : ক্রিকইনফো।