হলো না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হতাশায় মাঠে বসে পড়লেন তিনি। ব্যাটটা হেলমেটে ছোঁয়ানো। ইংল্যান্ডের জয়োৎসব থেকে বেরিয়ে জো রুট বসলেন তাঁর সামনে। সান্ত্বনার হাতটা সাব্বির রহমানের গায়ে।

দৃশ্যটা মনে করিয়ে দিল ২০০৫ সালের এজবাস্টন টেস্টের কথা। ২ রানে হেরে যাওয়ার পর এভাবেই বসে পড়েছিলেন অস্ট্রেলিয়াকে জয়ের স্বপ্ন দেখানো ব্রেট লি। ইংল্যান্ডের জয়োৎসব থেকে বেরিয়ে নিজেও মাঠে বসে লির সঙ্গে হাত মিলিয়েছিলেন ফ্রেডি ফ্লিনটফ।

অ্যাশেজ বলেই ক্রিকেটের অমর ফ্রেমে বাঁধানো হয়ে আছে ওই ছবিটা। এই ছবিটা হয়তো অতটা মর্যাদা পাবে না। তবে বাংলাদেশের ক্রিকেটে তা অমর এক ছবি হয়েই থাকবে। দীর্ঘশ্বাস হয়েও।

দুজনের পরিচয় অনেক দিনের। সেই অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলার দিনগুলোতেই বন্ধু হয়ে গিয়েছেন। বন্ধুর দিকে সান্ত্বনার হাত তো বাড়াবেনই জো রুট। অথবা ওটা শুধুই বন্ধুকৃত্য নয়। এক বীরের প্রতি সম্মান। চট্টগ্রাম টেস্টটাকে এমন নাটকীয় সমাপ্তির দিকে নিয়ে যাওয়ায় সবচেয়ে বড় ভূমিকা তো সাব্বিরেরই। জীবনের প্রথম টেস্ট, সেটিই ‘জাতীয় বীর’ হয়ে যাওয়ার সুযোগ এনে দিয়েছিল তাঁর সামনে। সাব্বির পারলেন না।

‘পারলেন না’ লেখাটা কি ঠিক হলো! সাব্বির তো হারেননি। কিন্তু ক্রিকেট যে একার খেলা নয়! অন্য প্রান্তে দাঁড়িয়ে অসহায় চোখে তিনি দেখলেন, কীভাবে তিন বলের মধ্যে সব স্বপ্ন খানখান হয়ে গেল! বীর তিনি অবশ্যই, তবে বিজয়ী বীর নন। টেস্ট ক্রিকেট যে সাব্বির রহমানকে ‘বিয়োগান্ত নাটকের নায়ক’ হিসেবে বরণ করে নেবে বলে ঠিক করে রেখেছিল।

এজবাস্টনে ২ রান আলাদা করেছিল দুই দলকে। চট্টগ্রামে ২২ রান। তবে নাটকীয়তার দিক থেকে এটি একটুও পিছিয়ে নয়। চার দিন ধরে দুই দলের মধ্যে যেন ক্রিকেটের রূপ ধরে সাপ-লুডু খেলা হলো। একবার এক দল এগিয়ে যায় তো কিছুক্ষণ পরই আরেক দল। শেষ পর্যন্ত যেটির শেষ পঞ্চম দিনের ১৯ মিনিটের মাথায়। শেষ বাংলাদেশের স্বপ্নভঙ্গে।

পঞ্চম দিনের খেলার শুরুতে বাকি সব ছাপিয়ে সত্যি হয়ে ছিল শুধু একটিই সংখ্যা-৩৩! আরেকটি সংখ্যাও ছিল, যেটিকে ভুলে থাকতে চাইছিল বাংলাদেশ। সেই ‘২’-ই হয়ে গেল সবকিছুর নির্ধারক। তাইজুলের সঙ্গে সাব্বিরের জুটিটিই আগের দিন স্বপ্ন দেখিয়েছিল। এদিন সকালে সেই জুটিতে আরও ১০ রান। এরপরই দুটি দমকা বাতাসে দপ করে নিভে গেল আশার প্রদীপ।

সেই ‘দমকা বাতাস’-এর ডিআরএসের রূপ ধরে আসাটাও খুব মানিয়ে যাচ্ছে আশ্চর্য এই টেস্টের সঙ্গে। ব্যাট-বলের লড়াইয়েই রোমাঞ্চের কোনো অভাব ছিল না। তা এমন টেস্ট তো আরও অনেকই হয়েছে। কিন্তু ‘ডিআরএস’-এর এই খেলা কে দেখেছে কবে! শেষ দিনের দুটি মিলিয়ে রিভিউ হয়েছে মোট ২৬টি! এর ১১টিতেই আম্পায়ারের সিদ্ধান্ত টেকেনি। ১১তমটিরই শিকার তাইজুল। ডিআরএসের আগের নিয়ম থাকলে হয়তো যিনি বেঁচে যেতেন। কিছুদিন আগেও নিয়মটা ছিল এ রকম-অফ আর লেগ স্টাম্পের মাঝখান থেকে রেখা টেনে দেখা হতো বলের ৫০ শতাংশেরও বেশি স্টাম্পে লাগছে কি না। মাঝখান থেকে এখন সেটি সরে এসেছে অফ ও লেগ স্টাম্পের বাইরের কিনারায়। ৫০ শতাংশের সুরক্ষা তাই আর পাচ্ছেন না ব্যাটসম্যান।

রিভিউ নিয়ে তাইজুলকে আউট করল ইংল্যান্ড। রিভিউ নিয়েও বাঁচতে পারলেন না শফিউল। দ্বিতীয় ইনিংসে ৮৫ রান করে ম্যাচটাকে ইংল্যান্ডের দিকে ঘুরিয়ে দিয়েছিলেন বেন স্টোকস। বল হাতে শেষটাও করলেন তিনিই।

মুলতানের কথা মনে পড়ছে, মনে পড়ছে ফতুল্লা। ২০০৩ সালে মুলতানে বাংলাদেশের কাছ থেকে জয়টা ছিনিয়ে নিয়েছিলেন ইনজামাম-উল-হক, ২০০৬ সালে ফতুল্লায় একই ভূমিকায় দেখা দিয়েছিলেন রিকি পন্টিং। ‘এত কাছে তবু এত দূর’-এর অভিজ্ঞতা বাংলাদেশের তাই আগেও হয়েছে। তবে হৃদয় ভেঙে দেওয়া সেসব পরাজয়ের সবই ছিল উইকেটে। রানের হিসাবে এই ২২ রানের ব্যবধানই টেস্টে বাংলাদেশের সবচেয়ে ছোট পরাজয়। ‘সবচেয়ে ছোট’ বলেই যা ‘সবচেয়ে বড়’ হয়ে বিঁধছে বুকে।

ম্যাচ শেষ হওয়ার ঘণ্টা দুয়েক পর র‍্যাডিসন ব্লু হোটেলের লবিতে বসে সাব্বির রহমান আফসোস করছিলেন, ‘আর ৫-৬টা ওভার ব্যাটিং করতে পারলেই হতো!’ তাঁর শরীরটা ভালো নেই। ক্রিকেটকে ধ্যানজ্ঞান করে নেওয়ার দিনটি থেকেই যে টেস্ট খেলার স্বপ্ন দেখে আসছেন, স্বপ্নের সেই অভিষেকের আগেই ভীষণ ঠান্ডা লেগে গেল। টেস্টের চতুর্থ দিন এর সঙ্গে যোগ হলো জ্বর আর গ্যাস্ট্রিকের ব্যথা। রোগযন্ত্রণা ভুলে যাওয়ার মোক্ষম দাওয়াই হতে পারত জয়। সেটি না পাওয়ার হতাশার মধ্যেও সাব্বির গর্ব করছেন দলের পারফরম্যান্সে-আমরা কিন্তু ভালো খেলেছি।

বলতে বলতেই পেছন ফিরে তাকাতে হলো সাব্বিরকে। কোর্টনি ওয়ালশ যে ডাকছেন। কপট গম্ভীর মুখে ওয়ালশ সাব্বিরকে বললেন, ‘কাল নেটে তোমাকে বোলিং করেছি, এ কারণেই তুমি এত ভালো খেলেছ।’ সাব্বিরের পাল্টা প্রশ্ন, ‘স্যার, আজ কেন তাহলে করলেন না?’ ওয়ালশ তাঁর বিখ্যাত ভুরু নাচানোর ভঙ্গি করে বললেন, ‘সেটি তোমায় পরে বলব।’

যা তখনই বলে ফেলতে পারলেন, তা হলো ‘দারুণ একটি টেস্ট হয়েছে। সুপার টেস্ট।’ বাংলাদেশের বোলিং কোচ টেস্ট খেলেছেন ১৩২টি। দেখেছেনও কম নয়। চট্টগ্রাম এমনই এক টেস্টের সাক্ষী হয়ে থাকল, যেটি ওয়ালশের কাছেও আলাদা হয়ে থাকছে।

কার কাছে নয়? বাংলাদেশ না হয় এমন টেস্ট কালেভদ্রে খেলে। কিছুদিন আগেও টেস্টের এক নম্বর দল ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুকও তো একই রকম আপ্লুত। হেরে যাওয়ার দুঃখ বুকে চেপে ‘কী খেলাটাই না হলো’ অনুভূতিতে আচ্ছন্ন মুশফিকুর রহিমও।

স্কোরকার্ড বলবে, ইংল্যান্ড ২২ রানে জয়ী। কিন্তু এই ম্যাচে আসল জয়ীর নাম তো অন্য।

টেস্ট ক্রিকেট!

ইংল্যান্ড: ২৯৩ ও ২৪০

বাংলাদেশ: ২৪৮ ও ২৬৩

ফল: ইংল্যান্ড ২২ রানে জয়ী