হাঁসফাঁস করছে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় ইনিংসেও লঙ্কান বোলারদের মধ্যে সবচেয়ে সফল হেরাথ, নিয়েছেন ৪ উইকেট। ছবি: রয়টার্স
দ্বিতীয় ইনিংসেও লঙ্কান বোলারদের মধ্যে সবচেয়ে সফল হেরাথ, নিয়েছেন ৪ উইকেট। ছবি: রয়টার্স

তথ্য-পরিসংখ্যান কোনোটিই পাকিস্তানের পক্ষে নেই। চতুর্থ দিন শেষে মনে হচ্ছে, নিয়তিও বোধ হয় পক্ষে নেই পাকিস্তানের! শেষ দিনে তুলতে হবে ১৪৪ রান, হাতে মাত্র ৩ উইকেট। তাহলে কি কলম্বো টেস্টে পরাজয়ের সামনে মিসবাহ-উল-হকের দল?
এ উত্তর পেতে আরেক দিনের অপেক্ষা। তবে পরিসংখ্যান বলছে, ম্যাচ তথা সিরিজ বাঁচাতে অলৌকিক কিছু করতে হবে পাকিস্তানকে। সে অলৌকিক কিছু করার স্বপ্ন দেখাচ্ছেন প্রথম ইনিংসে পাকিস্তানের সফল ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। আগের দিনের ২ উইকেটে ১৭৭ রানের সঙ্গে ৮ উইকেটে ১০৫ রান যোগ করে শ্রীলঙ্কা অলআউট ২৮২ রানে। পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ২৭১। ব্যাট করতে নেমে ৫০ রানে ৫ উইকেটে পড়ে যাওয়ার পর আসাদ শফিককে নিয়ে লড়াই চালান প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান সরফরাজ। দুজনের ষষ্ঠ উইকেট জুটিতে এসেছে সর্বোচ্চ ৫৫। হেরাথের বলে ৩২ রানে শফিক ফিরে গেলেও দিন শেষে ৩৮ রানে উইকেটে থেকে আশার সলতে জ্বালিয়ে রেখেছেন সরফরাজ।
তবে পাকিস্তানে এ আশা পূরণ হওয়া খুব কঠিনই বটে। কেন? সিংহলিজ স্পোর্টস ক্লাবে ২০০-এর বেশি লক্ষ্য তাড়া করে জেতার রেকর্ড কেবল একটি। জিম্বাবুয়ের বিপক্ষে ১৯৯৮ সালের জানুয়ারিতে ৫ উইকেটে ৩২৬ রান করে জিতেছিল শ্রীলঙ্কা। অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ২০০-এর বেশি রান তাড়া করে জেতার রেকর্ড পাকিস্তানের মাত্র একটি। এ বছরের জানুয়ারিতে শারজায় প্রায় অন্ধকারে ৩০২ রান করে জিতেছিলে মিসবাহর দল।
রেকর্ড যে মিথ্যা বলছে না সেটা পাকিস্তানের স্কোরেই প্রমাণ। শেষ তিন উইকেট হাতে নিয়ে এখনো পাড়ি দিতে হবে বহু পথ।
দ্বিতীয় ইনিংসেও লঙ্কান বোলারদের মধ্যে সবচেয়ে সফল হেরাথ। তুলে নিয়েছেন ৪ উইকেট। শ্রীলঙ্কার সামনে ম্যাচ তো বটে পাকিস্তানকে ধবলধোলাই করারও অপূর্ব সুযোগ। তার চেয়ে বড় সুযোগ, লঙ্কান ক্রিকেটের মহিরুহ মাহেলা জয়াবর্ধনের বিদায়টা অর্থপূর্ণ, রঙিন করে তোলার। সেই পথেই হাঁটছে অ্যাঞ্জেলা ম্যাথুসের দল। সূত্র: ক্রিকইনফো ও টেনক্রিকেট