হাওয়েল-নাসুমদের দুর্দান্ত চট্টগ্রামের সামনে বিবর্ণ তামিম-রাসেলদের ঢাকা

দাপুটে জয় পেয়েছে চট্টগ্রামছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্যকর তিনটি ঝোড়ো ইনিংস, আঁটসাঁট বোলিংয়ে গুরুত্বপূর্ণ সময়ে পাওয়া উইকেটের সঙ্গে দারুণ ফিল্ডিং—চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দেখাল সবই। অন্যদিকে মিনিস্টার ঢাকার সর্বোচ্চ ইনিংসটি ১১৫.৫৫ স্ট্রাইক রেটের। সে সঙ্গে ছিল পিচ্ছিল ফিল্ডিং, বোলারদের চাপ ধরে রাখতে না পারা। আজ রাতে মেহেদী হাসান মিরাজের চট্টগ্রামের দাপুটে পারফরম্যান্সের সামনে বিবর্ণই ছিল মাহমুদউল্লাহর ঢাকা।

১৬২ রান তাড়া করতে নেমে নাসুম আহমেদ, শরীফুল ইসলামের তোপের মুখে পড়ে ঢাকা। ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন নাসুম, প্রথম ওভারে ১৫ রান দেওয়া শরীফুল বোলিং শেষ করেছেন ৩৪ রানে ৪ উইকেট নিয়ে। তামিম ইকবালের ৪৫ বলে ৫২ রানের ইনিংস শেষ পর্যন্ত ব্যবধান কমাতেই শুধু প্রভাব ফেলেছে। ৩০ রানের জয়ে প্রথম পয়েন্টের দেখা পেয়েছে চট্টগ্রাম, টানা দুই হারে শুরু হলো ঢাকার।

আজ রান পেয়েছেন জ্যাকস
ছবি: প্রথম আলো

কুয়াশাভেজা যে উইকেটে দিনে ধুঁকেছেন সিলেট ও কুমিল্লার ব্যাটসম্যানরা, সন্ধ্যায় শিশিরের প্রভাবে বদলে গেল সেটিই। টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে উইল জ্যাকস, মাঝে সাব্বির রহমান, শেষে বেনি হাওয়েল—তিনজনের তিনটি ইনিংসে ১৬১ রান পর্যন্ত যায় চট্টগ্রাম।

তৃতীয় ওভারের প্রথম বলে রুবেল হোসেনকে বড় শটের চেষ্টায় ব্যর্থ হয়ে এলবিডব্লু হন কেনার লুইস। তবে সেটা কোনো প্রভাব ফেলেনি জ্যাকসের ব্যাটিংয়ে। প্রথম ২ ওভারে ৪ বল খেলে একটি চার মেরেছিলেন, লুইসের আউট হওয়ার ওভারের শেষ দুই বলে মারেন আরও দুটি। ইসুরু উদানার করা পরের ওভারে তোলেন ১৫ রান।

গুরুত্বপূর্ণ কিছু রান এনে দিয়েছেন সাব্বির
ছবি: প্রথম আলো

অন্যদিকে দুই দফা বাঁচেন আফিফ হোসেন। ১ রানে ডিপ ফাইন লেগে আন্দ্রে রাসেলের হাতে, ২ রানে শর্ট ফাইন লেগে তামিম ইকবালের হাতে। তামিম তিন দফা চেষ্টা করেও নিতে পারেননি সহজতম ক্যাচগুলোর একটি। আফিফ সুযোগ কাজে লাগাতে পারেননি শেষ পর্যন্ত, ১২ বলে ১২ রান করে আরাফাত সানিকে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলতে গিয়ে হয়েছেন স্টাম্পড। অন্যদিকে আক্রমণ চালিয়ে যাওয়া জ্যাকসকে অবশ্য ৩ বল পরই ফিরিয়েছেন শুভাগত হোম। জায়গা বানিয়ে খেলতে গিয়ে বোল্ড হওয়ার আগে ২৪ বলে ৬ চার ও ২ ছয়ে ৪১ রান করেন জ্যাকস।

দ্রুত ২ উইকেট হারানোর সে চাপটা সামাল দিয়েছেন সাব্বির ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দুজনের জুটিতে ৩৪ বলে ৪৪ রান উঠেছে। ঢাকাকে পরের ব্রেকথ্রু দেন অধিনায়ক মাহমুদউল্লাহ। লেগ স্টাম্পের বেশ বাইরের বলটা টেনে মেরেছিলেন মিরাজ, তবে শর্ট ফাইন লেগে নিজের মাথার ওপর থেকে দারুণ ক্যাচ নেন এবার রাসেল। মিরাজ করেন সমানসংখ্যক বলে ২৫ রান।

প্রথম তিন ওভারে ভালো বল করেছেন রুবেল
ছবি: প্রথম আলো

সাব্বির টিকে ছিলেন আরও কিছুক্ষণ। রুবেলকে আড়াআড়ি খেলতে গিয়ে বোল্ড হওয়ার আগে করেন ১৭ বলে ২টি করে চার ও ছয়ে ২৯ রান। এরপর রুবেলের বলে ১ রান করা শামীমের পর উদানার বলে শূন্যতেই ক্যাচ দেন নাঈম। ১১ বলের মধ্যে ৩ উইকেট হারায় চট্টগ্রাম।

হাওয়েল অবশ্য আরেকবার দায়িত্ব নেন চট্টগ্রামকে নিয়ে লাফ দেওয়ার। ১৯তম ওভারে রুবেলকে মারা হাওয়েলের দুই ছয়সহ শেষ ২ ওভারে ওঠে ২৫ রান। শেষ ওভারে ১৪ রান গুনলেও রুবেল ৪ ওভারে দেন মাত্র ২৬ রান, নেন ৩ উইকেট। আর ১৯ বলে ৩৭ রান করে শেষ বলে রান আউট হন হাওয়েল। সোজা খেলেছিলেন, লং–অফে থাকা তামিম দৌড়ে গিয়ে ডাইভ দিয়ে আটকান প্রথমে বলটা। ওপাশ থেকে উদান সেটি রাখেন বাউন্ডারির ভেতরই, সামনে গিয়ে তামিম এরপর সরাসরি থ্রোয়ে ভাঙেন স্ট্রাইক প্রান্তের স্টাম্প।

পঞ্চাশ পেলেও খুব ধীরে ব্যাট করেছেন তামিম
ছবি: প্রথম আলো

ফিল্ডিংয়ে শেষটা ‘মধুর’ হলেও ব্যাটিংয়ে নেমে তামিম শুরুতে ভুগেছেন বেশ। প্রথম ১৫ বলে তামিম করেছিলেন ৩ রান, প্রথম ৩.৩ ওভারে ঢাকার রান ছিল ১০। সেখান থেকে পাওয়ারপ্লেতে ঢাকা তুলল ৪২ রান, তামিমের ছয়টি বাউন্ডারিতে। এর মাঝে শরীফুলের প্রথম ওভারে টানা তিন বলে মেরেছিলেন দুই চার ও এক ছয়।

চট্টগ্রামকে প্রথম ব্রেকথ্রু এনে দেন মুকিদুল ইসলাম, পাওয়ারপ্লের ঠিক পরের ওভারে। তাঁর অফ স্টাম্পের বাইরের বলে ব্যাচ চালিয়ে থার্ডম্যানে ধরা পড়েন শেহজাদ (৯), আগের দিনের মতো আজ আক্রমণাত্মক শুরুটা করতে পারেননি আফগান ওপেনার। তামিম অবশ্য পেয়েছেন টানা দ্বিতীয় অর্ধশতক, এবার ৪২ বলে পূর্ণ করেছেন ক্যারিয়ারের ৪২তম অর্ধশতকটি। এ ইনিংসের পথে মুশফিকুর রহিমকে টপকে (২২৮০) বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়ে গেছেন তামিম।

ম্যাচসেরা নাসুম
ছবি: প্রথম আলো

ঢাকার উদ্বোধনী ব্যাটসম্যান ফিরেছেন বড় অসময়ে। শরীফুলকে জায়গা বানিয়ে খেলতে গিয়ে বোল্ড হওয়ার আগে করেছেন ৪৫ বলে ৫২ রান। এক বল পর জহুরুল ইসলামকেও ক্যাচ বানিয়েছেন শরীফুল। সে ওভারেই ঢাকার প্রয়োজনীয় রানরেট উঠে গেছে ১০-এর ওপরে। ১৪তম ওভারে নাসুম জোড়া আঘাত করলে ঢাকার কাজটা কঠিন হয়ে যায় আরও—নাঈম উইকেটের পেছনে ক্যাচ দেন, অধিনায়ক মাহমুদউল্লাহ ক্যাচ দেন লং–অনে।

ঢাকার শেষ আশা হয়ে ছিলেন আন্দ্রে রাসেল। মুখোমুখি হওয়া সপ্তম বলে শরীফুলকে মিডউইকেট দিয়ে মারা ছয়টি ছিল তাঁর প্রথম বাউন্ডারি। পরের বলেই মারেন আরেকটি চার। ঠিক পরের ওভারেই নাসুমের ঝুলিয়ে দেওয়া বলে ক্যাচ তোলেন, মিডউইকেট থেকে ছুটে এসে নেন সেটি শামীম হোসেন। শরীফুলের শেষ ওভারে এরপর আরাফাত সানির রান আউটসহ আসে ৩ উইকেট। শেষ ওভারের পঞ্চম বলে নাঈমের বলে রুবেল স্টাম্পিং হলে থামতে হয় ঢাকাকে।

সংক্ষিপ্ত স্কোর
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স:
২০ ওভারে ১৬১/৮ (লুইস ২, জ্যাকস ৪১, আফিফ ১২, সাব্বির ২৯, মিরাজ ২৫, হাওয়েল ৩৭, শামীম ১, নাঈম ০, নাসুম ৮; রুবেল ৩/২৬, সানি ১/২৩, উদানা ১/৩৯, ইবাদত ০/২৬, রাসেল ০/১৭, শুভাগত ১/১৫, মাহমুদউল্লাহ ১/১২)।

মিনিস্টার গ্রুপ ঢাকা: ১৯.৫ ওভারে ১৩১ (তামিম ৫২, শেহজাদ ৯, জহুরুল ১০, নাঈম ৪, মাহমুদউল্লাহ ৫, রাসেল ১২, শুভাগত ১৩, উদানা ১৬, সানি ০, ইবাদত ১*, রুবেল ৬; নাসুম ৩/৯, মিরাজ ০/৩১, শরীফুল ৪/৩৪, মুকিদুল ১/২২, হাওয়েল ০/২৭, নাঈম ১/৭)
ফল: চট্টগ্রাম ৩০ রানে জয়ী