হাজার সেঞ্চুরির অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮৭৭ সালে মেলবোর্নে ইতিহাসের প্রথম টেস্টেই সেঞ্চুরি পেয়েছিলেন চার্লস ব্যানারম্যান। আহত হয়ে অবসর নেওয়ার আগে অস্ট্রেলিয়ার ওপেনার করেছিলেন ১৬৫ রান। ৯১ বছর পর সেই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই টেস্ট ইতিহাসের ১০০০তম সেঞ্চুরিটি করেন অস্ট্রেলিয়ার ইয়ান চ্যাপেল। ঘটনাচক্রে ব্যানারম্যানের মতোই ঠিক ১৬৫ রান করেছিলেন চ্যাপেল ভাইদের বড়জন। এবার অস্ট্রেলীয়দের প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। কাল সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই মেলবোর্নেই প্রথম দল হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে হাজারতম সেঞ্চুরিটি পেয়ে গেল অস্ট্রেলিয়া।
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার ১০০০তম সেঞ্চুরিটি করলেন উসমান খাজা। হাজার সেঞ্চুরি পেতে অস্ট্রেলিয়াকে খেলতে হলো ১৭২৫ ম্যাচ। ৯৬৪ সেঞ্চুরি নিয়ে এর পরেই আছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার ১ হাজার সেঞ্চুরির ৮১১টি টেস্টে, ১৮৮টি ওয়ানডেতে ও ১টি টি-টোয়েন্টিতে। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি অস্ট্রেলীয়দের হলেও আলাদাভাবে টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি কোনো সংস্করণেই অস্ট্রেলিয়ার নাম সবার ওপরে নেই।
আন্তর্জাতিক ক্রিকেটে বিভিন্ন দেশের সেঞ্চুরি
ম্যাচ সেঞ্চুরি
অস্ট্রেলিয়া ১৭২৫ ১০০০
ইংল্যান্ড ১৭০৪ ৯৬৪
ভারত ১৪৪৩ ৬৮৮
ওয়েস্ট ইন্ডিজ ১৩১৭ ৬২৯
পাকিস্তান ১৩৪৫ ৫৪৩
দ. আফ্রিকা ১০২৬ ৫০১
শ্রীলঙ্কা ১০৭৭ ৩৯৩
নিউজিল্যান্ড ১১৮৩ ৩৭৭
জিম্বাবুয়ে ৬০৬ ১০৭
বাংলাদেশ ৪৫১ ৭৭